আপনি পড়ছেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আকস্মিক ও গোপন সফর করেছেন। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

আবুধাবিতে গোপন সফরে নেতানিয়াহু, শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক
বেনিয়ামিন নেতানিয়াহু

চ্যানেল ১২-এর প্রতিবেদনে দুই বেনামি সূত্রের বরাত দিয়ে বলা হয়, রবিবার দুপুরের পর একটি বেসরকারি বিমানে আবুধাবির উদ্দেশে রওনা হন নেতানিয়াহু। স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তিনি সেখানে পৌঁছান। প্রায় চার ঘণ্টা সংযুক্ত আরব আমিরাতে অবস্থানের পর তিনি দেশটি ত্যাগ করেন।

তবে নেতানিয়াহুর এই সফর কিংবা শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। একইভাবে ইসরায়েলে অবস্থিত আমিরাতের দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নেতানিয়াহুর এই সফরের খবর এমন সময় সামনে এলো, যখন চলতি মাসে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের বড় হামলার পরিকল্পনা সম্পর্কে প্রায় দেড় সপ্তাহ আগেই নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন শেখ মোহাম্মদ। তবে সেই সতর্কবার্তা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বা সামরিক বাহিনীর কাছে পৌঁছায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

হারেৎজের ওই প্রতিবেদন অবশ্য অস্বীকার করেছেন নেতানিয়াহু। একই সঙ্গে সংবাদপত্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। ৭ অক্টোবরের হামলার আগে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার জন্য অবশ্য দেশটির বিরোধী রাজনৈতিক নেতারা নেতানিয়াহুর সরকারের সমালোচনা করে আসছেন।

হারেৎজের প্রতিবেদন নিয়ে সংযুক্ত আরব আমিরাত কোনো মন্তব্য করেনি। তবে দেশটি জানিয়েছে, ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই দুই দেশের মধ্যে ‘উন্মুক্ত ও সরাসরি যোগাযোগের মাধ্যম’ চালু রয়েছে। এর আগে আমিরাতের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, বিভিন্ন দেশের সঙ্গে নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে আলোচনা হয়; তবে এসব আলোচনা জাতীয় নেতাদের পর্যায়ে হয় না।

নেতানিয়াহুর আমিরাত সফর নিয়ে এর আগেও এমন তথ্য সামনে এসেছিল। চলতি বছরের মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল, নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তবে পরে আমিরাত সেই দাবি নাকচ করে জানায়, শেখ মোহাম্মদের সঙ্গে নেতানিয়াহুর কোনো বৈঠক হয়নি।

ওই সময় বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছিল, ২৬ মার্চ আবুধাবির আল-আইন শহরে ওমান সীমান্তের কাছে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদের সাক্ষাৎ হয়েছিল।

২০২০ সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। এরপর দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা গড়ে ওঠে। সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধের সময় হামলার মুখে পড়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে আমিরাত।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সংযুক্ত আরব আমিরাতকে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মাধ্যমও দিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.