আপনি পড়ছেন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ, দায়িত্বরত নার্স ও স্টাফদের দায়িত্বে গুরুতর অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে
সরদার মো. সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে পৌঁছেছে যে, ঘটনার সময় সংশ্লিষ্ট পোস্ট-অপারেটিভ কক্ষে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। পাশাপাশি দায়িত্বরত নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব পালনে অবহেলা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা করে বিদ্যমান আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগত বিধান পর্যালোচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নবজাতকদের রাখা পোস্ট-অপারেটিভ কক্ষটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত ছিল না। পরিদর্শনে দেখা গেছে, দীর্ঘ সময় ধরে কক্ষটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ ছিল এবং সেখানে পর্যাপ্ত বায়ু চলাচলের কোনো ব্যবস্থা ছিল না।

ফলে কক্ষে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, যা নবজাতকদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে ওঠে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও হাসপাতালের পক্ষ থেকে কোনো কার্যকর জরুরি চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়নি। অভিভাবকদের অভিযোগ সত্ত্বেও সংশ্লিষ্ট নার্সরা দ্রুত চিকিৎসককে অবহিত করেননি এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতেও ব্যর্থ হন।

তদন্তে আরও উঠে এসেছে, দায়িত্বপ্রাপ্ত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিল না। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও স্বজনদের উপস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৯০০ বর্গফুট আয়তনের ওই কক্ষে ১১ জন রোগী ও নবজাতকের পাশাপাশি স্বজনসহ প্রায় ৫০ জন মানুষ অবস্থান করছিলেন। যা কক্ষটির ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি।

তদন্ত কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, হাসপাতাল পরিচালনার মৌলিক শর্তগুলো পূরণে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা ব্যর্থ হয়েছেন। বিশেষ করে নবজাতকদের চিকিৎসার জন্য নির্ধারিত কক্ষে কোনো চিকিৎসক না থাকা এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাবকে গুরুতর ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ সম্ভব না হলেও পারিপার্শ্বিক অবস্থা, সাক্ষ্য ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তদন্ত কমিটি মনে করছে, বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা এবং বিকল্প বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছিল।

একই সঙ্গে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় নবজাতকদের স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। তদন্ত কমিটির মতে, এই পরিস্থিতিই ছয় নবজাতকের মৃত্যুর অন্যতম সম্ভাব্য কারণ।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এখন দায়ীদের বিরুদ্ধে কী ধরনের প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.