আপনি পড়ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের শুরু থেকেই স্পিকারের দফায় দফায় সতর্কতা সত্ত্বেও সংসদ সদস্যদের একাংশের ‘অশোভন’ ও ‘অশ্লীল’ বক্তব্য দেওয়া থামানো যাচ্ছে না। প্রথম অধিবেশনের পর চলতি বাজেট অধিবেশনেও বেশ কয়েকজন সংসদ সদস্যের দেওয়া আপত্তিকর বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দিতে বাধ্য হয়েছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং সংসদীয় রেওয়াজ উপেক্ষার এমন প্রবণতা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সংসদে ‘আশোভন’ মন্তব্যের লাগাম নেই, এক্সপাঞ্জ হলো একের পর এক বক্তব্য
সংসদের অধিবেশন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল চলতি বছরের ১২ মার্চ, যা শেষ হয় ৩০ এপ্রিল। এরপর গত ৭ জুন শুরু হয়েছে দ্বিতীয় বা বাজেট অধিবেশন, যা আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। ১৮ জুন পর্যন্ত হিসাব অনুযায়ী, দুই অধিবেশন মিলিয়ে মোট ৩৫ কার্যদিবস সম্পন্ন হয়েছে।

এই অল্প সময়ের মধ্যেই ‘ফ্লোর ক্রসিং’, ‘অপ্রাসঙ্গিক আলোচনা’, ‘কার্যপ্রণালী বিধি না মেনে বক্তব্য দেওয়া’ এবং ‘হুটহাট দাঁড়িয়ে কথা বলার’ মতো সংসদীয় রেওয়াজবিরোধী কাণ্ড রুখতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে বারবার সংসদ সদস্যদের সতর্ক করতে হয়েছে।

কার্যপ্রণালী বিধির ৩০৭ বিধি অনুযায়ী, বিতর্কে ব্যবহৃত অবমাননাকর বা সংসদীয় রীতিবিরোধী শব্দ স্পিকার বাদ দিতে পারেন, যাকে ‘এক্সপাঞ্জ’ বলা হয়। এখন পর্যন্ত অন্তত ৪টি বক্তব্য বা বক্তব্যের অংশ এক্সপাঞ্জ করা হয়েছে।

১. ধর্ষণের অভিযোগ নিয়ে বিতর্ক: গত ১৭ জুন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান বাজেট আলোচনায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হওয়ার একটি প্রসঙ্গ তোলেন। এম মাহবুব উদ্দিন খোকনের আপত্তির প্রেক্ষিতে ডেপুটি স্পিকার এই বক্তব্যটি এক্সপাঞ্জ করেন।

২. চালুনি-সুঁচের গল্পে ‘অশ্লীল শব্দ’: ১৬ জুন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার সরকার একটি উপমা ব্যবহার করার সময় অরুচিকর শব্দ ব্যবহার করলে স্পিকার তার মাইক বন্ধ করে দেন এবং পরে সেই শব্দগুলো এক্সপাঞ্জ করা হয়।

৩. ‘মানিক চোরার মতো’ শব্দবন্ধ: গত ৯ এপ্রিল সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিল পাসের বিরোধিতা করার সময় বিরোধী দলের সদস্য আখতার হোসেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিচারক নিয়োগ প্রক্রিয়াকে ‘মানিক চোরার মতো’ বলে কটাক্ষ করেন। একজন বিচারপতির নামের সাথে এমন বিশেষণ যুক্ত করায় স্পিকার তা এক্সপাঞ্জ করেন।

৪. উপনেতার স্ত্রীকে নিয়ে কটাক্ষ: গত ১৪ জুন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে কটাক্ষ এবং নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপত্তিকর বক্তব্য দিলে সংসদে তীব্র বাদানুবাদ হয়। পরবর্তীতে ডেপুটি স্পিকার তাঁর বক্তব্যের বিতর্কিত অংশ এক্সপাঞ্জ করার নির্দেশনা দেন।

যাচাই-বাছাইয়ের তালিকায় আরও একটি বক্তব্য: গত ১০ জুন সংসদ সদস্য নাজিবুর রহমান অভিযোগ করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এক ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এটিকে অসত্য দাবি করে বক্তব্যটি এক্সপাঞ্জের দাবি জানালে স্পিকার জানান, এটি আপাতত যাচাই-বাছাইয়ে রয়েছে।

সংসদ সদস্যদের অসহিষ্ণু আচরণের প্রেক্ষিতে স্পিকারের কিছু কড়া মন্তব্য নজর কেড়েছে। গত ১৬ জুন পয়েন্ট অব অর্ডারে নিয়মবহির্ভূতভাবে এক সদস্য দাঁড়াতে গেলে স্পিকার ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদ তো ফ্রি স্টাইল বক্তব্য দেওয়ার জায়গা না। আইন ও বিধি মোতাবেক আপনাকে দাঁড়াতে হবে।

এর আগে গত ১০ এপ্রিল প্রথম অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদের ভেতর অসহিষ্ণু আচরণ করলে স্পিকার তাকে থামিয়ে দিয়ে স্মরণ করিয়ে দেন, এত অসহিষ্ণু হলে চলবে না, মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

অধিবেশন বিশ্লেষণে দেখা গেছে, প্রথম ও দ্বিতীয় অধিবেশনে জামায়াতের সংসদ সদস্যদের বক্তব্যই তুলনামূলক বেশি এক্সপাঞ্জ হয়েছে। অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানদের মতে, অনেক নতুন সদস্যের কার্যপ্রণালি বিধি (রুলস অব প্রসিডিউর) সম্পর্কে পর্যাপ্ত পড়াশোনা ও অভিজ্ঞতা নেই।

যদিও গত ৩ ও ৪ জুন সংসদ সচিবালয় ও ইউএনডিপি যৌথভাবে ৩০০-এর বেশি নতুন সংসদ সদস্যকে নিয়ে দুই দিনের ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজন করেছিল, তবে তা পরিস্থিতির তুলনায় অপ্রাসঙ্গিক বা অপর্যাপ্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আমাদের দুর্ভাগ্য, অনেক রাজনৈতিক নেতা সংসদীয় রীতিনীতি নিয়ে লেখাপড়া করার ব্যাপারে আগ্রহী নন। আগে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সংসদ সদস্যদের প্রশিক্ষণের উদ্যোগ নিলেও তা মাঝপথে বন্ধ হয়ে যায়, কারণ দেখা গেছে সংসদ সদস্যরা প্রশিক্ষণের চেয়ে বিদেশ ভ্রমণে বেশি আগ্রহী।

তিনি আরও যোগ করেন, গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে গুণগত পরিবর্তনের আশা করা হলেও ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া এবং অযোগ্য ব্যক্তিদের সংসদে নিয়ে আসায় এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সংসদকে মর্যাদাপূর্ণ করতে হলে রাজনৈতিক দলগুলোকে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আরও বেশি সাবধানী হতে হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.