আপনি পড়ছেন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৩ মার্চ মঙ্গলবার থেকে যাত্রীরা ঈদযাত্রার অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে এবারের ঈদে পরিবহন ভাড়ার বিষয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন সরকার। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সাফ জানিয়ে দিয়েছেন, ঈদযাত্রায় কোনোভাবেই বাড়তি ভাড়া আদায় করা যাবে না।

বাড়তি ভাড়া আদায়ে কঠোর ব্যবস্থা, মঙ্গলবার থেকে মিলবে অগ্রিম টিকিট
ছবি - সংগৃহীত

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় টিকিট বিক্রির এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ মার্চ সকাল থেকেই কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে। যাত্রীরা ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ভ্রমণের জন্য নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের পছন্দমতো বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।

অন্যদিকে, একই দিন সকালে নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিবহন সেক্টরে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— কোনও ভাড়া বাড়বে না। কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, সড়কে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী জানান, এবারের যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। যেসব স্থানে সমস্যার আশঙ্কা রয়েছে, সেগুলো আগে থেকেই চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গতবারের তুলনায় এবার সংশ্লিষ্ট সকলে অবাধ ঈদযাত্রা নিশ্চিত করতে অধিক তৎপর থাকবেন।

এর আগে মন্ত্রী লাইটার জাহাজে ভোগ্যপণ্য পরিবহন ও খালাস পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ‘লাইটার জাহাজে ভোগ্যপণ্য রাখা হয় কি না এটা দেখার জন্য এসেছি। লাইটার জাহাজে গম পেয়েছি।’ এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। উল্লেখ্য, এদিন মন্ত্রী নারায়ণগঞ্জ টার্মিনাল ছাড়াও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন করেন। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.