আপনি পড়ছেন

অধিকৃত জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও দখলদারদের সন্ত্রাস বন্ধে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে জেরুজালেম বিষয়ক আরব মন্ত্রী পর্যায়ের কমিটি।

জেরুজালেমে ইসরায়েলি হামলায় ‘প্রতিরোধমূলক’ ব্যবস্থার আহ্বান আরব কমিটির
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণ

সোমবার মিশরের রাজধানী কায়রোতে আরব লিগ কাউন্সিলের ১৬৬তম মন্ত্রী পর্যায়ের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত কমিটির ১১তম বৈঠক শেষে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। একই সঙ্গে অধিকৃত এই শহরে ইসরায়েলি মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ ও নথিভুক্ত করার লক্ষ্যে একটি মিডিয়া প্ল্যাটফর্ম চালুর বিষয়ে কাতারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে কমিটি।

অধিকৃত জেরুজালেমে ইসরায়েলের অবৈধ নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের দায়িত্বপ্রাপ্ত এই বৈঠকে জর্ডানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি এবং আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত অংশ নেন। বৈঠকে পবিত্র স্থানগুলোতে হামলা ও দখলদারদের সন্ত্রাস থামাতে প্রভাবশালী আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আরব প্রচেষ্টা জোরদার করার বিষয়ে একমত হন উপস্থিত প্রতিনিধিরা।

পবিত্র স্থান ও মুসল্লিদের ওপর ইসরায়েলি নিপীড়ন পর্যবেক্ষণ, নথিভুক্তকরণ ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে একটি মিডিয়া প্ল্যাটফর্মসহ ‘টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো’ গড়ে তোলার কাতারি উদ্যোগের প্রশংসা করেছে কমিটি। সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করে এই কাঠামো বাস্তবায়ন, পরিচালন পদ্ধতি নির্ধারণ এবং অর্থায়নের উৎস চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে আরব লিগের সাধারণ সচিবালয়কে। পাশাপাশি জেরুজালেমসহ সমগ্র ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব ও অন্যায়ের চিত্র তুলে ধরতে এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষ্যে সমন্বিত কূটনৈতিক ও গণমাধ্যম প্রচারণারও আহ্বান জানিয়েছে কমিটি।

ইসলামি ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলের অপতৎপরতা বন্ধ করা এবং ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা বজায় রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক মহলে সমন্বিত তৎপরতা বাড়ানোর বিষয়ে আরব কমিটি জোর দেয়। এছাড়া আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের লঙ্ঘনসমূহ নথিভুক্ত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অধিকৃত পূর্ব জেরুজালেমের ‘ই-ওয়ান’ (E1) পরিকল্পনার আওতায় ১ হাজার ২৩৪টি অবৈধ বসতি নির্মাণের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের দরপত্র আহ্বানের তীব্র নিন্দা জানিয়েছে কমিটি। সংস্থাটি সতর্ক করে জানায়, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশের ভৌগোলিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটি পূর্ব জেরুজালেমকে তার ফিলিস্তিনি পরিবেশ থেকে আলাদা করে ফেলবে এবং একটি স্বাধীন ও ভৌগোলিকভাবে অবিচ্ছিন্ন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে সম্পূর্ণ নস্যাৎ করবে।

১৮ আগস্ট পূর্ব জেরুজালেম ও মালে আদুমিম বসতির মধ্যবর্তী এলাকায় বৃহত্তর ‘ই-ওয়ান’ প্রকল্পের অংশ হিসেবে এই দরপত্র আহ্বান করে ইসরায়েল, যার অধীনে প্রায় ৩ হাজার ৪০০ অবৈধ বসতি তৈরির পরিকল্পনা রয়েছে। পশ্চিম তীরের আঞ্চলিক অখণ্ডতায় মারাত্মক প্রভাব ফেলার কারণে এই পরিকল্পনাটি তীব্র আন্তর্জাতিক বিরোধিতার মুখে পড়েছে।

এদিকে অধিকৃত জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত কালান্দিয়া প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর অভিযান ও উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়েছে কমিটি। এ ধরনের পদক্ষেপকে ‘বিপজ্জনক উসকানি এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন’ হিসেবে অভিহিত করার পাশাপাশি জাতিসংঘের সংস্থাগুলোর বিশেষ অধিকার ও সুরক্ষার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করা হয়। ইউএনআরডব্লিউএ-এর কার্যক্রম লক্ষ্য করে চালানো ধারাবাহিক ইসরায়েলি অভিযানেরও তীব্র বিরোধিতা করেছে কমিটি।

২৫ আগস্ট ইসরায়েলি বাহিনী কালান্দিয়ার ওই কারিগরি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেয়। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন-গভির উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার কথা জানান। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, সংস্থাটির বিরুদ্ধে অভ্যন্তরীণ আইন প্রয়োগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, কালান্দিয়া প্রশিক্ষণ কেন্দ্রটি ছিল সংস্থাটির পরিচালিত সবচেয়ে প্রাচীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর একটি।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা পরিবর্তনের যেকোনো ইসরায়েলি প্রচেষ্টার কঠোর সমালোচনা করেছে আরব কমিটি। কমিটি পুনর্ব্যক্ত করে জানায়, পুরো ১৪৪ দুনম এলাকা নিয়ে গঠিত আল-আকসা মসজিদ বা আল-হারাম আল-শরিফ ‘শুধুমাত্র মুসলমানদের জন্য একটি একক ইবাদতের স্থান।’ একই সঙ্গে জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর পরিচয় ও ঐতিহাসিক মর্যাদা রক্ষায় জর্ডানের হাশেমাইট রাজপরিবারের ঐতিহাসিক অভিভাবকত্বের গুরুত্বও তুলে ধরা হয়।

অধিকৃত জেরুজালেমে ইসরায়েলের অবৈধ নীতি মোকাবেলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং আন্তর্জাতিক প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সমন্বয় সাধনের লক্ষ্যে ২০২১ সালের মে মাসে আরব লিগ কাউন্সিলের সিদ্ধান্তে এই আরব মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.