আপনি পড়ছেন

মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধী চক্রের প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস ‘এল মেনচো’ নামে পরিচিত। তিনি রোববার (২২ ফেব্রুয়ারি) নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

মাদকসম্রাট এল মেনচো নিহতের পর মেক্সিকোজুড়ে ব্যাপক সহিংসতা
নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস ওরফে এল মেনচো

মেক্সিকোর জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার জালিস্কোর তাপালপা শহরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হন এল মেনচো। পরে রাজধানী মেক্সিকো নগরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এল মেনচোর মাথার দাম হিসেবে যুক্তরাষ্ট্র এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের পরপরই জালিস্কো, কোলিমা, মিচোয়াকান, নায়ারিত, গুয়ানাহুয়াতো ও তামাউলিপাসসহ অন্তত ছয়টি রাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে। জালিস্কোর রাজধানী গুয়াদালাহারায় আসন্ন ফুটবল বিশ্বকাপের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার রাতে জায়গাটি প্রায় জনশূন্য হয়ে পড়ে। আতঙ্কে সাধারণ মানুষ ঘরবন্দি হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যে দেখা যায়, গুয়াদালাহারা বিমানবন্দরে মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে এবং পর্যটন নগরী পুয়ের্তো ভালিয়ার্তার আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। জালিস্কোর গভর্নর পাবলো লেমুস বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেন এবং গণপরিবহন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। কয়েকটি রাজ্যে সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক কার্যক্রম চলছে।

৫৯ বছর বয়সী এল মেনচো সাম্প্রতিক সময়ে নিহত বা গ্রেপ্তার হওয়া সবচেয়ে প্রভাবশালী মাদক সম্রাটদের একজন। এর আগে সিনালোয়া চক্রের প্রতিষ্ঠাতা হোয়াকিন গুজমান (এল চাপো) এবং ইসমায়েল সামবাদা গ্রেপ্তার হন। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে।

রোববারের অভিযানে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তথ্য সহায়তা দিয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। অভিযানে এল মেনচোর সংগঠনের চার সদস্য নিহত হয়। আটক হয়েছে কয়েকজন। সাঁজোয়া যান, রকেট নিক্ষেপযন্ত্র ও বিপুল অস্ত্র জব্দ করা হয়েছে। অভিযানে সশস্ত্র বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, এল মেনচোর মৃত্যুর ফলে সংগঠনের ভেতরে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হতে পারে। তার ভাই ও ছেলে কারাগারে রয়েছেন। ফলে আঞ্চলিক নেতাদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হলে নতুন করে সহিংসতা বাড়তে পারে। অতীতে এল চাপো গ্রেপ্তারের পর সিনালোয়া চক্রের বিভিন্ন অংশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত দেখা দিয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, শুধু শীর্ষ নেতাকে হত্যা বা গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না। সংগঠনের অর্থপাচার, অস্ত্র সরবরাহ ব্যবস্থা ও সশস্ত্র শাখাগুলো ভেঙে দিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে মাদকের চাহিদা কমানো ও অস্ত্র পাচার রোধে যথেষ্ট উদ্যোগ না নেওয়ার অভিযোগও রয়েছে। প্রতিবছর বিপুল পরিমাণ অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে প্রবেশ করে। পাশাপাশি মাদকাসক্তি প্রতিরোধ ও চিকিৎসা কর্মসূচিও জোরদার করা হয়নি বলে সমালোচকরা মনে করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.