আপনি পড়ছেন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিদ্যমান পুঁজি ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দ্রুত পরিবেশবান্ধব বিনিয়োগে রূপান্তর করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আসন্ন কপ৩১ জলবায়ু সম্মেলনে বাস্তবায়নের ওপর তুরস্কের গুরুত্বারোপকে স্বাগত জানিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী প্রশাসক নিক রেনে হার্টম্যান শুক্রবার এই তাগিদ দেন।

কপ৩১ সম্মেলনের আগেই দ্রুত পরিবেশবান্ধব বিনিয়োগের তাগিদ
তুরস্কে অনুষ্ঠেয় কপ৩১ জলবায়ু সম্মেলনের প্রতীকী বোর্ড

ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ইনভেস্টমেন্ট সামিট টুওয়ার্ডস কপ৩১’ শীর্ষক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হার্টম্যান বলেন, টেকসই জলবায়ু ও উন্নয়ন প্রকল্পগুলোর সঙ্গে আর্থিক সম্পদের সমন্বয় সাধন করাই এখন মূল চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘আমাদের পুঁজির কোনো অভাব নেই। সময় আমাদের পক্ষে নেই।’

হার্টম্যানের হিসাব অনুযায়ী, বৈশ্বিক আর্থিক ব্যবস্থার মোট সম্পদের পরিমাণ ৩০৫ ট্রিলিয়ন ডলার। তিনি উল্লেখ করেন, উন্নয়নশীল দেশগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রতি বছর ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন ঘাটতি রয়েছে, যা বৈশ্বিক মোট আর্থিক সম্পদের মাত্র প্রায় ১ দশমিক ৪ শতাংশ।

তিনি জানান, উন্নত অর্থনীতির তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের খরচ সাত গুণ পর্যন্ত বেশি হতে পারে।

২০১০ সাল থেকে সৌরশক্তির খরচ ৯০ শতাংশ এবং ব্যাটারি সংরক্ষণের খরচ ৯৩ শতাংশ কমেছে উল্লেখ করে তিনি কার্যকর নীতিমালা, নির্ভরযোগ্য অবকাঠামো এবং ঝুঁকি ভাগাভাগি ব্যবস্থার ওপর জোর দেন।

কপ৩১ সম্মেলনকে একটি ‘বাস্তবায়নমুখী কপ’ হিসেবে রূপ দিতে তুরস্কের উচ্চাকাঙ্ক্ষাকে স্বাগত জানিয়ে হার্টম্যান বলেন, বিনিয়োগের গতি ও পরিধি উভয়ই বাড়াতে হবে।

তিনি জানান, কপ৩১ সম্মেলনে উপস্থাপন করা হবে ‘ক্লাইমেট ব্রিজ’ উদ্যোগ, যার লক্ষ্য জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিগুলোকে বাস্তব বিনিয়োগের সুযোগে রূপান্তর করা। এর প্রাথমিক পরীক্ষামূলক প্রকল্পগুলো ইথিওপিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং উজবেকিস্তানে চালুর পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সহজ শর্তে অর্থায়ন, অনুদান, গ্যারান্টি, ঝুঁকি ভাগাভাগি ব্যবস্থা এবং বেসরকারি পুঁজিকে একত্র করা হবে।

হার্টম্যান জানান, ৫০টি দেশে ইউএনডিপি ইতিমধ্যে ৭০০টি টেকসই উন্নয়ন বিনিয়োগের সুযোগ চিহ্নিত করেছে। ২০২২ সাল থেকে সংস্থাটি সরকারি ও বেসরকারি অর্থায়নের ৯২০ বিলিয়ন ডলারেরও বেশি তহবিলকে এসডিজির সঙ্গে সমন্বয় করতে সহায়তা করেছে।

তুরস্কে ইউএনডিপি এবং দেশটির শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের ৪৫ লাখ ইউরো বা প্রায় ৫০ লাখ ৪০ হাজার ডলারের সহায়তায় একটি সম্পদ দক্ষতা কর্মসূচি তৈরি করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বিনিয়োগের উপযোগী প্রকল্প প্রস্তুত করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ইউরোপীয় ক্রেতাদের কাছে পরিবেশবান্ধব অংশীদার হিসেবে তুর্কি সরবরাহকারীদের সক্ষমতা বৃদ্ধি করা।

বিনিয়োগকারীদের উদ্দেশে হার্টম্যান আহ্বান জানান, তারা যেন কেবল অর্থায়ন নিশ্চিতের কাছাকাছি থাকা প্রকল্পগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা উন্নয়ন ও স্থানীয় সরবরাহকারীদের পেছনে বিনিয়োগ করেন এবং শুরু থেকেই টেকসই প্রক্রিয়া অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন, ‘টেকসই হওয়াকে কেবল নিয়ম মানার খরচ হিসেবে দেখা উচিত নয়। এটি অর্থনৈতিক মূল্য বৃদ্ধির একটি ক্রমবর্ধমান উৎস এবং একটি লাভজনক বিনিয়োগ।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.