‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা পাকিস্তানের, পাল্টা হুঁশিয়ারি আফগান সেনাপ্রধানের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন। এর মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেনা সদর দপ্তর পরিদর্শন করে সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের আগ্রাসন বরদাশত করা হবে না। ইসলামাবাদে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের ঘোষণা দেন। শাহবাজ শরিফ বলেন, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় সর্বদা প্রস্তুত এবং তারা জানে কীভাবে আগ্রাসনের জবাব দিতে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মাতৃভূমির রক্ষায় কোনো আপস করা হবে না এবং প্রতিটি আগ্রাসনের শক্ত জবাব দেওয়া হবে। শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক পোস্টে লেখেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।’ এর আগে পাকিস্তানের পক্ষ থেকে ‘অপারেশন গজব লিল–হক’ নামে সামরিক অভিযানের কথা জানানো হয়।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দাবি করেছে, তাদের সামরিক অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জানান, অভিযানে চার শতাধিক আফগান সেনা আহত হয়েছেন। এছাড়া তালেবানের ৭৩টি চৌকি ধ্বংস এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি ১১৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান।
ইসলামাবাদের এমন দাবির বিপরীতে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন আফগানিস্তানের সেনাপ্রধান ফসিউদ্দিন ফিতরাত। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে পাকিস্তান ‘আরও শক্তিশালী এবং দৃঢ় ও কার্যকর জবাব’ পাবে। অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান বারবার যুদ্ধবিরতির অনুরোধ জানালেও তারা হামলা অব্যাহত রেখেছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের হাত তাদের গলা পর্যন্ত পৌঁছাতে পারে।’
আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের হতাহতের পরিসংখ্যান প্রত্যাখ্যান করে পাল্টা দাবি করেছে। তাদের মতে, আফগান বাহিনীর প্রতিশোধমূলক হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং ১৯টি সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে। তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাত থেকে শুরু হওয়া এই লড়াইয়ে তাদের মাত্র ৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। যদিও পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তাদের ১২ জন সেনা নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। আফগান রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, পাকতিকায় পাকিস্তানের বিমান হামলায় এক নারী ও দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া তোরখাম সীমান্তেও গুলির শব্দ ও মর্টার হামলার খবর পাওয়া গেছে। আফগান সেনারা সীমান্তের দিকে অগ্রসর হচ্ছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে উল্লেখ করা হয়েছে।
দুই প্রতিবেশী দেশের এই চরম উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আফগানিস্তানে ভ্রমণে নাগরিকদের জন্য লেভেল–৪ সতর্কতা জারি রেখেছে। চীন ও রাশিয়া উভয় পক্ষকেই সংযত হওয়ার এবং আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সীমান্তে শান্তি বজায় রাখা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার তাগিদ দিয়েছেন।
উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রমজান মাসের পবিত্রতা রক্ষায় উভয় দেশকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আফগানরা সাহসের সঙ্গে যেকোনো আগ্রাসনের জবাব দেবে।
কাবুলের দাশতি বারচি এলাকার বাসিন্দারা রাতের অন্ধকারে বিমান হামলার ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দে তার বাড়ি প্রচণ্ডভাবে কেঁপে উঠেছিল, যা প্রথমে ভূমিকম্প মনে হয়েছিল। পরে মাথার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দে তারা বুঝতে পারেন এটি পাকিস্তানের হামলা। ভয়ে ওই এলাকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে বলে জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.