আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক দিন আগে বিভিন্ন জাতীয় জনমত জরিপে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। একই সঙ্গে দেশজুড়ে কোটি কোটি মার্কিন নাগরিক রেকর্ড সংখ্যায় আগাম ভোট দিচ্ছেন। মঙ্গলবার চূড়ান্ত নির্বাচনের দিনকে সামনে রেখে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই তাদের শেষ মুহূর্তের প্রচারণায় সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে এগিয়ে কারা, জরিপে কী আভাস
যুক্তরাষ্ট্রের পতাকা

এদিকে আইওয়া ও ক্যানসাসে নিজের স্থগিত হওয়া নির্বাচনী সমাবেশগুলো আবার চালু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রিয়েল ক্লিয়ার পোলিংয়ের সর্বশেষ জাতীয় কংগ্রেসীয় ব্যালট গড় অনুযায়ী, রিপাবলিকানদের চেয়ে ৮ দশমিক ২ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। এতে ডেমোক্র্যাটরা ৫১ দশমিক ৪ শতাংশ এবং রিপাবলিকানরা ৪৩ দশমিক ২ শতাংশ সমর্থন পেয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত দ্য ইকোনমিস্ট ও ইউগভের এক পৃথক জরিপে দেখা যায়, নিবন্ধিত ভোটারদের ৪৪ শতাংশ মনে করেন নির্বাচনের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাবে। বিপরীতে রিপাবলিকানরা নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে বলে প্রত্যাশা করছেন ৩১ শতাংশ ভোটার। সিনেটের ক্ষেত্রে ব্যবধান অনেক কম। এতে ৩৯ শতাংশ ভোটার ডেমোক্র্যাটদের এবং ৩৬ শতাংশ ভোটার রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পক্ষে মত দিয়েছেন।

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া সেন্টার ফর পলিটিকসের ‘সাবাটোস ক্রিস্টাল বল’-এর ব্যবস্থাপনা সম্পাদক কাইল কন্ডিক আল জাজিরাকে বলেন, জাতীয় জরিপে ডেমোক্র্যাটদের এমন বড় ব্যবধান দুই কক্ষের ক্ষেত্রে ভিন্ন চিত্র তুলে ধরছে। তিনি বলেন, ‘হাউস জেনেরিক ব্যালট জরিপে ডেমোক্র্যাটদের বড় ব্যবধান ইঙ্গিত দিচ্ছে যে, প্রতিনিধি পরিষদ প্রায় নিশ্চিতভাবেই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে যাবে।’ তবে তিনি আরও যোগ করেন, ‘এর অর্থ এই নয় যে সিনেটও হাতবদল হয়ে যাবে। এটি হতেই পারে, কিন্তু বিষয়টি এখনও অনেকটাই অনিশ্চিত।’

শুক্রবার প্রকাশিত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একটি বিশ্লেষণ অনুযায়ী, নির্বাচনের মূল দিনের পাঁচ দিন আগেই ৪ কোটি ৩০ লাখের বেশি আমেরিকান সরাসরি কিংবা ডাকযোগে আগাম ভোট দিয়েছেন। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় এক কোটি বেশি। যেসব অঙ্গরাজ্যে সিনেট নির্বাচন নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে, সেখানে আগাম ভোটের হার সবচেয়ে বেশি বেড়েছে।

টেক্সাসে বুধবার পর্যন্ত ৬৩ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। ২০২২ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৪২ লাখ, যা প্রায় ৫০ শতাংশ বেশি। হিউস্টন থেকে আল জাজিরার ফিল লাভাল শুক্রবার জানান, অঙ্গরাজ্যটিতে আগাম ভোট দেওয়ার সময়সীমা শেষ হয়ে আসার মুখেও ভোটাররা কেন্দ্রে ভিড় করছেন।

অন্যদিকে জর্জিয়ায় শুক্রবার সকাল পর্যন্ত ২৫ লাখেরও বেশি ভোট পড়েছে বলে জানান আল জাজিরার ম্যাথিউ টরেস। এটি ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের আগাম ভোটের মোট রেকর্ড ২৩ লাখকে ছাড়িয়ে গেছে। আটলান্টার একটি ভোটকেন্দ্রে দীর্ঘ সারি এবং তরুণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ দেখতে পাওয়ার কথা জানান টরেস।

সেখানকার এক তরুণ ভোটার আল জাজিরাকে বলেন, ‘আমরা সবাই সত্যিকার অর্থেই সবার জন্য একটি উন্নত ভবিষ্যৎ চাই, বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য।’ নির্বাচনে তরুণদের আগ্রহ বাড়ার বিষয়ে আরেক ভোটার বলেন, ‘অবশ্যই সামাজিক যোগাযোগমাধ্যম এর বড় কারণ। সামাজিক মাধ্যম এবং সংবাদমাধ্যম মিলে ভোট দেওয়াকে আগ্রহের কেন্দ্রে নিয়ে এসেছে।’

ডেমোক্র্যাটিক রাজনৈতিক কৌশলবিদ সেলিন্ডা লেক জানান, বহু ভোটার পরিবর্তনের প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘এমন অনেক ভোটার রয়েছেন যারা বলছেন, পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে আমি ঝুঁকি নিয়ে ভোট দিচ্ছি, কিন্তু আশা করি আপনারা কিছু একটা করবেন।’

