আপনি পড়ছেন

ভেনেজুয়েলায় বুধবার আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সহস্রাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, সহায়তার হাত বাড়াল বিশ্ব
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের সামনে উদ্ধারকর্মীরা

ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ভিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় তারা ৪ হাজার ৩০০ জনেরও বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে ২৩৫ জন রোগী হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন বা ভর্তির পরপরই মারা গেছেন। তিনি আরও জানান, হতাহত ও গুরুতর আহতদের বেশিরভাগই উপকূলীয় রাজ্য লা গুয়াইরার বাসিন্দা। কারাকাসের প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই রাজ্যের সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাপক কাঠামোগত ক্ষতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। স্থানীয় ক্লিনিকগুলোতে রোগীর চাপ সামলাতে কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলজুড়ে অস্থায়ী ফিল্ড হাসপাতাল নির্মাণ শুরু করেছে।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, জোড়া ভূমিকম্পের পর অন্তত ১৩৮টি আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে। তিনি জানান, লা গুয়াইরায় আড়াইশ অ্যাপার্টমেন্ট ভবন এবং ২০টি শপিং মলসহ অন্তত ৩৪৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠামোগত ত্রুটির কারণে আটটি আঞ্চলিক হাসপাতাল থেকে রোগীদের বিকল্প ক্লিনিকে সরিয়ে নেওয়া হয়েছে। তার দেওয়া তথ্যমতে, এখনও ১৫৭ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগের পর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এই ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণ হিসেবে ভূতাত্ত্বিকরা একটি বিরল ঘটনাকে চিহ্নিত করেছেন। বুধবার বিকেলে সান ফেলিপের কাছে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার মাত্র ৩৯ সেকেন্ড পর ইউমারের দক্ষিণ-পূর্বে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

বিপর্যয়কর এই পরিস্থিতিতে কূটনৈতিক মতানৈক্য দূরে সরিয়ে রেখে বিভিন্ন দেশ জরুরি উদ্ধারকর্মী, বিশেষায়িত সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠাচ্ছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ভেনেজুয়েলা কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে জুরিখ থেকে তাদের একটি উদ্ধারকারী দল কারাকাসের উদ্দেশে রওনা হয়েছে। এই দলে ৮০ জন বিশেষজ্ঞ, আটটি সন্ধানী কুকুর এবং ১৮ টন উদ্ধার সরঞ্জাম রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্র লজিস্টিক এবং মানবিক ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা দিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৩৬ জন বিশেষজ্ঞ দমকলকর্মী, বেসামরিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং একটি ফিল্ড হাসপাতালসহ শুক্রবার একটি সামরিক কার্গো বিমান পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। ইকুয়েডর, এল সালভাদর, মেক্সিকো, চিলি, কলম্বিয়া এবং কিউবাও তাদের উদ্ধারকারী দল এবং চিকিৎসকদের পাঠিয়েছে।

এদিকে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, তারা প্রাথমিক সহায়তা হিসেবে ভেনেজুয়েলাকে ৫০ লাখ ডলার মানবিক সহায়তা দেবে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে বলেন, ‘ভেনেজুয়েলায় এই ভূমিকম্পের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ হৃদয়বিদারক।’ তিনি জানান, কানাডা ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.