লিভারপুলে বেজোসের বিনিয়োগের কড়া সমালোচনা ব্রিটিশ এমপির
- Details
- by খেলাধুলা ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের একাংশের মালিকানা কিনে নিচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। এই বিনিয়োগের তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য জারা সুলতানা। শুক্রবার তিনি ক্লাবটির সমর্থকদের এই চুক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) ক্লাবের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার ১৮৯২ হোল্ডিংস নামের একটি কনসোর্টিয়ামের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে। কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক চেয়ারম্যান অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন এই কনসোর্টিয়ামে মিত্তাল ফ্যামিলি ট্রাস্ট, ইই ক্যাপিটাল এবং কেফাইভ স্পোর্টস যুক্ত রয়েছে। কেফাইভ স্পোর্টসের প্রধান বিনিয়োগকারী হলেন জেফ বেজোস। তবে এই চুক্তির পরও এফএসজি ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা এবং পরিচালনার নিয়ন্ত্রণ ধরে রাখবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বতন্ত্র এই এমপি লেখেন, ‘জেফ বেজোসের কনসোর্টিয়াম লিভারপুল ফুটবল ক্লাবের প্রায় এক-তৃতীয়াংশ কিনে নিয়েছে, এই খবরে আমি ক্ষুব্ধ।’
তিনি অ্যামাজনের শ্রমিক অধিকার এবং ট্রেড ইউনিয়ন সংক্রান্ত বিতর্কিত রেকর্ডের কথা উল্লেখ করেন। লিভারপুল যেন কোনো বিলিয়নিয়ারের সম্পদের ঝুলিতে পরিণত না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি। পাশাপাশি প্রজেক্ট নিম্বাসে অ্যামাজনের সম্পৃক্ততার কঠোর সমালোচনা করেন জারা সুলতানা। এই ক্লাউড কম্পিউটিং চুক্তির আওতায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং গুগল ইসরায়েল সরকারকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে।
তার অভিযোগ, গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার মধ্যে অ্যামাজনের প্রযুক্তি ইসরায়েলি রাষ্ট্রীয় অবকাঠামোকে সহায়তা করছে। এমন পরিস্থিতিতে লিভারপুলের মতো সংহতির ইতিহাস থাকা ক্লাবে এই বিনিয়োগ কতটা যৌক্তিক, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
জারা সুলতানা লেখেন, ‘লিভারপুল কেবল একটি ব্যবসা নয়, এটি একটি সম্প্রদায়।’
ইউরোপিয়ান সুপার লিগ এবং টিকিটের দাম বাড়ানোর বিরুদ্ধে সমর্থকদের আগের সফল প্রচারণার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও লেখেন, ‘সমর্থকদের একটি কণ্ঠস্বর আছে। আমরা আগে এটি ব্যবহার করেছি। আমাদের অবশ্যই এটি আবারও ব্যবহার করতে হবে।’
লিভারপুলের স্বীকৃত সমর্থক গোষ্ঠী স্পিরিট অব শ্যাঙ্কলি (এসওএস) জানিয়েছে যে এই চুক্তি সমর্থকদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। গোষ্ঠীটি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট ফুটবল রেগুলেটরের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রিমিয়ার লিগের প্রয়োজনীয় যাচাই-বাছাই প্রক্রিয়ার বিষয়েও স্পষ্টতা চাইবে। এসওএস তাদের সদস্য এবং লিভারপুলের বৃহত্তর সমর্থক গোষ্ঠীর সঙ্গে এই লেনদেন নিয়ে আলোচনা করবে।
সমর্থক গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, ‘এফএসজির প্রতিশ্রুতি এবং কনসোর্টিয়াম প্রধান অমিত ভাটিয়ার আগের ভূমিকা বিবেচনা করে আমরা এই বিক্রির অর্থ বুঝতে চাই। এর ফলে লিভারপুল এবং এর সমর্থকদের ভবিষ্যতে কী প্রভাব পড়বে, তা জানতে আমরা আলোচনায় বসব।’
মালিকানা নিয়ে যাচাই-বাছাইয়ের ওপর জোর দিয়ে তারা আরও বলে, ‘সুশাসন এবং ক্লাবের মালিকানার গুরুত্ব সম্পর্কে লিভারপুল ভক্তদের নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই।’
এর আগে লিভারপুল সমর্থকরা প্রস্তাবিত বিনিয়োগকারীদের পরিচয়, তাদের সম্ভাব্য প্রভাব এবং ক্লাবের মূল্যবোধের সঙ্গে এই বিনিয়োগ সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে নিশ্চয়তা চেয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.