আপনি পড়ছেন

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। শনিবারের এই ঘটনাকে লেবাননের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের প্রস্তাবনার সুস্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল) ও লেবানন সরকার। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন গতিবিধির কারণে তারা ওই গাড়িতে হামলা চালিয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সেনা নিহত, ইউনিফিল ও বৈরুতের তীব্র নিন্দা
ছবি - সংগৃহীত

লেবাননের সামরিক বাহিনীর তথ্যমতে, নাবাতিয়েহ এলাকার কেফারতেবনিট-খারদালি সড়কে একটি সামরিক যান লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালায়। এতে একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং একজন সাধারণ সেনা নিহত হন।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ‘এটি লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।’

তিনি আরও জানান, ওয়াশিংটনে চলমান কূটনৈতিক আলোচনা সত্ত্বেও ইসরায়েলের এই ধরনের হামলা দক্ষিণ লেবাননের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে লেবাননের ওপর বারবার হওয়া হামলা বন্ধের আহ্বান জানান তিনি।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলাকে লেবানন এবং এর জনগণের বিরুদ্ধে একটি অপরাধ বলে আখ্যায়িত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইউনিফিল নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘লেবাননের ভূখণ্ডে এ ধরনের হামলা দেশটির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবনার চরম লঙ্ঘন।’

হামলার দায় স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কেফারতেবনিটের কাছে একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে তাদের বাহিনীর দিকে একটি গাড়িকে সন্দেহজনকভাবে এগিয়ে আসতে দেখা যায়। ওই এলাকায় হিজবুল্লাহর ব্যাপক উপস্থিতি এবং ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলির সতর্কবার্তা থাকায় গাড়িটিকে হুমকি হিসেবে বিবেচনা করে হামলা চালানো হয়। প্রাথমিক তদন্তে গাড়িতে লেবাননের সেনা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে তারা জানায়।

গত ১৭ এপ্রিল থেকে কার্যকর হওয়া একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। জুলাইয়ের শুরু পর্যন্ত এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, লেবানন ও ইসরায়েলের মধ্যে চার দফা আলোচনার পর একটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এতে হিজবুল্লাহর হামলা সম্পূর্ণ বন্ধ এবং লিতানি নদীর দক্ষিণ থেকে তাদের যোদ্ধাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম এই আলোচনার ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। লেবাননের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ৩ হাজার ৫৫৮ জন নিহত এবং ১০ হাজার ৮৭০ জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.