আপনি পড়ছেন

দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের ঋণখেলাপির চিত্র তুলে ধরে জাতীয় সংসদে শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এসব প্রতিষ্ঠানের ঋণের নির্দিষ্ট অঙ্ক ও মালিকদের পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করা হয়নি, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

শীর্ষ ২০ খেলাপির তালিকায় কারা, সংসদে জানালেন অর্থমন্ত্রী
জাতীয় সংসদ ভবন

সংসদের প্রশ্নোত্তর পর্বে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা। একই সঙ্গে বর্তমান সংসদ সদস্য ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি টাকার বেশি।

সোমবার (৬ এপ্রিল) অর্থমন্ত্রীর দেওয়া তালিকায় থাকা শীর্ষ ২০টি প্রতিষ্ঠান হলো—এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস. আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড , এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি., গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি., চেমন ইসপাত লি., এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লি., ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাজট্রিজ লি., কেয়া কসমেটিকস লি., দেশবন্ধু সুগার মিলস লি., পাওয়ার প্যাক মুতিয়ারা কেরাণীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লি., পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লি., প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি., কর্ণফুলি ফুডস (প্রা.) লি., মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লি. এবং রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।

প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা যায়, শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১১টির মালিকানা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের হাতে। গ্রুপটির কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম। তালিকার শীর্ষ পাঁচটিসহ একাধিক অবস্থানে তাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে।

এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভোজ্যতেল, চিনি, ইস্পাত ও বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি অন্তর্ভুক্ত। ব্যাংক খাত থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার পর সেগুলোর একটি বড় অংশই খেলাপিতে পরিণত হয়েছে বলে সংসদে উল্লেখ করা হয়।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান, যার সঙ্গে সংশ্লিষ্ট আছেন সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। একই তালিকায় তার আরেকটি প্রতিষ্ঠানও রয়েছে।

এছাড়া কেয়া কসমেটিকস, দেশবন্ধু গ্রুপ, সিকদার গ্রুপের বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (সিটিসেল) এবং রংধনু গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামও উঠে এসেছে।

এদের মধ্যে কেউ কারাগারে আছেন, আবার কেউ দেশত্যাগ করে পলাতক এমন তথ্যও বিভিন্ন সূত্রে জানা গেছে।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্যে উঠে এসেছে, শীর্ষ খেলাপিদের অধিকাংশ ঋণ কেন্দ্রীভূত হয়েছে ইসলামী ব্যাংকসহ একাধিক বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। জনতা, অগ্রণী, ন্যাশনাল, আইএফআইসি, এবি, পূবালী ও সাউথইস্ট ব্যাংকও এই বড় ঋণের সঙ্গে জড়িত।

খেলাপি ঋণের চাপ সামাল দিতে ইতোমধ্যে পাঁচটি ইসলামী ধারার ব্যাংক একীভূত করে একটি সম্মিলিত ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যদিও সরকার শীর্ষ খেলাপিদের তালিকা প্রকাশ করেছে, তবে ঋণের নির্দিষ্ট পরিমাণ ও মালিকানার পূর্ণাঙ্গ তথ্য গোপন রাখায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, খেলাপি ঋণ পুনরুদ্ধার এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে আরও বিস্তারিত তথ্য প্রকাশ জরুরি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.