আপনি পড়ছেন

ভারতের মধ্যপ্রদেশের অজনা নদীতে দুই মাসেরও বেশি সময় ধরে একাই পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ইন্টারনেটে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ২০ বছর বয়সী এক শিক্ষার্থী। কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই চরম স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে অজনা নদীর একটি বড় অংশ সম্পূর্ণ দূষণমুক্ত করেছেন সুরেন্দ্র সিং চৌধুরী নামের এই বিএসসি শিক্ষার্থী।

একাই দূষিত নদী পরিষ্কার করলেন ২০ বছরের তরুণ
দূষিত অজনা নদী পরিষ্কারের আগে ও পরে সুরেন্দ্র সিং চৌধুরী

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, রাজগড় জেলার বিয়াবরার বাসিন্দা ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুরেন্দ্র অনলাইনে ‘বিট্টু তবাহী’ নামে পরিচিত। তিনি অনেক দিন ধরেই নদীটি পরিষ্কারের পরিকল্পনা করছিলেন। তিনি বলেন, ‘আমি আগে থেকেই বিষয়টি নিয়ে ভাবতাম। যখনই মন্দিরে যেতাম বা নদীর পাশ দিয়ে যেতাম, নদীটি পরিষ্কার করার কথা ভাবতাম।’ তিনি আরও বলেন, ‘আমি ২৬ জানুয়ারি এই কাজ শুরু করেছিলাম। আর তখন থেকেই এটি করে আসছি।’

প্রাথমিকভাবে সুরেন্দ্রর কয়েকজন বন্ধু তার এই উদ্যোগে যোগ দিলেও পরবর্তীতে তাদের অংশগ্রহণ কমে যায়। চৌধুরী বলেন, ‘হ্যাঁ, আমার বন্ধুরাও ছিল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। কেউ কেউ এটি পছন্দ করেছে এবং কেউ কেউ করেনি।’

পরিচ্ছন্নতার এই কাজে সুরেন্দ্রকে বড় ধরনের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হয়েছে। কাজ শুরু করার সময় তিনি সাঁতারও জানতেন না। দূষিত পানিতে সুরক্ষামূলক কোনো সরঞ্জাম ছাড়াই তাকে কাজ করতে হয়েছে। দীর্ঘদিন নোংরা পানির সংস্পর্শে থাকায় তার হাত ও পায়ের চামড়া উঠে যায় এবং পায়ে মারাত্মক সংক্রমণ দেখা দেয়।

এই উদ্যোগে সুরেন্দ্র কোনো সরকারি অনুদান পাননি। নদীতে নতুন করে ময়লা ফেলা ঠেকাতে প্রয়োজনীয় সরঞ্জাম কেনা এবং নদীর পাড়ে ডাস্টবিন বসানোর জন্য তিনি ও তার বন্ধুরা প্রায় ৩০ হাজার রুপি সংগ্রহ করেন। তিনি বলেন, ‘নদীর চারপাশে আমি কয়েকটি ডাস্টবিনও বসিয়েছিলাম। ডাস্টবিনগুলো আমি নিজেই বসিয়েছি, কারো কাছ থেকে কোনো অর্থায়ন পাইনি।’ এছাড়া পানি থেকে ফেলে দেওয়া ধর্মীয় সামগ্রী সংগ্রহ করে তিনি জৈব সারে রূপান্তর করেন।

পরিচ্ছন্নতা অভিযানের বিষয়টি প্রথমে সুরেন্দ্র নিজের পরিবারের কাছে গোপন রেখেছিলেন। ফলে তার কাজের ব্যাপকতা সম্পর্কে পরিবারের সদস্যরা কিছুই জানতেন না। চৌধুরী বলেন, ‘আমার পরিবার এ বিষয়ে জানত না।’ তিনি আরও বলেন, ‘আনন্দ মাহিন্দ্রা টুইটারে এটি পোস্ট করার পর তারা জানতে পারে।’

ভারতীয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার পোস্টের মাধ্যমে সুরেন্দ্রর এই প্রচেষ্টা সবার নজরে আসে। এরপর সুরেন্দ্রর স্বাস্থ্য নিয়ে তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে। পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে চৌধুরী বলেন, ‘তারা আমাকে একা এটা না করতে বলেছিল। এতে স্বাস্থ্যের ক্ষতি হবে—এমন নানা কথা বলেছিল।’

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরেন্দ্রর উদ্যোগের প্রশংসা করেন। তিনি লেখেন, ‘আমি আজ সকালে এই গল্পটি পড়েছি এবং এটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি! শাবাশ, ভাই! আমার মতে এটি বীরত্বপূর্ণ! এর আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্য!’

তবে প্রশংসার পাশাপাশি স্থানীয়দের কটূক্তিও সহ্য করতে হয়েছে সুরেন্দ্রকে। তিনি বলেন, ‘তারা আমাকে নিয়ে মজা করে, পাগল বলে ডাকে।’

এমনকি ইন্টারনেটেও অনেকে তার কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। নদীর আগের ও পরের ভিডিও বানিয়ে প্রচার করার ক্ষেত্রে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন অনেকে। ইনস্টাগ্রামের এক ভিডিওতে সেসব অভিযোগ নাকচ করে চৌধুরী বলেন, ‘নদী এতটা পরিষ্কার করার পরও মানুষ একে এআই বলবে।’ তিনি আরও বলেন, ‘আমি নদী ভেঙে পরিষ্কার করতাম। তারপর নদীর ময়লা পরিষ্কার করতে জেসিবি-র সাহায্য নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এআই দিয়ে এই কাজ করিনি।’ তিনি বলেন, ‘আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজটি করেছি।’

চৌধুরী উল্লেখ করেন, এত চেষ্টার পরও মানুষের যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আমি জানি না কেন মানুষ নদীতে আবর্জনা ফেলে। আমি জানি না তারা কেন এমন করে। আপনি তাদের থামাতে পারবেন না।’

যে অংশে তিনি কাজ করেছেন, তা এখন অনেকটাই বদলে গেছে জানিয়ে তিনি বলেন, ‘এটি বর্তমানে খুবই পরিষ্কার।’

এই কাজেই থেমে থাকতে চান না সুরেন্দ্র। পরিবেশ রক্ষায় নিজের এই কাজকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘বর্তমানে আমি এটি আরও বড় পরিসরে করতে চাই।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.