আপনি পড়ছেন

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সামরিক সংঘাত তীব্র রূপ নেওয়ায় ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের প্রধান বৈদেশিক শ্রমবাজার ও প্রবাসী আয়ের প্রবাহ। রিয়াদ ও হুথিদের মধ্যকার এই যুদ্ধাবস্থা দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের দেশটিতে কর্মরত ৪০ লাখেরও বেশি বাংলাদেশীর কর্মসংস্থান সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। আজ শুক্রবার বণিক বার্তায় প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি-হুথি সংঘাত: ঝুঁকিতে বাংলাদেশের রেমিট্যান্স ও শ্রমবাজার
হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের তায়েফের ভবন। ছবি- সৌদি প্রেস এজেন্সি

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব থেকে প্রবাসী আয় এসেছে ৫৮৫ কোটি ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ৪২৬ কোটি ডলার। চলমান অর্থবছরের শুধু জুলাই মাসেই এসেছে ৫৮ কোটি ৭৩ লাখ ডলার। কর্মসংস্থান ব্যুরোর তথ্যানুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া মোট জনশক্তির প্রায় দুই-তৃতীয়াংশ বা ৭ লাখ ৫৫ হাজার ১৯৪ জন কর্মী সৌদি আরবে যান। চলতি বছরের প্রথম আট মাসে দেশটিতে গেছেন আরো ২ লাখ ৭৬ হাজার ৮৭৭ জন।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন জানান, যুদ্ধ দীর্ঘায়িত হলে সৌদি আরবের অর্থনীতি সংকুচিত হবে এবং বিদেশী শ্রমিকদের কর্মসংস্থানে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। সেবা ও শিল্প খাতে কাজের সুযোগ কমলে বহু কর্মী চাকরি হারিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হতে পারেন। এতে রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির গতি ব্যাহত হবে।

সম্প্রতি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আবহা, নাজরান, জিজান এবং খামিস মুশাইত এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। আরামকোর স্থাপনা ও বিমানঘাঁটি আক্রান্ত হওয়ায় এসব এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এমনকি মক্কার কাছাকাছি ড্রোন প্রতিহত করার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফ্রান্সভিত্তিক জিওপলিটিক্স স্ট্র্যাটেজি ল্যাবের প্রধান ড. সাজ্জাদ মোহাম্মদ জসীমউদ্দীন উল্লেখ করেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে কৃষি, খামার ও ক্ষুদ্র ব্যবসায় বিপুলসংখ্যক বাংলাদেশী কর্মরত রয়েছেন। সংঘাত ছড়িয়ে পড়লে তাদের নিরাপত্তা ও আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধ ও পরিবহন সংকটে সৌদি আরবের অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক ১ কোটি ৯ লাখ ব্যারেল থেকে কমে ৬২ লাখ ব্যারেলে নেমেছে, যা গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন। দেশটির ২০২৬ সালের বাজেটে ৪ হাজার ৪০০ কোটি ডলার ঘাটতি ধরা হয়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্প ও নির্মাণ খাতে ব্যয় কমাতে পারে সৌদি সরকার, যার সরাসরি প্রভাব পড়বে নতুন কর্মী নিয়োগ ও বর্তমান কর্মীদের আয়ের ওপর।

শ্রমবাজারের বাইরে জ্বালানি সরবরাহেও ঝুঁকির মুখে পড়েছে বাংলাদেশ। দেশে বছরে ব্যবহৃত ৬৫ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেলের মধ্যে সৌদি আরামকো থেকে প্রায় সাড়ে সাত লাখ টন অপরিশোধিত তেল আমদানি হয়। বাব এল-মান্দেব ও হরমুজ প্রণালীতে নৌচলাচল বিঘ্নিত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও পরিবহন খরচ বৃদ্ধি পেয়ে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়িয়ে দেবে।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির জানান, সৌদি আরবে পরিস্থিতি জটিল হলে প্রবাসীদের নিরাপত্তার পাশাপাশি ইউরোপের বাজারে পণ্য রফতানি ব্যাহত হতে পারে। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও প্রস্তাবিত বিনিয়োগেও প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। সম্প্রতি সৌদি আরবের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণে ১৮ কোটি ডলারসহ বন্দর খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিল। সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকারি সফরের আমন্ত্রণও জানিয়েছেন। সংঘাতের কারণে এসব অর্থনৈতিক উদ্যোগের সময়সূচিতে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.