জাল নোট রাখলেও মিলবে ৭ বছরের জেল, আসছে নতুন আইন
- Details
- by ২৪ ডেস্ক
দেশে জাল নোটের বিস্তার ঠেকাতে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নতুন আইনে জেনেশুনে জাল নোট নিজের কাছে রাখা, লেনদেনে ব্যবহার, পরিবহন কিংবা বাজারজাত করার মতো অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যে ‘জাল মুদ্রা প্রতিরোধ আইন, ২০২৬’ এর একটি খসড়া প্রস্তুত করেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার মতামতের জন্য খসড়াটি পাঠানোর পাশাপাশি জনমত গ্রহণের উদ্দেশ্যে তা ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
প্রস্তাবিত আইনে জাল নোট তৈরি, তৈরির চেষ্টা, বিশেষ কাগজ, কালি বা নিরাপত্তা উপকরণ সংগ্রহ, আমদানি-রপ্তানি, সংরক্ষণ, পরিবহন, বিক্রি ও প্রচার—সবকিছুকেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে কেউ জাল নোট সম্পর্কে অবগত থাকার পরও তা নিজের কাছে রাখলে বা লেনদেনে ব্যবহার করলে তাকেও আইনের আওতায় আনা হবে।
সরকারের ভাষ্য, বর্তমানে জাল নোটসংক্রান্ত অপরাধের বিধান বিভিন্ন আইনে ছড়িয়ে থাকায় তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়। নতুন আইন কার্যকর হলে এসব অপরাধ একটি একক আইনি কাঠামোর আওতায় আসবে, ফলে তদন্ত ও বিচার আরও কার্যকর হবে।
খসড়া আইনে জাল নোট তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টিং যন্ত্র, বিশেষ কাগজ, কালি ও অন্যান্য সরঞ্জাম জব্দ এবং আদালতের নির্দেশে সেগুলো ধ্বংস করার বিধানও রাখা হয়েছে। এর মাধ্যমে শুধু জাল নোট উদ্ধার নয়, উৎপাদন চক্রও ভেঙে দেওয়ার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া প্রথমবারের মতো টেম্পার্ড, ব্লিচড ও মিসম্যাচড নোটের পৃথক সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আসল নোটের মূল্যমান পরিবর্তন, রাসায়নিক ব্যবহার করে নতুনভাবে ছাপানো কিংবা বিভিন্ন নোটের অংশ জোড়া দিয়ে তৈরি করা নোটও জাল মুদ্রা হিসেবে গণ্য হবে।
খসড়া অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের মনোনীত কারেন্সি অফিসার সন্দেহজনক নোট পরীক্ষা করে সেটি জাল কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক প্রত্যয়ন দেবেন। আদালতে সেই প্রত্যয়ন গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে।
প্রস্তাবিত আইনে অধিকাংশ অপরাধকে আমলযোগ্য, জামিন-অযোগ্য এবং আপস-অযোগ্য করার প্রস্তাব রয়েছে। ফলে পুলিশ সরাসরি মামলা নিয়ে তদন্ত করতে পারবে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক জানিয়েছেন, সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনার পর খসড়াটি চূড়ান্ত করা হবে। এরপর অনুমোদনের জন্য তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
সাম্প্রতিক বছরগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে জাল নোট তৈরির প্রবণতা বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসছে। বিশেষ করে ঈদকেন্দ্রিক বাড়তি নগদ লেনদেনের সময় জাল নোটের ঝুঁকি বেড়ে যাওয়ায় সরকার আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.