এপির বিশ্লেষণ অনুযায়ী, ২০২২ সালের একই সময়ের তুলনায় মেইন, মিশিগান, নর্থ ক্যারোলাইনা ও ক্যানসাসে আগাম ভোট ৩০ শতাংশের বেশি বেড়েছে। তবে আগাম ভোটের এসব সংখ্যা দেখে ভোটাররা কাকে বেছে নিচ্ছেন কিংবা চূড়ান্ত ফল কী হতে পারে, তা নিশ্চিত হওয়া যায় না।

গত ২৪ ঘণ্টায় নির্বাচনী প্রচারণায় নানা নাটকীয়তা দেখা গেছে। ক্যানসাস ও আইওয়াতে রবিবারের দুটি সমাবেশ বাতিল করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ট্রাম্প। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, দুটি সমাবেশই রবিবার অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার সমাবেশ দুটি বাতিল করা হয়েছিল এবং তখন হোয়াইট হাউস জানিয়েছিল ট্রাম্প প্রায় ২০টি টেলিফোন নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন। কিন্তু একদিনের মাথায় মার্কিন প্রেসিডেন্ট আবারও সমাবেশগুলো আগের সূচিতে ফিরিয়ে আনেন।

আল জাজিরার তানিয়া নূরি জানান, ট্রাম্পের প্রচারণা দল মনে করে রিপাবলিকান ভোটারদের উজ্জীবিত করতে তার সশরীরে উপস্থিতি অত্যন্ত কার্যকর। প্রচার শিবিরের সূত্রের বরাতে নূরি বলেন, ‘রবিবার সশরীরে উপস্থিত হয়ে সমাবেশ করার জন্য তিনি দারুণ উদ্যমী হয়ে আছেন।’ তিনি আরও জানান, যেসব অঙ্গরাজ্যে রিপাবলিকানরা সিনেট আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে, সেখানে ট্রাম্পের উপস্থিতি সমর্থকদের অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করে তার দল।

এর আগে শুক্রবার ফ্লোরিডায় প্রচারণা চালান ট্রাম্প। সেখানে রিপাবলিকানরা তাদের সিনেট ও গভর্নর পদ ধরে রাখার লড়াই করছে। সমাবেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের ভোট দিতেই হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়লে খারাপ কিছু ঘটে, তাই নয় কি? কাজেই আসুন আমরা ধরে নিই যে তারা এক পয়েন্টে পিছিয়ে রয়েছে।’

এদিকে টেক্সাসে রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটন এবং ডেমোক্র্যাট জেমস তালারিকো শেষ মুহূর্তের প্রচারণায় হিউস্টনে জোর দিয়েছেন। টেক্সাসের সবচেয়ে জনবহুল হ্যারিস কাউন্টিতে মনোযোগ দিতে এল পাসোর একটি কর্মসূচি বাতিল করেন প্যাক্সটন।

শুক্রবার মিসিসিপিতে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে প্রচারণা চালান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে ক্লিনটন বলেন, ‘মিসিসিপিতে আমার কত ঘনিষ্ঠ মানুষ হেরে গেছেন কেবল ভোটাররা ভোট না দেওয়ার কারণে, তা আমি আপনাদের বলে বোঝাতে পারব না।’

রবিবার আইওয়া ও ক্যানসাসে ট্রাম্পের একের পর এক সমাবেশ করার কথা রয়েছে। আইওয়াতে তিনি রিপাবলিকান সিনেট প্রার্থী অ্যাশলে হিনসনের সমর্থনে প্রচার চালাবেন। পরে তিনি ক্যানসাসে গিয়ে সিনেটর রজার মার্শালের পক্ষে সমাবেশ করবেন।

সাম্প্রতিক জরিপগুলো ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। ক্যানসাসে মেগাচার্চের যাজক ও ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী অ্যাডাম হ্যামিল্টনের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন মার্শাল। এমারসন কলেজের জরিপ অনুযায়ী, হ্যামিল্টন ৪৯ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন এবং মার্শালের পক্ষে রয়েছে ৪৫ শতাংশ সমর্থন।

ডেমোক্র্যাটরাও ভোটারদের কাছে শেষ মুহূর্তের আবেদন জানাচ্ছেন। ওহাইওর গভর্নর প্রার্থী অ্যামি অ্যাক্টনের সঙ্গে এক যৌথ প্রচারে অংশ নেবেন কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশার। এছাড়া আলাস্কার বেথেলে এক সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী মেরি পেলটোলার।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা টিকে থাকবে কি না, তা নির্ধারণে আলাস্কার সিনেট নির্বাচনকে অন্যতম প্রধান অনিশ্চিত আসন বিবেচনা করা হচ্ছে। সেখানে ড্যান সুলিভান নামের দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের ভোট কেটে ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ডেমোক্র্যাটরা একই নামের একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। এই বিরোধ নিয়ে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছে দেশটির বিচার বিভাগ। তবে এমন প্রক্রিয়ায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন পেলটোলা।

অন্যদিকে হাউস স্পিকার মাইক জনসনের সঙ্গে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সেরও সাপ্তাহিক ছুটির দিনে প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.