আপনি পড়ছেন

দেশে শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ডিজিটাল ব্যাংকিং দেশের ডিজিটাল অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থমন্ত্রী: শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগ
আমীর খসরু মাহমুদ চৌধুরী

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: পলিসি গোলস, ট্রানজেকশন্স ইকোলজি অ্যান্ড সাসটেইনেবল রোডম্যাপ’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিভিন্ন খাতের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।

অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যাংকিং খুব শিগগিরই হতে যাচ্ছে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ এটি আমাদের ডিজিটাল অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম প্রধান অংশ।

তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিংকে শুধু একটি পৃথক ব্যাংকিং ব্যবস্থা হিসেবে দেখলে হবে না। নিরবচ্ছিন্ন ইন্টারনেট, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং ব্যাংকিং সেবার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল আর্থিক পরিবেশ গড়ে তুলতে হবে। এ জন্য সাইবার নিরাপত্তা, উন্নত ডিজিটাল অবকাঠামো এবং নির্ভুলভাবে ক্রেডিট তথ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ডিজিটাল ব্যাংকিং চালু হলে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা নিম্ন আয়ের মানুষ, কৃষকসহ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়বে।

সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির উদাহরণ দিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় অনেক গৃহিণী ব্যাংক হিসাব খুলছেন। একইভাবে ফারমার্স কার্ডের মাধ্যমে লেনদেনের সুবিধা পাওয়ায় কৃষকদের মধ্যেও ব্যাংক হিসাব খোলার আগ্রহ তৈরি হচ্ছে।

তিনি বলেন, মানুষ যখন কোনো প্রথাগত ব্যবস্থার মাধ্যমে অর্থ পায়, তখন ব্যাংকিং সিস্টেমে আসার ক্ষেত্রে তারা এক ধরনের প্রণোদনা পায়।
সংলাপে অংশগ্রহণকারীরা বাংলা কিউআর ব্যবস্থার অপব্যবহার এবং সর্বনিম্ন মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) ও ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) তুলে দেওয়ার বিষয়টি তুলে ধরেন। তাদের মতে, এর ফলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কাঠামোয় চাপ তৈরি হয়েছে।

অংশগ্রহণকারীরা আরও জানান, চার্জমুক্ত ডিজিটাল পেমেন্টের সুযোগ নিয়ে কিছু এজেন্ট এমএফএসের অর্থ ব্যাংকিং চ্যানেলে স্থানান্তর করছেন। এ ধরনের অপব্যবহার বন্ধে কার্যকর নজরদারির প্রয়োজন রয়েছে।

সংলাপে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বাংলা কিউআর ব্যবস্থাকে এগিয়ে নেওয়া প্রয়োজন, তবে একই সঙ্গে এর অপব্যবহার ঠেকাতে হবে। তার মতে, টেকসই ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে একাধিক বিষয়ে ধাপে ধাপে সমাধান আনতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ট্রেড লাইসেন্সের আবেদন বা নবায়নের ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের বাংলা কিউআর সুবিধা রাখার বিষয়টি বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি একটি অভিন্ন জাতীয় কিউআর স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

আহসান এইচ মনসুর বলেন, ডিজিটাল ব্যাংকিং খাতের বিষয়টিও বর্তমানে এক ধরনের স্থবিরতার মধ্যে রয়েছে। তার সময়ে ডিজিটাল ব্যাংকের জন্য প্রয়োজনীয় মানদণ্ড ও প্রক্রিয়া নির্ধারণ করে তালিকা তৈরির কাজ করা হলেও পরবর্তী সময়ে সেটি আর এগোয়নি।
পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলা কিউআর বাস্তবায়নে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই রোডম্যাপ প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতকে গুরুত্ব দিয়ে ডিজিটাল অর্থনীতির অন্যান্য ক্ষেত্রের সঙ্গেও সমন্বয় করতে হবে।

তিনি বলেন, অংশীজনেরা পুরো প্রক্রিয়ায় যুক্ত হয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা দিতে প্রস্তুত। তবে কার্যকর ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে এ বিষয়ে আরও বিস্তৃত আলোচনা প্রয়োজন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.