বাজেট নিয়ে সংসদে বিভক্ত মত, প্রশংসায় বিএনপি; সমালোচনায় জামায়াত
- Details
- by ২৪ ডেস্ক
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা জমে উঠেছে। সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা বাজেটকে জনমুখী, বিনিয়োগ ও কর্মসংস্থানবান্ধব হিসেবে তুলে ধরলেও বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যরা এটিকে ঋণনির্ভর এবং মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন।

রবিবার সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন দলের সংসদ সদস্যরা বাজেটের নানা দিক তুলে ধরেন। একই সঙ্গে নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদা এবং বিভিন্ন জাতীয় ইস্যুতেও মতামত দেন।
সরকারি দলের সদস্যদের মতে, এবারের বাজেটে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য এম এ মান্নান বলেন, শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণ এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির চেষ্টা রয়েছে এই বাজেটে।
খুলনা-৪ আসনের এমপি আজিজুল বারী হেলালের ভাষ্য, বর্তমান সরকার বিনিয়োগ স্থবিরতা ও দুর্বল ব্যাংকিং ব্যবস্থার মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর ও শুল্ক কমানো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগও এতে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংরক্ষিত নারী আসনের সদস্য রাশেদা খানম বলেন, ধনী শ্রেণির কাছ থেকে বেশি রাজস্ব আদায়ের মাধ্যমে নিম্নআয়ের মানুষের সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো এবং নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ রাখার কথাও তিনি তুলে ধরেন।
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, পরিবেশ এবং সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখেন সরকারি দলের আরও কয়েকজন সদস্য।
অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।
রংপুর-৬ আসনের এমপি নুরুল আমীন বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে এবং মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধির জন্য স্পষ্ট পরিকল্পনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নীলফামারী-৩ আসনের এমপি ওবায়দুল্লাহ সালাফি বাজেটকে ঋণনির্ভর আখ্যা দিয়ে বলেন, কর ব্যবস্থার দুর্বলতা এবং প্রশাসনিক জটিলতার কারণে সাধারণ মানুষ কর দিতে নিরুৎসাহিত হচ্ছে। তিনি ভ্যাট হ্রাস, সম্পদ কর চালু এবং কর ব্যবস্থার সংস্কারের প্রস্তাব দেন।
শেরপুর-১ আসনের এমপি রাশেদুল ইসলাম রাশেদের অভিযোগ, সরকারের ঘোষিত বিভিন্ন রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন বাজেটে নেই। একই সঙ্গে উত্তরাঞ্চলের উন্নয়ন বরাদ্দ নিয়েও তিনি বৈষম্যের কথা উল্লেখ করেন।
রাজশাহীর সংসদ সদস্য মুজিবুর রহমান বাজেট আলোচনায় অপচয় ও দুর্নীতির বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। অন্যদিকে নীলফামারীর এমপি আব্দুল মুনতাকিম জেলা-ভিত্তিক উন্নয়ন বরাদ্দ স্পষ্ট করার দাবি তোলেন।
আলোচনায় কয়েকজন সংসদ সদস্য মানসিক স্বাস্থ্যসেবার জন্য ইউনিয়ন পর্যায়ে কর্মী নিয়োগ, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, নৃগোষ্ঠীর কর্মসংস্থান বৃদ্ধি এবং বেসরকারি খাতের কর্মীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়ার প্রস্তাবও দেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এদিকে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে সংসদে ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.