নৌপথের সুরক্ষা: বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
১৩টি দেশের সঙ্গে যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাব আল-মান্দেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা ও গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিত করতে এই জোট গঠন করছে দেশটি। জোটে বাংলাদেশও থাকছে। খবর আল জাজিরার

জোটে সৌদি আরব, বাংলাদেশ ছাড়াও রয়েছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে একই ধরনের স্বার্থ থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান এই জোটে যোগ দেয়নি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও এই জোটে যোগদানের সুযোগ উন্মুক্ত থাকবে।
গতকাল বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স' নামে এই জোট গঠন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো- সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা।
জোটভুক্ত দেশগুলো জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরজুড়ে নৌ চলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং জ্বালানি সরবরাহের রুট সুরক্ষিত রাখতে তারা সম্মিলিতভাবে কাজ করবে। ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করা এই সামুদ্রিক করিডর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস রপ্তানি এই পথ দিয়ে পরিবাহিত হতো। কিন্তু সংঘাতের কারণে কার্যত রুটটি অচল হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে।
অন্যদিকে, সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দেব-লোহিত সাগর-এডেন উপসাগর রুটে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলায় আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জোট গঠনের বৈঠকে আমন্ত্রিত ৫১ দেশের মধ্যে ৪৩ দেশের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। ইইউর অ্যাসপিডিস নামে লোহিত সাগরে ইতোমধ্যে একটি নৌ-নিরাপত্তা মিশন রয়েছে। সৌদি নেতৃত্বাধীন নতুন জোটটি সেই মিশনের তুলনায় কীভাবে আলাদা হবে, তা স্পষ্ট করা হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, অংশগ্রহণকারী দেশগুলোর বিশ্বাস, সামুদ্রিক নিরাপত্তা একটি 'যৌথ দায়িত্ব' এবং আন্তঃদেশীয় সামুদ্রিক হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ই সবচেয়ে কার্যকর উপায়।
জোটের কার্যক্রমের মধ্যে থাকবে গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্য আদান-প্রদান, যৌথ পরিকল্পনা, নৌ-মহড়া এবং প্রয়োজন অনুযায়ী যৌথ সামুদ্রিক অভিযান পরিচালনা। তবে সদস্য দেশগুলো কতটি যুদ্ধজাহাজ বা বিমান সরবরাহ করবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। সৌদি আরব জোর দিয়ে বলেছে, এই জোট সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি।
সৌদি আরবকে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য এবং এর সদর দপ্তরের স্বাগতিক দেশ হিসেবে উল্লেখ করা হলেও সদর দপ্তরের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
গত সপ্তাহে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপের ঘোষণা দেয়, যার ফলে লোহিত সাগরগামী তেল পরিবহনে বিঘ্ন সৃষ্টি হয়।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়লেও সৌদি আরব পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরে সংযুক্ত ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে অধিকাংশ তেল রপ্তানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।
তবে সেই তেল রপ্তানির জন্যও বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করতে হয়। ইরিত্রিয়া, জিবুতি ও ইয়েমেনের মাঝখানে অবস্থিত এই প্রণালীর ইয়েমেন অংশের পশ্চিমাঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে থাকায় তারা সহজেই লোহিত সাগরে চলাচলকারী জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে।
বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। লোহিত সাগরে প্রবেশ ও বের হওয়ার মাত্র দুটি পথের একটি হলো বাব আল-মান্দেব, অন্যটি সুয়েজ খাল।
সবচেয়ে সংকীর্ণ স্থানে বাব আল-মান্দেবের প্রস্থ মাত্র ২৯ কিলোমিটার (১৮ মাইল)। ফলে জাহাজ চলাচলের জন্য মাত্র দুটি পৃথক চ্যানেল রয়েছে। এ কারণে এই এলাকায় যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বব্যাপী জ্বালানির দাম আবারও বাড়িয়ে দিতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.