আপনি পড়ছেন

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী গতকাল শুক্রবার বাব আল-মান্দাব প্রণালীর কৌশলগত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে। ইয়েমেন সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। একই সময়ে ইরাক থেকে আসা ড্রোন হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন।

সৌদির পাইপলাইন বন্ধ, উপসাগরীয় তেল সরবরাহে নতুন শঙ্কা
সৌদি আরবের পাম্পিং স্টেশনে আগুন জ্বলছে। ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে তৈরি হওয়া সংকট কিছুটা কমাতে এই পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। কূটনৈতিকভাবে যুদ্ধ থামানোর প্রচেষ্টা থমকে যাওয়ার মধ্যে পাইপলাইনটি বন্ধ হওয়ায় উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহের ওপর আরও চাপ তৈরি হয়েছে।

আরব উপদ্বীপের বিপরীত প্রান্তে অবস্থিত হরমুজ প্রণালীর পাশাপাশি বাব আল-মান্দাব প্রণালিও যদি হুতিদের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে তাদের পৃষ্ঠপোষক ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা পেতে পারে। এতে বিশ্বের তেল সরবরাহের আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথও সংকুচিত হবে এবং তেলের দাম আরও বাড়তে পারে।

হুতিদের এই অগ্রযাত্রাকে যুদ্ধের একটি বিপজ্জনক নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চেয়েছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান দলের রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে এ পরিস্থিতি তাদের জন্য আরও চাপ তৈরি করছে।

সৌদি আরব-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের দুটি সূত্র জানিয়েছে, তাদের বাহিনী পেরিম দ্বীপ থেকে সরে গেছে। একই সঙ্গে হুতিরা দ্বীপটির মুখোমুখি মূল ভূখণ্ডের লোহিত সাগর উপকূলের ধুবাব শহরও দখলে নিয়েছে।

ছয় মাস আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। বিশ্বে মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়, সেটি কার্যত বন্ধ হয়ে যায়। এরপর বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব লোহিত সাগরপথের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। উপসাগরীয় দেশগুলো, জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তি এবং ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে পাইপলাইনের সক্ষমতা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা করেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও মদিনা অঞ্চলে পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে একাধিক হামলার পর পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। হামলাটি কারা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। সৌদি আরব শুধু জানিয়েছে, ড্রোনগুলো ইরাক থেকে এসেছিল। ইরাকে ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরব এখন পর্যন্ত পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয়নি বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। তবে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরব সংরক্ষণ করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইরাক সরকার হামলার নিন্দা জানিয়েছে।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরবের তেল বৈশ্বিক বাজারে পৌঁছানোর প্রধান বিকল্প পথ। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ও বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে এই পাইপলাইন দিয়ে প্রতিদিন ৪০ লাখ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ।

হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তবে রপ্তানিতে এর কী ধরনের প্রভাব পড়েছে, তা বিস্তারিত জানানো হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও যাচাই করা হচ্ছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা শুক্রবার জানিয়েছে, সৌদি আরবের অপরিশোধিত তেল সরবরাহ তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বাব আল-মান্দাব দিয়ে চলাচলকারী জাহাজে হুতি-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলাও এর অন্যতম কারণ বলে জানিয়েছে সংস্থাটি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য সমুদ্রপথে চলাচল নিরাপদ রয়েছে। সৌদি জাহাজের ওপর আগে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা বহাল থাকবে বলে জানান তিনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.