যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় তেলের দাম বেড়েছে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে। সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বৃদ্ধি পায়। খবর আল জাজিরার

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যেই এই মূল্যবৃদ্ধি ঘটে। আগামী সেপ্টেম্বরে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম সোমবার গ্রিনিচ সময় সকাল ৩টায় ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ১৭ ডলারে পৌঁছায়, যা গত ২২ জুনের পর সর্বোচ্চ।
গত ১৭ জুন সমঝোতা স্মারক সইয়ের পর তেলের দাম যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে এলেও, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বশেষ হামলার পর তা আবারও বেড়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি।
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এক্সঅ্যানালিস্টস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান তেল বিশ্লেষক মুকেশ সাহদেভের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকায় আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের উচ্চ সীমায় থাকতে পারে।
তিনি বলেন, মাঝেমধ্যে দামে বড় ধরনের ওঠানামা হতে পারে। তবে দীর্ঘমেয়াদি সরবরাহ নিশ্চিত করতে শোধনাগারগুলোকে কয়েক সপ্তাহ আগেই সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তগুলোর ফলে মধ্যপ্রাচ্যের ওপর তাৎক্ষণিক নির্ভরতা ইতোমধ্যে কমেছে। সাম্প্রতিক উত্তেজনা সেই প্রবণতাকেই আরও জোরালো করবে।"
সিডনিভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইজি-এর বিশ্লেষক ফ্যাবিয়েন ইপের মতে, সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও যুদ্ধের শুরুর দিকে দেখা উচ্চমূল্যে তেলের দাম ফের পৌঁছানোর সম্ভাবনা কম।
তিনি বলেন, জুনে তেলের দাম যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে এসেছিল, কারণ বাজার ধরে নিয়েছিল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা টিকে থাকবে। কিন্তু গত সপ্তাহের নতুন সংঘাত সেই ধারণার ভঙ্গুরতা স্পষ্ট করে দিয়েছে।
ফ্যাবিয়েন আরও বলেন, স্বল্পমেয়াদে ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্য (রিস্ক প্রিমিয়াম) তেলের দামকে সমর্থন দেবে। তবে আগের মতো বড় ধরনের মূল্যবৃদ্ধির সম্ভাবনা কম, কারণ বৈশ্বিক চাহিদা এখনও দুর্বল। পাশাপাশি আটকে থাকা ট্যাংকারগুলোর তেল বাজারে ছাড়া এবং ওপেক প্লাসের উৎপাদন কোটার সম্প্রসারণের ফলে বাজারে সরবরাহও বাড়ছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সোমবার এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতেও নেতিবাচক প্রভাব পড়ে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ শতাংশের বেশি কমেছে, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৫ শতাংশের বেশি পতন হয়েছে। হংকংয়ের হ্যাংসেং সূচকও প্রায় শূন্য দশমিক ২ শতাংশ নিচে নেমেছে।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করে দিতে তারা ইরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন হামলা চালিয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই দেশটির বিভিন্ন এলাকায় শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
সেন্টকমের দাবি, সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সি হরমুজ প্রণালী অতিক্রমের সময় ইরানি বাহিনী প্রকাশ্যে হামলা চালানোর পরই যুক্তরাষ্ট্র এই অভিযান শুরু করে।
এক বিবৃতিতে সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ইরান এর নিয়ন্ত্রণকারী নয়। বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রস্তুত রয়েছে।
এর জবাবে রোববার ইরান সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ, যারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার দাবি করে, পুনরায় সতর্ক করে জানিয়েছে, তাদের নির্ধারিত পথ ব্যবহার না করে যেসব জাহাজ প্রণালী অতিক্রম করবে, তারা নিরাপদ চলাচলের নিশ্চয়তা পাবে না।
গত মাসে যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পর সাময়িকভাবে জাহাজ চলাচল কিছুটা বেড়েছিল। তবে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে নৌযান চলাচল আবারও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয়টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। অথচ চলতি মাসের শুরুতে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২২টি জাহাজ এই পথে চলাচল করত। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত নয়টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে চারটি ছিল ইরানের পতাকাবাহী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.