ইউক্রেনে বিপণিবিতানে রুশ ড্রোন হামলা, প্রাণ গেল ৫ জনের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহ্রাদ শহরে একটি বিপণিবিতানে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনের বেলায় চালানো ওই হামলায় বিপণিবিতানের দোকানপাট ও বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় রাস্তাগুলো মানুষে পরিপূর্ণ ছিল বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি। খবর বিবিসির

আঞ্চলিক গভর্নর অলেক্সান্দর হানঝা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, আহত ৬৭ জনের মধ্যে আটজন শিশু। ইউক্রেনের জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক সংস্থার প্রকাশ করা ছবিতে পাভলোহ্রাদের একটি সড়কে ধোঁয়ার মধ্যে আগুনে জ্বলতে থাকা যানবাহনে পানি ছিটিয়ে আগুন নেভাতে দেখা গেছে দমকলকর্মীদের।
হামলায় নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বিবৃতিতে তিনি বলেন, বিপণিবিতানের কাছে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে হত্যার জন্য রাশিয়া ড্রোন ব্যবহার করেছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এ হামলাকে ‘চাপ প্রয়োগের কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, বেসামরিক মানুষের ওপর অবিরাম হামলা চালিয়ে ইউক্রেনীয়দের ক্লান্ত করে দেওয়া এবং ইউক্রেনকে ছাড় দিতে বাধ্য করা যাবে—রাশিয়া এমনটাই মনে করে।
পাভলোহ্রাদ দনিপ্রো শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ও পরিবহনকেন্দ্র। এর আগেও শহরটিতে ব্যাপক হামলা হয়েছে। গত মাসে একটি গুদামে হামলায় সেখানে দুজন প্রাণ হারান।
এর আগে বুধবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছিলেন, সুমি শহরের একটি বিপণিবিতানে রুশ ড্রোন হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সুমিতে রুশ বিমান হামলায় আরও আটজন আহত হন, যাদের মধ্যে তিনজন শিশু।
জাপোরিঝঝিয়া শহরেও সোমবার একটি বিপণিবিতানে রুশ বিমান হামলা হয়। অঞ্চলটির রাজধানী এই শহরের ওই বিপণিবিতানটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন এর মালিকেরা। তবে হামলার সময় বিপণিবিতানটি বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত মাসে ক্রিভি রিহ শহরের একটি বিপণিবিতানে রুশ ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত ও ১৩০ জন আহত হন বলে জানিয়েছিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ। দেশটিতে বিপণিবিতানে চালানো হামলাগুলোর মধ্যে এটিকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে।
তবে রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের বিভিন্ন এলাকাতেও বিপণিবিতান হামলার শিকার হয়েছে। সোমবার দোনেৎস্ক অঞ্চলের বন্দরনগরী মারিউপোলে একটি বিপণিবিতানে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া যায়। গত মাসেও দোনেৎস্ক শহরে একই ধরনের আরেকটি হামলার খবর জানিয়েছিল রুশপন্থী কর্তৃপক্ষ।
এদিকে বুধবার রাতে রাশিয়ার পর্যটননগরী সোচির উপকূলে ইউক্রেনীয় নৌ-ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এতে ২৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন শিশু। ইউক্রেনীয় হামলায় আরও তিনজন নিহত হওয়ার খবরও জানিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার রুশ কর্মকর্তারা জানান, বেলগোরদ অঞ্চলের নভি ওস্কোল শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। একই দিন রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝঝিয়া অঞ্চলে বুধবার একটি গাড়িতে ইউক্রেনীয় হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী নিহত হয়। ওই হামলায় ছয় বছরের একটি শিশু ও দুই নারী আহত হন। একই অঞ্চলে বেসামরিক একটি পণ্যবাহী ট্রাকে পৃথক হামলায় একজন পুরুষ নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো প্রতিনিধিদের নতুন উদ্যোগও এখন পর্যন্ত তেমন দৃশ্যমান ফল বয়ে আনেনি। সপ্তাহান্তে মস্কোয় পুতিন এবং কিয়েভে জেলেনস্কির সঙ্গে প্রতিনিধিদের আলোচনার পরও যুদ্ধ বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.