হাসনাতের বিরুদ্ধে কারচুপির অভিযোগে পুনর্নির্বাচন চান জসিম
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে কুমিল্লা-৪ আসনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি জোট ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন। একই সঙ্গে তিনি নিরপেক্ষ প্রশাসনের অধীনে এই আসনে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জসিম উদ্দিন অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা নির্বাচনের আগে ও ভোটের দিন প্রভাব বিস্তার করে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছেন। তিনি জানান, সুবিল ও মোহনপুর ইউনিয়নে অবৈধ অর্থ বিতরণের সময় স্থানীয় জনতা কয়েকজনকে হাতেনাতে আটক করে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে জামায়াতের ক্যাডারদের নিয়ে অস্ত্র প্রদর্শনের অভিযোগও করেন তিনি।
জসিম উদ্দিন বলেন, গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামে অস্ত্রসহ সোহেল রানা ও আলমগীরসহ মোট আটজনকে আটকের ঘটনা ঘটেছে। এত কিছুর পরও তিনি নির্বাচনের মাঠে ছিলেন। কিন্তু ভোটের দিন তার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়া হয়। তাঁর ভাষ্যমতে, কতিপয় প্রিজাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করে ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে ব্যালট বাক্সে আগে থেকে সিল মারা ব্যালট ঢোকানো হয়েছে।
ফলাফলের অসংগতি তুলে ধরে এই প্রার্থী বলেন, বিএনপি সমর্থিত প্রার্থী হয়েও তাকে নিজের কেন্দ্রে পরাজিত দেখানো হয়েছে। এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাতের নিজ কেন্দ্র গোপালনগরে তাকে কোনো ভোটই দেখানো হয়নি, যা ‘হাস্যকর ও অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন তিনি। এসব অনিয়মের প্রতিবাদেই তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন আরও অভিযোগ করেন, তার সমর্থকদের মারধর ও ভয়ভীতি দেখানো হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট প্রার্থীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগ এবং ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার ঘটনাও ঘটেছে। তিনি জানান, অস্ত্রসহ সন্ত্রাসী আটক, টাকা বিতরণের ভিডিও ভাইরাল এবং এজেন্টদের বের করে দেওয়ার বিষয়গুলো নির্বাচনের দিন প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। দেশবাসী ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ প্রহসনের নির্বাচন, সূক্ষ্ম ভোট ডাকাতির নির্বাচন ও সন্ত্রাস-কালো টাকায় প্রভাবিত নির্বাচন বাতিল করে পুনরায় ভয়ভীতিহীন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।’
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল হোসেন বেগ, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের মজুমদার ও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল মোল্লাসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.