আপনি পড়ছেন

তিন মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে কাতারের রাজধানী দোহায় উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা চলছে। এ লক্ষ্যে ইরানের প্রধান আলোচক ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কাতারে গোপন কূটনীতি, যুদ্ধ থামাতে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার জোর চেষ্টা
ইরানের পতাকা

সোমবার (২৪ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং বিদেশে জব্দ থাকা ইরানের বিপুল অর্থ ছাড়ের বিষয়টি।

তবে আলোচনায় অগ্রগতি হলেও তাৎক্ষণিক কোনো চুক্তির সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বিভিন্ন বিষয়ে সমঝোতার ভিত্তি তৈরি হলেও এখনই চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে—এমনটা বলা যাবে না।

ভারতের নয়াদিল্লিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টাকে সর্বোচ্চ সুযোগ দিতে চায়। তিনি জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সময়সীমাবদ্ধ আলোচনার বিষয়ে একটি ‘দৃঢ় প্রস্তাব’ টেবিলে রয়েছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’। তবে আলোচনা ব্যর্থ হলে নতুন হামলার হুঁশিয়ারিও দেন তিনি।

ট্রাম্প আরও বলেন, সম্ভাব্য চুক্তি হতে হবে ‘সবার জন্য ভালো একটি চুক্তি’, অন্যথায় কোনো চুক্তিই হবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কার্যত অচল হয়ে পড়ে। সাধারণ সময়ে প্রতিদিন যেখানে ১২৫ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত, সেখানে বর্তমানে সীমিত সংখ্যক জাহাজ চলাচল করছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অনুমোদনে ৩২টি জাহাজ ও পাঁচটি তেলবাহী ট্যাংকার প্রণালিটি অতিক্রম করেছে।

ইরান বলছে, কোনো জাহাজকে কর আরোপ করা হবে না, তবে নৌ-নিরাপত্তা, নেভিগেশন ও পরিবেশ সুরক্ষাসংক্রান্ত সেবার জন্য ফি নির্ধারণ করা হতে পারে। এ বিষয়ে ওমানের সঙ্গে একটি আলাদা প্রোটোকল তৈরির আলোচনা চলছে।

ইরানের মুখপাত্র বাঘাই বলেন, আলোচনার বর্তমান ধাপ মূলত যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ঘিরে। পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরবর্তী ৬০ দিনের মধ্যে, যদি প্রাথমিক কাঠামোগত সমঝোতা সম্পন্ন হয়।

যুক্তরাষ্ট্রের মূল দাবি—ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। যদিও তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

আলোচনার মধ্যেই উত্তেজনাও অব্যাহত রয়েছে। ইরান দাবি করেছে, নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারা একটি ‘শত্রু স্টেলথ ড্রোন’ ভূপাতিত করেছে। যদিও ড্রোনটি কোন দেশের ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানি সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, এই ঘটনার মাধ্যমে ইরান দেখাতে চায় যে এখন আর কোনো স্টেলথ ড্রোন পারস্য উপসাগরের আকাশে সহজে প্রবেশ করতে পারবে না।

সম্ভাব্য সমঝোতার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সোমবার বিশ্ববাজারে তেলের দাম চার শতাংশের বেশি কমেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে সংকট কমলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে।

তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের তেল আয়ের অর্থ ছাড় এবং মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ভূমিকা—এসব ইস্যু এখনও বড় বাধা হয়ে রয়েছে।

এদিকে সূত্র বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন যে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে এখন তেল আবিবের প্রভাব আগের তুলনায় অনেক কমে গেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.