আমিরাতে ইরানের টানা দ্বিতীয় দিনের হামলা, বিশ্বজুড়ে নিন্দা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতি লঙ্ঘন করে সংযুক্ত আরব আমিরাতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার চালানো এই হামলায় ফুজিরাহ তেল স্থাপনায় আগুন ধরে যায় এবং তিনজন ভারতীয় নাগরিক আহত হন। এই ঘটনার পর বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনগুলো ঠেকাতে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’ দেশের বিভিন্ন স্থানে শোনা যাওয়া শব্দগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব আক্রমণ প্রতিহত করার ফল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে সোমবার চার দফায় আমিরাতে হামলা চালায় ইরান। আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন আটকে দিতে সক্ষম হয়। তবে একটি ড্রোন আমিরাতের পূর্ব উপকূলে অবস্থিত গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র ফুজিরাহ অয়েল ইন্ডাস্ট্রি জোনে আঘাত হানলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ফুজিরাহর কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিই প্রথম বড় ধরনের হামলার ঘটনা। এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সব বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। পাশাপাশি পরিস্থিতি আরও অস্থিতিশীল করতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা। মন্ত্রণালয় আরও জানায়, ওই অঞ্চলে চলমান সংঘাতে এ পর্যন্ত আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘এই কঠিন সময়ে পাকিস্তান আমাদের আমিরাতি ভাই-বোন এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপের পথ সুগম করতে যুদ্ধবিরতি বজায় রাখা এবং এর প্রতি সম্মান প্রদর্শন করা একান্ত প্রয়োজন।’
জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘উত্তেজনা কমাতে টোকিও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে শীর্ষ পর্যায়ের সম্পৃক্ততাসহ ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।’
ভারতের পক্ষ থেকে এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও এই হামলার নিন্দা জানিয়েছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারস ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে বলেন, ‘ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই সংঘাতের কোনো সমাধান হবে না।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জেরে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় তেহরান। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তারা। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় কোনো স্থায়ী চুক্তি পৌঁছানো সম্ভব হয়নি। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট কোনো মেয়াদ ছাড়াই এই যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধি করেন। অন্যদিকে, গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালীতে ইরানের সামুদ্রিক চলাচলের ওপর নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.