আপনি পড়ছেন

দক্ষিণ ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বাহিনীর একটি বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে আঘাত হেনেছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। মর্মান্তিক এই ঘটনায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ৯০ জনেরও বেশি আহত হয়েছেন।

ওয়াশিংটন পোস্ট: ইরানে লক্ষ্যভ্রষ্ট হয়ে বিয়ের অনুষ্ঠানে মার্কিন বোমা হামলা
ইরানে মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি

গত মঙ্গলবার ইরানে মার্কিন বাহিনীর চালানো ব্যাপক বিমান হামলার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনী কুহেস্তাক উপকূলীয় শহরের একটি যোগাযোগ কেন্দ্রে হামলা চালিয়েছিল। কেন্দ্রটি আংশিকভাবে ইরানি বাহিনী ব্যবহার করত বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

অভিযানের বিষয়ে অবগত এক ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে জানান, মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে ছয়টি বোমা ফেলা হয়েছিল। এর মধ্যে একটি বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে পথ পরিবর্তন করে। সংবাদপত্রটির যাচাইকৃত ছবি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বাড়িটি মূল লক্ষ্যবস্তু টাওয়ার থেকে প্রায় ৪৪০ ফুট দূরে অবস্থিত ছিল।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি জাফরিয়ান জানান, এই বিস্ফোরণে দুই নারী এবং চার ও ১৬ বছর বয়সী দুই শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ৯০ জনেরও বেশি মানুষ। তবে ওয়াশিংটন পোস্ট এই হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। বর্তমানে পেন্টাগন এ ঘটনা তদন্ত করছে।

প্রতিবেদনে বলা হয়, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ছিল যুক্তরাষ্ট্রে তৈরি ‘জয়েন্ট স্ট্যান্ডঅফ ওয়েপনস’ (জেএসওডব্লিউ) নামের এক ধরনের গ্লাইড বোমা। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো বোমার অবশিষ্টাংশের ছবি বিশ্লেষণ করে অস্ত্র বিশেষজ্ঞ ট্রেভর বল জানান, সেগুলো জেএসওডব্লিউ বোমার অংশের সঙ্গে মিলে যায়। তবে ধ্বংসাবশেষগুলো সত্যিই হামলার স্থানের কি না, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ওয়াশিংটন পোস্ট।

ট্রেভর বল আরও বলেন, ক্ষয়ক্ষতির ধরন দেখে ধারণা করা হচ্ছে এটি জেএসওডব্লিউ বোমার এমন একটি সংস্করণ ছিল, যাতে প্রায় ১৯৩ পাউন্ড ওজনের দুটি বিস্ফোরক ওয়ারহেড থাকে। ভবনের ছাদের ওপর বা ঠিক ওপরেই বোমাটি বিস্ফোরিত হয়েছে বলে সৃষ্ট গর্ত ও ধ্বংসাবশেষের ধরন দেখে বোঝা যায়। তিনি ইরানি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ভবনে আছড়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, তেমনটি হলে ক্ষয়ক্ষতির ধরন ভিন্ন হতো।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র উপদেষ্টা মার্ক কানসিয়ান জানান, জেএসওডব্লিউ বোমা উড্ডয়নরত অবস্থাতেও নিয়ন্ত্রণ করা যায় এবং কোনো ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় এটি লক্ষ্যভ্রষ্ট হতে পারে। তিনি আরও বলেন, জেএসওডব্লিউ একাধিক দিকনির্দেশনা ব্যবস্থা ব্যবহার করায় কেবল ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে অস্ত্রটিকে বিভ্রান্ত করা অসম্ভব।

মার্কিন বিমান বাহিনীর বিশেষ অভিযানের সাবেক টার্গেটার ওয়েস ব্রায়ান্ট জানান, জনবহুল এলাকায় হামলা চালানোর আগে লক্ষ্যবস্তুর আশপাশের বেসামরিক কার্যক্রম যাচাই করা সামরিক পরিকল্পনাকারীদের জন্য বাধ্যতামূলক। তিনি ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘হামলার আগেই বেসামরিক মানুষের চলাচলের চিত্র নিশ্চিত করা উচিত এবং লক্ষ্যবস্তু সংলগ্ন প্রতিটি স্থাপনার ধরন চিহ্নিত করা আবশ্যক।’

বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, কর্তৃপক্ষ এ ঘটনা তদন্ত করছে। তিনি বলেন, ‘আমরা এটি তদন্ত করছি কারণ স্পষ্টতই আমরা বিষয়টিকে গুরুত্ব দিই। আমরা আসল ঘটনা জানতে চাই।’

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সেন্ট্রাল কমান্ড বেসামরিক হতাহতের খবরের বিষয়ে অবগত এবং তা খতিয়ে দেখছে বলে জানালেও বিস্তারিত কিছু জানায়নি। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, মার্কিন সামরিক বাহিনী ‘কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।’

অভিযানের সঙ্গে যুক্ত ব্যক্তি জানান, কুহেস্তাকে একমাত্র লক্ষ্যবস্তু ছিল ওই যোগাযোগ কেন্দ্রটি। তাই ইচ্ছাকৃতভাবে বিয়ের অনুষ্ঠানে হামলা চালানো বা লক্ষ্যবস্তু নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা নেই।

ছয় মাসব্যাপী চলমান সংঘাতে মার্কিন হামলায় বেসামরিক হতাহতের ঘটনা নিয়ে বাড়তে থাকা পর্যালোচনায় এই ঘটনাটি নতুন মাত্রা যোগ করেছে। ওয়াশিংটন পোস্ট উল্লেখ করেছে, কিছু বিমান হামলায় আশপাশের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে আইনপ্রণেতা ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ প্রশাসন প্রত্যাখ্যান করেছে।

পত্রিকাটি আরও জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে ইরানি সামরিক ঘাঁটিতে চালানো আগের এক মার্কিন বিমান হামলায় পাশের একটি বিদ্যালয়ে আঘাত লেগেছিল। এতে অন্তত ১৭৫ জন নিহত হন, যাদের মধ্যে অনেকেই ছিল শিশু। সেই ঘটনাটি পুরোনো গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে হামলার কারণে ঘটেছিল বলে অতীতে উল্লেখ করা হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.