ইইউর শীর্ষ মানবাধিকার পুরস্কার পেল আন্তর্জাতিক অপরাধ আদালত
আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) মানবাধিকারবিষয়ক সর্বোচ্চ পুরস্কার সাখারভ পুরস্কার দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে আদালতটি ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার দুই সপ্তাহ পর গতকাল বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করা হয়। খবর আল জাজিরার

চলতি মাসে যুদ্ধাপরাধবিষয়ক এই আদালতের জন্য এটি দ্বিতীয় আন্তর্জাতিক স্বীকৃতি। এর আগে শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের জন্য আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কার ঘোষণা করে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেতসোলা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বহুপক্ষীয় ব্যবস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে। আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার সমুন্নত রাখতে আদালতটির গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি এই পুরস্কার।’
পুরস্কার প্রদানের জন্য ইউরোপীয় পার্লামেন্টকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি। আদালতটি বলেছে, এমন এক সময়ে এ সম্মাননা দেওয়া হলো, যখন আদালত ও এর কর্মকর্তারা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে রয়েছেন।
আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে বলেন, ‘এ পরিস্থিতিতে সাখারভ পুরস্কার বিশেষ তাৎপর্য বহন করে। এটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে কাজ করা ব্যক্তিদের গুরুত্ব পুনর্ব্যক্ত করে।’
নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসি দীর্ঘদিন ধরেই ট্রাম্পের লক্ষ্যবস্তু। ২০২৪ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতটির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অবস্থান আরও কঠোর হয়।
ট্রাম্প প্রশাসন আইসিসিকে ‘ইটের পর ইট খুলে’ ভেঙে দেওয়ার অঙ্গীকার করেছে। সম্প্রতি আদালতটির দৈনন্দিন কার্যক্রম পঙ্গু করে দেওয়ার লক্ষ্য নিয়ে নতুন নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছে তারা।
আইসিসিতে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ব্যক্তির বিচার করা হয়। নিষেধাজ্ঞা ঘোষণার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমরা এই অবাধ্য আদালতের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করব। এর ফলে তাদের সম্পদের জোগান বন্ধ হবে এবং আমাদের বিরুদ্ধে কাজ করার সক্ষমতা পঙ্গু হয়ে যাবে। আমাদের বার্তা স্পষ্ট, যুক্তরাষ্ট্র ও মার্কিন জনগণ এই ভুয়া আইসিসির বিচারিক এখতিয়ারের অধীন নয়।’
ওয়াশিংটন ইতিমধ্যে আইসিসির বিচারক ও কৌঁসুলিদের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। এ ছাড়া অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদক এবং আদালতে প্রমাণ সরবরাহকারী ফিলিস্তিনি অধিকার সংগঠনগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন নিষেধাজ্ঞার মুখে আইসিসির প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞাগুলো ছয় মাস পর কার্যকর হওয়ার কথা। আদালতটির কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানিয়েছে ইইউ।
পুরস্কার ঘোষণার পর অনলাইনে দেওয়া এক বার্তায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বাধীনভাবে, কোনো চাপ বা ভয়ভীতি ছাড়াই তার দায়িত্ব পালন করতে দিতে হবে।’
নিষেধাজ্ঞা কার্যকরের আগে হাতে থাকা ছয় মাস সময়কে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করানোর চেষ্টা করছে ব্রাসেলস। তবে ইইউ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের নিষেধাজ্ঞার প্রভাব থেকে আইসিসিকে সুরক্ষা দিতে একটি ‘ব্লকিং স্ট্যাটিউট’ বা নিষেধাজ্ঞা প্রতিরোধী আইনি ব্যবস্থা চালুর বিষয়টিও বিবেচনা করছে জোটটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.