আপনি পড়ছেন

গাজা সিটির বিভিন্ন আবাসিক ভবনে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের একযোগে চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতি চুক্তির মাঝেই এই হামলার ঘটনা ঘটল। অন্যদিকে, দক্ষিণ লেবাননে খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের একটি চার্চ কমিটি।

গাজায় একই পরিবারের ৫ জনসহ নিহত ৯, লেবাননে পবিত্র স্থানে হামলার নিন্দা
গাজার সাম্প্রতিক পরিস্থিতি

স্থানীয় সূত্র জানিয়েছে, গাজা সিটির পশ্চিম ও উত্তরাঞ্চলের শাতি শরণার্থী শিবির, শেখ রাদওয়ান, তেল আল-হাওয়া এবং মুখাবারাত এলাকায় আবাসিক ভবন লক্ষ্য করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। এর মধ্যে মুখাবারাত এলাকার লেবিদ ভবনের চতুর্থ তলায় হামলায় একই পরিবারের পাঁচজন প্রাণ হারান। নিহতরা হলেন হাসান রেবাহ লেবিদ, তার স্ত্রী মানার এবং তাদের তিন সন্তান মোহাম্মদ, রাহাফ ও তামিম। তবে ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের ৯ বছর বয়সী মেয়ে হালাকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া তেল আল-হাওয়ায় দুজন এবং শাতি ও শেখ রাদওয়ান এলাকায় আরও অন্তত দুজন নিহত হয়েছেন।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, আল-শিফা হাসপাতালে ৯ জনের মরদেহ এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় আনা হয়েছে। নিহতদের অনেকের শরীর খণ্ডিত এবং মারাত্মকভাবে দগ্ধ ছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মিডিয়া অফিসের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে। এসব হামলায় এখন পর্যন্ত ৯৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২ হাজার ৯০০ জন আহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দুই বছরের সংঘাতে প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে ফিলিস্তিনি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

এদিকে, দক্ষিণ লেবাননে খ্রিস্টানদের ধর্মীয় স্থান ও পবিত্র স্থানগুলোর অবমাননাকে উপাসনার স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের দ্য হায়ার প্রেসিডেন্সিয়াল কমিটি ফর চার্চ অ্যাফেয়ার্স। ফিলিস্তিনের মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোতে বারবার হওয়া হামলার ধারাবাহিকতা হিসেবেই লেবাননের ঘটনাগুলোকে দেখছে তারা। ফিলিস্তিনের এই চার্চ কমিটি এক বিবৃতিতে ধর্মীয় স্থান এবং প্রতীকে হামলা সম্পর্কে বলে, ‘এটি মানবজাতির যৌথ ঐতিহ্য ও আধ্যাত্মিক মূল্যবোধের ওপর একটি বড় আঘাত।’

সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিওর পর এই নিন্দা জানানো হলো। একটি ভিডিওতে দেখা যায়, একজন ইসরায়েলি সেনা ভার্জিন মেরির একটি মূর্তির মুখে সিগারেট গুঁজে দিচ্ছেন। এর আগে গত এপ্রিলে দক্ষিণ লেবাননের দেবেল শহরে এক ইসরায়েলি সেনার যিশুখ্রিস্টের মূর্তি ভাঙার ভিডিও তীব্র ক্ষোভের জন্ম দেয়। এছাড়াও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের সময় বেশ কয়েকটি চার্চের ক্ষয়ক্ষতি এবং মার জর্জিওস চার্চের যাজক ফাদার পিয়েরে আল-রাহিকে হত্যার ঘটনাও নথিবদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোকে এসব ধর্মীয় স্থানে বারবার হওয়া লঙ্ঘন বন্ধে এবং জবাবদিহি নিশ্চিতে কাজ করার আহ্বান জানিয়েছে কমিটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.