আপনি পড়ছেন

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। আজ শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে তিনি পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, সীমান্তে তীব্র লড়াই
ছবি- রয়টার্স

এদিকে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবে তারা সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তান বলেছে, তাদের বাহিনীও পাল্টা জবাব দিয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত একটি সামরিক কোরের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, পাকিস্তানি বাহিনী নানগারহার ও পাকতিয়া প্রদেশে সাম্প্রতিক বিমান হামলা চালানোর পর বৃহস্পতিবার গভীর রাতে তীব্র সংঘর্ষ শুরু হয়।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পাকিস্তানি সামরিক মহল বারবার উসকানি ও লঙ্ঘনের জবাবে ডুরান্ড লাইনের বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনায় বৃহৎ পরিসরের হামলা শুরু করা হয়েছে।

দুই প্রতিবেশী দেশের সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে তলানিতে ঠেকেছে। ২ হাজার ৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। এই সীমান্তের বিভিন্ন স্থলপথ গত অক্টোবরের প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে বেশিরভাগ সময় বন্ধ রয়েছে। ওই সংঘর্ষে দুই পক্ষ মিলিয়ে ৭০ জনের বেশি নিহত হন।

আফগানিস্তানের এক সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় ১০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং ১৩টি চৌকি দখল করা হয়েছে। তালেবান বলছে, রোববার সীমান্তে পাকিস্তানের হামলার প্রতিশোধ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পাকিস্তান দাবি করেছিল, ওই হামলায় তাদের বাহনিীর অন্তত ৭০ সদস্য যোদ্ধা নিহত হয়েছেন। তবে আফগানিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, সেখানে নারী ও শিশুসহ বেসামরিক লোকজন নিহত হয়েছেন।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বৃহস্পতিবার এক্সে জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন সেক্টরে তালেবান বাহিনীর গুলিবর্ষণের জবাবে পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। মন্ত্রণালয় দাবি করে, চিত্রাল, খাইবার, মহমন্দ, কুররাম ও বাজাউর এলাকায় তালেবান বাহিনীকে শাস্তি দেওয়া হচ্ছে এবং প্রাথমিক তথ্যে আফগান পক্ষের ব্যাপক হতাহতের পাশাপাশি একাধিক পোস্ট ও সরঞ্জাম ধ্বংসের কথা নিশ্চিত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি এক্সে বলেন, কোনো পাকিস্তানি চৌকি দখল বা ক্ষতিগ্রস্ত হয়নি এবং উসকানিমূলক তালেবান আগ্রাসনের জবাবে পাকিস্তানি বাহিনী সীমান্তজুড়ে ভারী ক্ষয়ক্ষতি করেছে। শুক্রবার ভোরে তিনি জানান, পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে; এতে ১৩৩ জন আফগান তালেবান সদস্য নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া ২৭টি আফগান তালেবান পোস্ট ধ্বংস ও ৯টি দখলের কথাও বলেন। তবে ১০ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার আফগান দাবির বিষয়ে তিনি মন্তব্য করেননি।

পাকিস্তানের হতাহতের দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি আফগান কর্তৃপক্ষ। এদিকে কাবুলে অন্তত একটি জোরালো বিস্ফোরণের শব্দ ও উড়োজাহাজের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

সীমান্ত উত্তেজনার মূলে রয়েছে নিরাপত্তা ইস্যু। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তান তাদের মাটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত পাকিস্তান তালেবানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। ২০০৭ সালে পাকিস্তানের উপজাতীয় এলাকায় টিটিপির উত্থান ঘটে। সংগঠনটি আফগান তালেবান থেকে পৃথক হলেও তাদের মধ্যে আদর্শিক, সামাজিক ও ভাষাগত ঘনিষ্ঠতা রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাধীন সংঘাত পর্যবেক্ষক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক পার্ল পান্ডিয়া আল জাজিরাকে বলেন, ‌ঝুঁকিপূর্ণ ও ছিদ্রযুক্ত সীমান্ত জঙ্গিদের সামরিক চাপের মুখে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সুযোগ দেয়। তিনি বলেন, আফগান তালেবান টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অনিচ্ছুক— আংশিকভাবে দুই গোষ্ঠীর পূর্বের সম্পর্কের কারণে এবং আংশিকভাবে এই আশঙ্কায় যে, টিটিপি যোদ্ধারা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট খোরাসান প্রদেশে যোগ দিতে পারে।

পান্ডিয়া জানান, ২০২৫ সাল এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে সহিংস বছরগুলোর একটি ছিল। সে বছর পাকিস্তানজুড়ে টিটিপিকে ঘিরে এক হাজারের বেশি সহিংস ঘটনার রেকর্ড করেছে সংস্থাটি। ২০২৬ সালের প্রবণতাও গত বছরের একই সময়ের তুলনায় সমান বা কিছুটা বেশি বলে মনে হচ্ছে। তালেবান অবশ্য পাকিস্তানের এ অভিযোগ অস্বীকার করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.