আপনি পড়ছেন

হরমুজ প্রণালী দিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি যৌথ নৌপথ চালুর বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ওমানের রাজধানী মাস্কাটে সোমবার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসে এই চুক্তিতে সই করবেন। শনিবার ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই তথ্য নিশ্চিত করেন।

হরমুজ প্রণালী নিয়ে আরব দেশগুলোর সঙ্গে চুক্তি করছে ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘চলতি সপ্তাহের সোমবার মাস্কাটে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। সেখানে হরমুজ প্রণালীতে ওমান ও ইরানের মধ্যে যৌথ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হবে এবং আন্তর্জাতিক মেরিটাইম সংস্থাকে বিষয়টি জানানো হবে।’

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের ওপর হামলার জন্য যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করেছিল, তারাও এই বৈঠকে অংশ নেবে।’

যুক্তরাষ্ট্রের সংঘাত ও ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক চাপ প্রসঙ্গে তিনি বলেন, ওয়াশিংটন সামরিকভাবে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে অর্থনৈতিক ব্যবস্থার আশ্রয় নিয়েছে।

পেজেশকিয়ান বলেন, ‘তারা যুদ্ধের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি। সে কারণেই তারা অর্থনৈতিক চাপের দিকে ঝুঁকেছে, কিন্তু আমরা থেমে থাকব না।’

ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ নিয়ে তিনি বলেন, তার দেশ টিকে থাকার জন্য পুরোপুরি সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয়।

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ‘সমুদ্রপথ অবশ্যই এমন কিছু নয় যার ওপর আমাদের টিকে থাকা নির্ভর করে। ফলে এই উপায়েও তারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না।’

যুক্তরাষ্ট্র তাদের আরোপিত অবরোধ ও হামলা বন্ধ করলে ইরান হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, পারস্য উপসাগরীয় আটটি দেশের অংশগ্রহণে সোমবার ওমানে একটি আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বাঘাই উল্লেখ করেন, এই বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণ নিয়ে ইরান-ওমান আলোচনার ফলাফল নিয়ে কথা হবে।

তিনি বলেন, জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান কাজ করে যাচ্ছে। তবে মার্কিন নৌ অবরোধ এবং সামরিক হস্তক্ষেপ চলতে থাকলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।

এদিকে সোমবারের এই বৈঠকের বিষয়ে ওমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

এর আগে সোমবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেন, হরমুজ প্রণালী দিয়ে একটি নতুন করিডোরের বিষয়ে ওমানের সঙ্গে খুব দ্রুতই একটি চুক্তি সই হবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রস্তাবিত এই করিডোরের প্রবেশ ও প্রস্থান পথ সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে থাকবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.