সার্বভৌমত্ব রক্ষায় ‘বাংলাদেশ সবার আগে’ নীতির ঘোষণা বিএনপির
- Details
- by ২৪ ডেস্ক
জাতীয় সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ‘বাংলাদেশ সবার আগে’ নীতির ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির মতে, আন্তর্জাতিক সব সম্পর্ক ও সম্পৃক্ততার মূলে থাকবে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রকাশিত নির্বাচনী ইশতেহারে পররাষ্ট্রনীতির এই নতুন রূপরেখা তুলে ধরে দলটি।

রোহিঙ্গা সংকট নিরসনকে পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে উল্লেখ করেছে বিএনপি। ইশতেহারে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, ১৯৭৮ ও ১৯৯২ সালে বিএনপি সরকার সফলভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করেছিল। গত আট বছরে এই সংকট সমাধানে অগ্রগতির অভাবের জন্য জনগণের ম্যান্ডেটবিহীন সরকারকে দায়ী করে দলটি জানায়, আগামীতে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকারসহ নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা হবে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ার কথা বলা হলেও জাতীয় স্বার্থে কোনো ছাড় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি। বিশেষ করে পদ্মা, তিস্তাসহ সব আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বা হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থান বজায় রাখার কথা জানিয়েছে দলটি।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশি মিশনগুলোর সক্ষমতা বাড়াতে জনবল নিয়োগ ও প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে ইশতেহারে। পাশাপাশি কূটনৈতিক হাতিয়ার হিসেবে ‘সফট পাওয়ার’ ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাদের। ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা বিনিময় কর্মসূচির মাধ্যমে গবেষক, লেখক ও তরুণ প্রজন্মকে বিশ্বমঞ্চে যুক্ত করা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর পুঁজি এবং বাংলাদেশের মানবসম্পদকে কাজে লাগিয়ে যৌথ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খাদ্য নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর ও সামরিক প্রশিক্ষণের মতো ক্ষেত্রগুলোতে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
অর্থনৈতিক কূটনীতির প্রসারে নতুন নতুন বাজার অনুসন্ধান ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করার উদ্যোগ নেবে বিএনপি। বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং শিল্পখাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়েও ইশতেহারে বিস্তারিত রূপরেখা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিএনপি স্পষ্ট করেছে যে, তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং নিজের দেশের বিষয়েও বাইরের হস্তক্ষেপ মেনে নেবে না।
প্রধান বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্যে বৈচিত্র্য আনতে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলটির। এছাড়া বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে চায় বিএনপি। জলবায়ু দুর্যোগ মোকাবিলা, সামুদ্রিক নিরাপত্তা, নৌ চলাচলের স্বাধীনতা এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতে আঞ্চলিক কৌশলগত অংশীদারত্ব জোরদার করার মাধ্যমেই আগামীর পথচলা নির্ধারণ করা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.