ইরানের সঙ্গে আলোচনায় যা চেয়েছিল যুক্তরাষ্ট্র, যে কারণে ভেস্তে যায় চুক্তি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বেশ কয়েকটি অমীমাংসিত ইস্যুর কারণে একটি সম্ভাব্য চুক্তি ভেস্তে গেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুদ্ধরত দুই পক্ষের মধ্যে আলোচনার পর এই পরিণতি দেখা যায়। গত ৮ এপ্রিল থেকে এই দুই দেশের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি চলছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ১৬ ঘণ্টাব্যাপী এই আলোচনাকে ‘ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেছেন। তবে ইরানের পরমাণু কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটন ও তেহরান এখনো বিপরীত মেরুতে অবস্থান করছে। এ ছাড়া, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং চুক্তির আওতায় দেশটির জব্দ করা তহবিলের ঠিক কত অংশ ছাড় দেওয়া হবে, তা নিয়েও মতবিরোধ রয়েছে।
সাপ্তাহিক ছুটির দিনে ইসলামাবাদে ইরানের শীর্ষ আইনপ্রণেতা মোহাম্মদ-বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জেডি ভ্যান্স ও তার দল। ১৯৭৯ সালের পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে আলোচনায় মূল ফারাক ছিল যুক্তরাষ্ট্রের কয়েকটি দাবি। ওয়াশিংটন দাবি করেছিল, ইরানকে সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে হবে এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, হামাস, হিজবুল্লাহ এবং হুথির মতো গোষ্ঠীগুলোকে সব ধরনের অর্থায়ন বন্ধ করতে তেহরানের ওপর চাপ প্রয়োগ করেছে ওয়াশিংটন।
এ ছাড়া মার্কিন প্রতিনিধি দল দাবি করে, ইরানকে কোনো ধরনের টোল বা বিধিনিষেধ আরোপ ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামাবাদে আলোচনার সময় আরেকটি বড় বাধা ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাত্রা এবং সময়সীমা। বিশেষ করে কোনো চুক্তির অধীনে ইরানের জব্দ করা আর্থিক সম্পদের কতটুকু ছাড় দেওয়া হবে, তা নিয়ে মতবিরোধ দেখা দেয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরই এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়।
নিজ দেশে রওনা দেওয়ার আগে ইসলামাবাদে সাংবাদিকদের জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র একটি প্রতিশ্রুতি চেয়েছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা কোনো অগ্রগতি অর্জন করতে পারিনি।’
অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ জানান, তেহরানের বিশ্বাস অর্জন করা সম্ভব কি না, তা এখন ওয়াশিংটনকেই সিদ্ধান্ত নিতে হবে।
মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স পাকিস্তানে ২১ ঘণ্টা কাটিয়েছেন এবং তিনি যে যুদ্ধের বিরোধিতা করেছিলেন, তা বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। সংবাদমাধ্যমটি জানায়, ভ্যান্স শূন্য হাতে আলোচনা থেকে ফিরেছেন।
পাকিস্তানে ভ্যান্সের সফর কীভাবে শেষ হলো, তার বর্ণনা দিয়ে নিউইয়র্ক টাইমস লিখেছে, ‘এটি মিস্টার ভ্যান্সের জন্য একটি উচ্চ-পর্যায়ের কূটনৈতিক সফরের উল্লেখযোগ্য সমাপ্তি ছিল, যিনি ইরানে সর্বাত্মক যুদ্ধের বিষয়ে নিজের বিরোধিতার কথা জানিয়েছিলেন।’
নিউইয়র্ক পোস্টের তথ্যমতে, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের একটি দাবির ওপর জোর দেওয়া হয়। দাবিটি হলো, ইরানকে আনুমানিক এক হাজার পাউন্ড (৪৫৩.৫ কেজি) সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। এ ছাড়া আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য ইরানকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার দাবিও জানায় ওয়াশিংটন।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যে, ইসলামাবাদে তার দলের মূল মনোযোগ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে। তিনি ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা দিয়ে বলেন, ‘তারা পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে, শুধু এই বিষয়টি ছাড়া আমাদের প্রয়োজনীয় প্রায় প্রতিটি দাবিই পূরণ হয়েছে।’
ইসলামাবাদের আলোচনাকে সত্যিই একটি ভালো বৈঠক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘একটি সমস্যা ছাড়া উভয় পক্ষ ৯৫ শতাংশ বিষয়ে একমত হয়েছে। আর সমস্যাটি হলো তারা পারমাণবিক অস্ত্র পেতে চায়।’
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়। গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে একটি ভঙ্গুর দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যস্থতা হওয়ার আগে এই প্রাণহানির ঘটনা ঘটে।
যুদ্ধ শুরুর পর থেকে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারও আলোচনার সম্ভাব্য কেন্দ্রবিন্দু সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। সিবিএস নিউজকে তিনি জানান, ইরান এবং এর ছায়াগোষ্ঠীগুলোর মধ্যে সম্পূর্ণ বিচ্ছিন্নতা তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের জন্য এই যুদ্ধ শেষ হচ্ছে না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.