সরকারি চাকরিতে পদোন্নতির নিয়মে বড় পরিবর্তন আনছে সরকার
- Details
- by ২৪ ডেস্ক
সরকারি চাকরিতে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতা ও পদোন্নতি ব্যবস্থায় পরিবর্তন আনতে নতুন বিধিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বিধিমালায় পদোন্নতির যোগ্যতা অর্জনের পরও কেউ স্বেচ্ছায় পদোন্নতি নিতে না চাইলে সেটিকে অসদাচরণ হিসেবে বিবেচনার বিধান রাখা হয়েছে।

এ ধরনের ক্ষেত্রে সরকারি চাকরি আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিধিমালাটির খসড়া তৈরি করে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার কাজ চলছে।
প্রস্তাবিত বিধিমালায় পদোন্নতির ক্ষেত্রে বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআরের নম্বরকেও গুরুত্ব দেওয়া হয়েছে। পদোন্নতির যোগ্যতা অর্জনের জন্য বিগত পাঁচ বছর অথবা ফিডার পদে চাকরিকালের মধ্যে যেটি কম, সেই সময়ের ন্যূনতম গড় এসিআর নম্বর ৮০ থাকতে হবে।
অন্যদিকে, গড় নম্বর ৬৯-এর নিচে হলে সেটিকে বিরূপ মন্তব্য হিসেবে বিবেচনা করার প্রস্তাব করা হয়েছে। তবে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতির জন্য বিবেচিত হবেন না।
খসড়া বিধিমালা অনুযায়ী, পদোন্নতির জন্য নির্ধারিত শূন্য পদের বিপরীতে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি দেওয়া যাবে। তবে লিয়েন বা চলতি দায়িত্বের কারণে সাময়িকভাবে তৈরি হওয়া শূন্য পদে পদোন্নতি দেওয়ার সুযোগ থাকবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মো. মোস্তফা জামান জানিয়েছেন, ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতা ও পদোন্নতি নিয়ে নতুন বিধিমালা প্রণয়নের কাজ চলছে। খসড়াটি বিভিন্ন পক্ষের মতামতের জন্য দেওয়া হয়েছে। বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত পরিবর্তনের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি।
খসড়ায় নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণের পদ্ধতিও উল্লেখ করা হয়েছে। উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে যে ব্যক্তি আগে নিয়োগ পেয়েছেন, তিনি পরবর্তী নিয়োগপ্রাপ্তদের তুলনায় জ্যেষ্ঠতা পাবেন।
একই সময়ে একাধিক ব্যক্তিকে কোনো কমিটি বা কমিশনের সুপারিশে নিয়োগ দেওয়া হলে মেধাতালিকার ভিত্তিতে তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। মেধাতালিকা না থাকলে বয়সকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সও সমান হলে শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষ এবং পরে ফলাফলের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
সমন্বিত জ্যেষ্ঠতার ক্ষেত্রে ফিডার পদে নিয়মিত যোগদানের তারিখকে ভিত্তি ধরা হবে। যোগদানের তারিখ একই হলে বয়স, এরপর শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষ ও ফলাফল বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ফিডার পদের মেধাক্রমও বিবেচনায় থাকবে।
বিচারাধীন মামলা ও দণ্ডের বিষয়েও খসড়ায় বেশ কিছু বিধান রাখা হয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় অভিযোগনামা দাখিল, দুদকের মামলায় অভিযোগপত্র দাখিল, ফৌজদারি মামলায় সরকারি অনুমোদন বা গ্রেপ্তারের ঘটনা থাকলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার পদোন্নতি স্থগিত থাকবে।
লঘুদণ্ডের মেয়াদ এক বছর এবং গুরুদণ্ডের মেয়াদ দুই বছর হলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও আরও দুই বছর পদোন্নতির জন্য তাকে বিবেচনা না করার প্রস্তাব রয়েছে।
তবে বিভাগীয়, দুদক বা ফৌজদারি মামলায় শেষ পর্যন্ত অব্যাহতি পেলে পদ শূন্য থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী পদোন্নতির সুযোগ পাবেন। একই সঙ্গে তাকে ধারণাগত জ্যেষ্ঠতা দেওয়ার বিধানও রাখা হয়েছে।
খসড়া বিধিমালায় উচ্চতর স্কেলে পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটি বা কমিশনের সুপারিশের কথা বলা হয়েছে। বিভাগীয় পদোন্নতিও নির্ধারিত কোটার মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব রয়েছে।
কোটার বাইরে অতিরিক্ত পদোন্নতি দেওয়া হলে সংশ্লিষ্টদের জ্যেষ্ঠতা পদোন্নতির তারিখ থেকে গণনা করা যাবে না। অন্যদিকে, উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ক্ষেত্রে কমিটি বা কমিশনের সুপারিশ অনুযায়ী যোগদানের তারিখ থেকেই জ্যেষ্ঠতা গণনার সুযোগ থাকবে।
একই ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে আগে সুপারিশ পাওয়া ব্যক্তিরা পরবর্তী সুপারিশপ্রাপ্তদের তুলনায় জ্যেষ্ঠতা পাবেন। একই সময়ে একই ব্যাচের একাধিক কর্মকর্তার পদোন্নতির সুপারিশ হলে বয়সের ভিত্তিতে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।
নতুন বিধিমালার আলোচিত প্রস্তাবগুলোর একটি হলো, পদোন্নতির যোগ্যতা অর্জনের পরও কেউ পদোন্নতি গ্রহণে অনিচ্ছা প্রকাশ করলে সেটিকে অসদাচরণ হিসেবে গণ্য করা।
সরকারি চাকরি আইনে অসদাচরণের জন্য লঘু ও গুরুদণ্ডের বিধান রয়েছে। এর মধ্যে তিরস্কার, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত এবং নিম্ন ধাপে অবনমিত করার মতো লঘুদণ্ড রয়েছে। গুরুদণ্ডের মধ্যে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমন, বাধ্যতামূলক অবসর এবং চাকরি থেকে অপসারণের বিধান রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, নন-ক্যাডার কর্মকর্তাদের একটি অংশ, বিশেষ করে ঢাকায় কর্মরতদের মধ্যে সহকারী সচিব পদে পদোন্নতি নেওয়ার বিষয়ে অনাগ্রহ রয়েছে। পদোন্নতি পেলে ঢাকার বাইরে বদলির আশঙ্কা থেকে কেউ কেউ বর্তমান পদেই থাকতে চান। এই প্রবণতা কমাতেই পদোন্নতির যোগ্যতা অর্জনের পর তা গ্রহণ না করাকে অসদাচরণ হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে।
তবে সাবেক অতিরিক্ত সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া মনে করেন, যথাযথভাবে বিধিমালা প্রণয়ন না হলে ভবিষ্যতে জটিলতা ও মামলা-মোকদ্দমার সৃষ্টি হতে পারে। তার মতে, বিদ্যমান বিধিমালা সংশোধনের পরিবর্তে নতুন বিধিমালা করা হলে এ ধরনের জটিলতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.