আপনি পড়ছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও কূটনীতিতে গাজা পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ২০২৪ সালের নির্বাচনী পরাজয়ের পর ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) মূল্যায়ন প্রতিবেদনে গাজার উল্লেখ না থাকায় নিজ দলের ভেতরেই তোপের মুখে পড়েছে তারা। অন্যদিকে, গাজায় ত্রাণবাহী ফ্লোটিলার কর্মীদের সঙ্গে ইসরায়েলি মন্ত্রীর অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন এক মার্কিন সিনেটর। এছাড়া, মানবাধিকার লঙ্ঘনের দায়ে এক শীর্ষ তানজানিয়ান পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

গাজা ইস্যুতে নিজ দলেই ডেমোক্র্যাটদের তোপ, তানজানিয়ার পুলিশ কর্মকর্তাকে নিষেধাজ্ঞা
ছবি - সংগৃহীত

ডেমোক্র্যাটিক পার্টির ১৯২ পৃষ্ঠার নির্বাচন-পরবর্তী ‘অটোপসি’ বা মূল্যায়ন প্রতিবেদনে গাজা প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার পর দলটির প্রগতিশীল ও ইসরায়েলপন্থি একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের দাবি, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের পরাজয়ে এই ইস্যুটি বড় ভূমিকা রেখেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না বলেন, ‘ডিএনসির ১৯২ পৃষ্ঠার অটোপসি প্রতিবেদনে গাজার একটি উল্লেখও নেই।’

মিশিগান ও উইসকনসিনে প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, আমাদের পরাজয়ের অন্যতম প্রধান কারণ ছিল ইসরায়েল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেওয়া আমাদের শর্তহীন সমর্থন, যখন তারা একটি গণহত্যা চালিয়েছিল। আমাদের দলকে অবশ্যই মানবাধিকারকে সবার আগে রাখতে হবে।’

প্রতিবেদনটির প্রধান লেখক পল রিভেরার কাছে প্রগতিশীল কর্মীরা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। তারা জানান, ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তরুণ ও প্রগতিশীল ভোটারদের দলকে থেকে দূরে সরিয়ে দিয়েছে। ডিএনসির সাবেক ভাইস চেয়ার ডেভিড হগও দলীয় কর্মকর্তাদের সতর্ক করে বলেছিলেন যে গাজা ইস্যুটি ডেমোক্র্যাটদের তরুণ ভোটার হারাতে ভূমিকা রেখেছে। উল্লেখ্য, গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলের জন্য প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন করে মার্কিন প্রশাসন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার ভেটো দেয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যা ছিটমহলটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে দেওয়ার পাশাপাশি তীব্র খাদ্যসংকট তৈরি করেছে।

এদিকে, গাজামুখী ত্রাণবাহী নৌবহরের (ফ্লোটিলা) কর্মীদের সঙ্গে ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গ্যভিরের আচরণের কড়া সমালোচনা করেছেন মার্কিন সিনেটর রন ওয়াইডেন। সম্প্রতি বেন-গ্যভির আন্তর্জাতিক জলসীমায় আটক ফিলিস্তিনপন্থি কর্মীদের হাতকড়া পরা ও হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় তাদের বিদ্রূপ করার একটি ভিডিও প্রকাশ করেন। এর প্রতিক্রিয়ায় এক্সে ওয়াইডেন বলেন, ‘এই আচরণ অগ্রহণযোগ্য।’

তিনি জানান, বেন-গ্যভিরের কাজ সম্পূর্ণভাবে ইহুদি মূল্যবোধের পরিপন্থী। তিনি বলেন, ‘আমি গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য লড়াই চালিয়ে যাব। আমি এমন একটি বিল উত্থাপন করেছি যা ফিলিস্তিনিদের জন্য সহায়তা বাধাগ্রস্তকারী যেকোনো সরকারি নেতাকে নিষেধাজ্ঞার আওতায় আনবে।’

গত মঙ্গলবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, তাদের বহরের ৫০টি নৌযানই আটক করেছে ইসরায়েল। তবে বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা বহরটি থেকে ৮৫ জন তুর্কি নাগরিকসহ ৪১টি দেশের ৪২২ জন মানবিক সহায়তা কর্মীকে নিরাপদে সরিয়ে এনেছে।

অন্যদিকে, বিরোধীদলীয় নেতার বিচার পর্যবেক্ষণের সময় পূর্ব আফ্রিকার দুই মানবাধিকার কর্মীকে নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে তানজানিয়ার এক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে তানজানিয়া পুলিশ ফোর্সের (টিপিএফ) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফস্টিন জ্যাকসন মাফওয়েলেকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এক বছর আগে দারুস সালামে উগান্ডার মানবাধিকার কর্মী আগাথার আতুহাইরে এবং কেনিয়ার কর্মী বনিফেস মওয়াঙ্গিকে আটকে রেখে নির্যাতন ও যৌন নিপীড়ন চালায় টিপিএফ সদস্যরা। তারা তানজানিয়ার বিরোধীদলীয় নেতা টুন্ডু লিসুর বিচারকাজ পর্যবেক্ষণ করতে সেখানে গিয়েছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.