গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন: সীমানা বাড়াচ্ছে ইসরায়েল, নতুন করে যুদ্ধের শঙ্কা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে গাজায় নিজেদের নিয়ন্ত্রণ ক্রমশ বাড়াচ্ছে ইসরায়েল। ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা পেরিয়ে নতুন একটি ‘অরেঞ্জ লাইন’ বা কমলা রেখা তৈরি করে গাজার ৬০ শতাংশেরও বেশি এলাকা এখন ইসরায়েলি বাহিনীর দখলে। এর মধ্যেই শনিবার ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, হামাসের অস্ত্র সমর্পণের শর্ত পূরণের অজুহাতে নতুন করে গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর বিষয়টি নিয়ে রোববার আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েলি নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী, গাজার পূর্ব দিকের ইসরায়েলি সামরিক অবস্থান এবং পশ্চিম দিকের ফিলিস্তিনিদের অবস্থানের মধ্যে সীমানা নির্ধারণে ‘ইয়েলো লাইন’ টানা হয়েছিল, যা উপত্যকাটির ৫৩ শতাংশ এলাকা জুড়ে ছিল। তবে সম্প্রতি এই সীমানা আরও পশ্চিম দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম আনাদোলুকে জানান, ইসরায়েল এই রেখা আরও ৮ থেকে ৯ শতাংশ ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, যার ফলে ফিলিস্তিনিদের থাকার জায়গা কমে মাত্র ৩৮ শতাংশে এসে দাঁড়িয়েছে। খননকাজ এবং কংক্রিটের সীমানা নির্দেশক খুঁটি সরানোর মাধ্যমে ইসরায়েল এই ‘অরেঞ্জ লাইন’ তৈরি করেছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নতুন এই সীমানার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এখন আরেকটি রঙের রেখা টানা হয়েছে। আমাদের মানবিক সহায়তাকর্মীদের সামনে একটি কথিত কমলা রেখা উপস্থাপন করা হয়েছে।’
এছাড়া তিনি জানান, মানবিক সহায়তা কর্মীদের এই কমলা রেখার ওপারের এলাকাগুলোতে যাওয়ার আগে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে আগাম সমন্বয় করতে বলা হয়েছে, কারণ সেখানে লড়াইয়ের ঝুঁকি অনেক বেশি।
নতুন এই সীমানা বিস্তারের কারণে খান ইউনিস, পূর্ব গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দারা বারবার বাস্তুচ্যুত হচ্ছেন। সীমানা দখলের পাশাপাশি চলছে ইসরায়েলি বাহিনীর নিয়মিত বিমান ও কামান হামলা। শনিবার গাজার দেইর আল-বালাহ শহরের পূর্বে ড্রোন হামলায় ২৬ বছর বয়সী ফিলিস্তিনি যুবক মুহাম্মদ আল-সায়েদ সুলাইমান সবিতান নিহত হন। এছাড়া খান ইউনিসের উত্তরে ইসরায়েলি গুলিতে আম্মার তালাল আবু শাব নামের আরও এক যুবক প্রাণ হারান। চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, এই হামলাগুলো ইয়েলো লাইনের বাইরের এলাকায় ঘটেছে, যেখানে ফিলিস্তিনিদের থাকার কথা ছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে প্রতিদিনের ইসরায়েলি হামলায় অন্তত ৮২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৩৪২ জন আহত হয়েছেন।
এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই গাজায় নতুন করে যুদ্ধ শুরুর পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, হামাস অস্ত্র সমর্পণের শর্ত মানছে না—এমন দাবি তুলে রোববার ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা এ বিষয়ে বৈঠক করবে। এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে হামাসকে অস্ত্র জমা দেওয়ার জন্য ৬০ দিনের সময় বেঁধে দিয়েছিল ইসরায়েল।
তবে হামাস মধ্যস্থতাকারীদের জানিয়েছে, তারা অস্ত্র নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু তার আগে চুক্তির প্রথম ধাপের শর্ত অনুযায়ী ইসরায়েলকে গাজা থেকে সেনা প্রত্যাহার, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। ইসরায়েলের সামরিক বিশ্লেষক আমোস হারেল দৈনিক হারেৎজ-এ প্রকাশিত এক নিবন্ধে উল্লেখ করেছেন, আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি উত্তপ্ত রাখতে নতুন করে এই যুদ্ধ শুরু করতে পারেন।
কয়েক সপ্তাহ ধরে মিশরের কায়রোতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চললেও তা থমকে আছে। চুক্তি অনুযায়ী গাজায় মানবিক সহায়তা প্রবেশ এবং সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়ার কথা থাকলেও ইসরায়েল তা বাস্তবায়ন করেনি। ফলে সেখানে অবস্থানরত প্রায় ১৯ লাখ বাস্তুচ্যুত মানুষের মানবিক সংকট আরও চরম আকার ধারণ করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দুই বছরের ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজার মানুষ আহত হন। এই দীর্ঘ যুদ্ধে গাজার ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যা পুনর্নির্মাণে প্রায় ৭ হাজার কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.