মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকছেন স্বতন্ত্র ভোটাররা
যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে স্বতন্ত্র ভোটারদের একটি বড় অংশ ডেমোক্র্যাটিক পার্টির দিকে ঝুঁকছে। আন্তর্জাতিক জনমত জরিপ সংস্থা গ্যালাপের সর্বশেষ ত্রৈমাসিক দলীয় সম্পৃক্ততার তথ্যে এ চিত্র উঠে এসেছে, যা শনিবার প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন এক্সামিনার।

গ্যালাপের দ্বিতীয় প্রান্তিকের জরিপে রিপাবলিকান বা ডেমোক্র্যাট কোনো দলের সঙ্গেই সরাসরি যুক্ত নন এমন অংশগ্রহণকারীদের মধ্যে ৪৯ শতাংশ জানান তারা ডেমোক্র্যাটিক পার্টির প্রতি ঝুঁকে রয়েছেন। বিপরীতে ৩৯ শতাংশ অংশগ্রহণকারী রিপাবলিকানদের সমর্থনের কথা জানান।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য হোয়াইট হাউসে ফেরার পর থেকে স্বতন্ত্র ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের এই ব্যবধান চার শতাংশ বেড়েছে।
ভোটারদের এই পরিবর্তনের প্রভাব সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্তদের মধ্যেও লক্ষ্য করা গেছে।
দেশজুড়ে বর্তমানে ৩১ শতাংশ ভোটার নিজেদের ডেমোক্র্যাট হিসেবে পরিচয় দেন, যা ট্রাম্প ক্ষমতা গ্রহণের সময় ছিল ২৮ শতাংশ। ভোটারদের একটি বড় অংশ এখনও কোনো নির্দিষ্ট দলের পরিচয় দেন না, যদিও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই অনুপাত ওঠানামা করেছে।
নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২০০৮ সালের পর এটিই রিপাবলিকানদের ওপর ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকার রেকর্ড।
২০২২ সালের চতুর্থ প্রান্তিকের পর থেকে রিপাবলিকানদের প্রতি অনুরাগী স্বতন্ত্র ভোটারদের সংখ্যায় ৯ শতাংশ পতন ঘটেছে, যা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে মধ্যপন্থি ভোটারদের আকৃষ্ট করতে রিপাবলিকান প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রতি জনসমর্থন ক্রমাগত হ্রাস পাচ্ছে, যা মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় তৈরি হওয়া জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকটকে ট্রাম্প তার নির্বাচনী প্রচারের মূল ইস্যু করেছিলেন। তবে ফেব্রুয়ারিতে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির মূল্যস্ফীতি ফেডারেল রিজার্ভের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যের ওপরেই অবস্থান করছে।
ভোটাররা ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যাহত হওয়ার ফলে সৃষ্ট অতিরিক্ত ব্যয় বৃদ্ধির বিষয়টিকে দায়ী করছেন।
এদিকে রিপাবলিকানরা আশা করছে, ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী সমাজতান্ত্রিক ব্যক্তিত্বরা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে রিপাবলিকানদের জয়ে সহায়তা করতে পারেন। এদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং মিশিগান অঙ্গরাজ্যের মার্কিন সিনেট প্রার্থী আব্দুল এল সাঈদ।
রিপাবলিকান ন্যাশনাল কমিটি এই সপ্তাহে টেক্সাসে একটি নির্বাচনী ধাঁচের সম্মেলনের আয়োজন করছে, যেখানে তারা বিষয়টিকে ‘সাধারণ জ্ঞান বনাম উন্মাদনা’ হিসেবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।
যুক্তরাষ্ট্রের তিন হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর চালানো গ্যালাপের এই জরিপে সম্ভাব্য ভুলের মাত্রা (মার্জিন অব এরর) ধরা হয়েছে দুই শতাংশ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.