রিয়াদ-হুতি উত্তেজনায় কঠিন পরীক্ষায় পাকিস্তান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী এবং সৌদি বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে মধ্যস্থতাকারী পাকিস্তান উভয় সংকটে পড়েছে। প্রায় এক বছর ধরে রিয়াদের প্রতিরক্ষা অংশীদার এবং একই সঙ্গে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের গোপন যোগাযোগের মাধ্যম হিসেবে দ্বৈত ভূমিকা পালন করে আসছিল ইসলামাবাদ। তবে সাম্প্রতিক সংঘাতের কারণে পাকিস্তান কতদিন এই ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রাখতে পারবে, তা নিয়ে বড় ধরনের পরীক্ষা শুরু হয়েছে।

গত মাসে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রেও এই সংঘাতকে প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ইসলামাবাদ ও রিয়াদের মধ্যকার বিদ্যমান চুক্তির পাশাপাশি হওয়া এই নতুন ব্যবস্থা অনুযায়ী, তিনটি দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
পাকিস্তানি কর্মকর্তাদের আশঙ্কা, চলতি বছরের শুরুতে সৌদি জ্বালানি অবকাঠামোতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার চেয়েও হুতিদের বর্তমান হুমকি পাকিস্তানকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলার ঝুঁকি বেশি তৈরি করছে। জুলাই মাসে রয়টার্সকে দুই পাকিস্তানি কর্মকর্তা জানান, ইয়েমেন সংলগ্ন সৌদি সীমান্তে পাকিস্তানি সেনারা মোতায়েন রয়েছে, যা তাদের সরাসরি ঝুঁকিতে ফেলেছে।
কয়েক বছরের তীব্র সংকটের পর ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব চুক্তির পাশাপাশি উপসাগরীয় বিনিয়োগ নিয়েও আলোচনা চলছিল। তবে একই সঙ্গে পাকিস্তান হরমুজ প্রণালী ও লোহিত সাগর দিয়ে তেল ও গ্যাস পরিবহনের ওপর চরমভাবে নির্ভরশীল। ইরান এবং হুতিরা ইতিমধ্যে এই নৌপথগুলোতে বিঘ্ন ঘটানোর সক্ষমতা দেখিয়েছে। ফলে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করলেও তেহরানকে পুরোপুরি অসন্তুষ্ট করতে পারছে না ইসলামাবাদ।
অতীতে পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ইরানের মধ্যকার উত্তেজনাও প্রাণঘাতী সংঘাতে রূপ নিয়েছিল। দুই বছর আগে অভিন্ন সীমান্তে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসলামাবাদও পাল্টা হামলা চালিয়েছিল। যদিও সেই উত্তেজনা দ্রুত প্রশমিত হয়।
এবার সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তা রোধ করার চেষ্টা করছে ইসলামাবাদ। বুধবার সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্র রয়টার্সকে জানায়, হুতি মিত্রদের নিয়ন্ত্রণে রাখতে চলতি সপ্তাহে পাকিস্তানের মাধ্যমে ইরানকে সতর্কবার্তা পাঠিয়েছে রিয়াদ। একই সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপ করেন। একটি পাকিস্তানি সূত্র জানায়, সব ফ্রন্টে উত্তেজনা হ্রাসে কূটনৈতিক প্রচেষ্টা পুনরুদ্ধারের উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
রয়টার্সকে অপর এক পাকিস্তানি সরকারি কর্মকর্তা জানান, সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান নিজেদের উপস্থিতি কম দৃশ্যমান রাখার চেষ্টা করছে, কারণ এতে তাদের নিজস্ব স্বার্থ জড়িত। পাকিস্তান কোনোভাবেই ইরানের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না।
বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান জানান, হুতি হামলার জবাবে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বর্তমানে আলোচনার টেবিলে নেই। পরবর্তীতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইরানের নেতৃত্ব ধারাবাহিকভাবে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেছে। পাকিস্তান সবসময় উত্তেজনা বৃদ্ধির বিরোধিতা করেছে এবং সংযম, সংলাপ ও কূটনীতির পক্ষে অবস্থান নিয়েছে।’
প্রকাশ্যে ইরানি কর্মকর্তারা পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে জানিয়েছেন, তারা এই প্রতিরক্ষা চুক্তিকে হুমকি হিসেবে দেখছেন না। তবে পর্দার আড়ালের চিত্র ভিন্ন বলে আলোচনা সংশ্লিষ্ট তিনটি ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে। তাদের মতে, পাকিস্তানের সদিচ্ছা থাকলেও বাস্তবায়নের সক্ষমতা কিংবা কাতারের মতো দক্ষ মধ্যস্থতাকারীদের সমকক্ষ অভিজ্ঞতা ইসলামাবাদের নেই। বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
এদিকে যে ভারসাম্যের নীতি ইসলামাবাদ নিয়েছে, তার বাস্তবতা বিবেচনা করে তারা নতুন পদক্ষেপ নিচ্ছে। গত বছর সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর কুয়েতও একই ধরনের চুক্তির আগ্রহ প্রকাশ করেছিল। তবে ইরানি হামলার ঝুঁকিতে থাকা উপসাগরীয় আরেকটি দেশের সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করার বিষয়ে সতর্ক অবস্থান নিয়ে আলোচনা সীমিত করে দেয় পাকিস্তান। শেষ পর্যন্ত গত মাসে ইসলামাবাদে প্রশিক্ষণ, সীমান্ত নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির মতো সীমিত পরিধিতে কুয়েতের সঙ্গে একটি প্রটোকল স্বাক্ষর করে তারা। মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার স্পষ্ট করেন, পাকিস্তান-সৌদি-তুরস্ক জোটে এই মুহূর্তে নতুন সদস্য যুক্ত করার কোনো পরিকল্পনা নেই।
যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের সহযোগী ফেলো ফারজানা শেখ ইসলামাবাদের প্রতি তেহরানের আস্থা কতটা সুদৃঢ় তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মন্তব্য করেন, কাতার বা ওমানের যে সক্ষমতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তা পাকিস্তানের নেই। ইসলামাবাদের এই বর্ধিত ভূমিকা তাদের নিজস্ব কূটনৈতিক শক্তির চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিল্ড মার্শাল অসীম মুনিরের ব্যক্তিগত সম্পর্কের ওপর বেশি নির্ভরশীল। ক্রিপ্টো চুক্তি, বিরল খনিজে মার্কিন প্রবেশাধিকার এবং সন্ত্রাসবিরোধী তৎপরতার প্রেক্ষাপটে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার পর ট্রাম্প একাধিকবার মুনিরকে তার ‘প্রিয় ফিল্ড মার্শাল’ হিসেবে অভিহিত করেছেন।
তবে ওয়াশিংটনভিত্তিক পাকিস্তান-ইরান সম্পর্ক বিষয়ক বিশ্লেষক কামরান বোখারি মনে করেন, এই পরিস্থিতি মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের জন্য পুরোপুরি নেতিবাচক নাও হতে পারে। তেহরান ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ রাখছে মূলত রিয়াদ ও ওয়াশিংটনের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার কারণেই। একটি সম্পূর্ণ নিরপেক্ষ দেশ যেভাবে বার্তা পাঠাতে পারে না, পাকিস্তান সেই ভূমিকা রাখতে পারছে। রিয়াদ ও ওয়াশিংটনও পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে এই সুবিধার ওপরই ভরসা করছে। তবে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলে এই সমীকরণ বদলে যেতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.