আপনি পড়ছেন

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের তৎপরতা চরম আকার ধারণ করেছে। একদিকে আল-আকসা মসজিদের নিকটবর্তী ঐতিহাসিক স্থাপনা দখলের পরিকল্পনা করা হচ্ছে, অন্যদিকে হেবরনে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং সামরিক অবকাঠামো ব্যবহার করে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। শনিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংস্থাগুলো এসব তথ্য প্রকাশ করে।

হেবরনে হামলা ও জেরুজালেমে ঐতিহাসিক সম্পত্তি দখলের পরিকল্পনা ইসরায়েলের
ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, আল-আকসা মসজিদের নিকটবর্তী বাব আল-সিলসিলা এলাকায় ১৫ থেকে ২০টি ফিলিস্তিনি স্থাপনা দখলের পরিকল্পনা করছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিকল্পনাকে নতুন করে ঔপনিবেশিক আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে। এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ রোববার একটি পরিকল্পনা অনুমোদন করতে যাচ্ছে যার লক্ষ্য ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি সম্প্রসারণ করা।’ লক্ষ্যবস্তু করা এলাকাটিতে আইয়ুবীয়, মামলুক এবং অটোমান আমলের ঐতিহাসিক ভবন ও ইসলামি ওয়াকফ সম্পত্তি রয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য জেরুজালেমের পুরোনো শহরকে ইহুদিকরণ এবং ফিলিস্তিনি শূন্য করা বলে ফিলিস্তিনিরা মনে করে।

এদিকে শনিবার পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনের পুরোনো অংশে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা তাণ্ডব চালিয়েছে। তারা ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তিতে হামলা চালায়। ইসরায়েলি বাহিনী পুরো এলাকায় অবস্থান নিয়ে বাসিন্দাদের চলাচলে বাধা দেয়, কয়েকজনকে আটক করে এবং যানবাহন জব্দ করে। এছাড়া দোকান মালিকদের দোকানপাট বন্ধ করতে বাধ্য করা হয়। মানবাধিকার কর্মী আরেফ জাবের সংবাদমাধ্যম আনাদোলুকে জানান, শহরের কেন্দ্রস্থলে এক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনাবাহিনী মারধর ও নির্যাতনের পর ছেড়ে দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হেবরনের দক্ষিণে ওয়াদি আল-রাখিম এলাকায় কৃষি জমিতে গবাদিপশু ছেড়ে দিয়ে এবং কৃষকদের ওপর হামলা চালিয়ে ফসল নষ্ট করেছে ইসরায়েলি নাগরিকরা।

অন্যদিকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ন্যাশনাল ব্যুরো ফর ডিফেন্ডিং ল্যান্ড অ্যান্ড রেসিস্টিং সেটেলমেন্টস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ সামরিক অবকাঠামো এবং দখলি পরোয়ানা ব্যবহার করে অবৈধ বসতি সম্প্রসারণ করছে। এর মাধ্যমে তারা পশ্চিম তীরের ভৌগোলিক মানচিত্র বদলে দিচ্ছে। এই প্রক্রিয়ার আওতায় পরিত্যক্ত সামরিক ঘাঁটিকে বেসামরিক বসতিতে রূপান্তর এবং নতুন রাস্তা তৈরি করে ছোট ফাঁড়িগুলোকে মূল বসতির সঙ্গে যুক্ত করা হচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘সেন্ট্রাল কমান্ডের অধিনায়ক সম্প্রতি আটটি আদেশে স্বাক্ষর করেছেন যার মাধ্যমে বসতি সম্প্রসারণের উদ্দেশ্যে ফায়ারিং জোনের সীমানা পরিবর্তন করা হয়েছে।’

পিএলও-এর তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে নিরাপত্তার অজুহাতে ১৪০টি সামরিক দখলি পরোয়ানা জারি করা হয়েছে, যার ৮১ শতাংশই অবৈধ বসতি স্থাপনের জন্য বরাদ্দ করা হয়েছে। ফিলিস্তিনের পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২৫ সালের শেষ নাগাদ পশ্চিম তীরে ৬৪৫টি অবৈধ ইসরায়েলি বসতি ও সামরিক স্থাপনা ছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে প্রায় ৭ লাখ ৫০ হাজার থেকে ৭ লাখ ৭৮ হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করে।

জাতিসংঘ এই বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিবেচনা করে। ফিলিস্তিনিদের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত অন্তত ১ হাজার ১৫৫ জন নিহত, প্রায় ১১ হাজার ৭৫০ জন আহত এবং ২২ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.