স্টারলিংকের বিধিনিষেধ তুলে নিতে যুক্তরাষ্ট্র ও মাস্কের প্রতি জেলেনস্কির আহ্বান
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা স্টারশিল্ডের গতিসীমা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, এ সেবার গতি কমিয়ে রাখায় রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনের সামরিক সক্ষমতা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছেন তিনি। খবর বিবিসির

জেলেনস্কি বলেন, আমরা আশা করছি, এসব বিধিনিষেধ তুলে নেওয়া হবে। শীতের আগে মানুষের জীবন এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর সুরক্ষা সরাসরি এর ওপর নির্ভর করছে।
স্টারশিল্ডের গতি নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে। এটি ইলন মাস্কের মালিকানাধীন সামরিক কাজে ব্যবহারের উপযোগী স্টারলিংক সেবা। যুক্তরাষ্ট্র সরকার ইউক্রেনকে এই সেবা দিয়ে থাকে।
জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র সরকার এবং মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে যতটা সম্ভব ঘনিষ্ঠভাবে কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘ইতিহাসের সঠিক পক্ষে থাকা গুরুত্বপূর্ণ।’ এ বিষয়ে হোয়াইট হাউস ও স্টারলিংকের কাছে মন্তব্য জানতে চেয়েছে বিবিসি।
যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য ইউক্রেন সাধারণ স্টারলিংক সেবা ব্যবহার করে। অন্যদিকে, ইউক্রেনের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কাজে ব্যবহার করা হয় স্টারশিল্ড।
গত অক্টোবরে প্রথম স্টারশিল্ডের গতিসীমা আরোপের বিষয়টি সামনে আসে। এ নিয়ে ইলন মাস্ক ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে পরস্পরবিরোধিতা দেখা দেয়। মাস্ক বলেন, স্টারশিল্ড যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে থাকায় এ বিধিনিষেধের জন্য তারাই দায়ী। তবে ট্রাম্প দায় অস্বীকার করে বলেন, তিনি মাস্ককে সেবাটি আগের অবস্থায় ফিরিয়ে দিতে বলেছেন।
এদিকে রাশিয়ার অভ্যন্তরে তেল অবকাঠামোয় ইউক্রেনের হামলা নিয়ে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের সময়েই এই সংযোগ সমস্যার সৃষ্টি হয়। ইউক্রেনের দাবি, রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থের অন্যতম প্রধান উৎস তেল খাত। তাই দেশটির তেল শোধনাগারে হামলা চালানো জরুরি। তবে ট্রাম্পের অভিযোগ, এসব হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।
রোববার জেলেনস্কি বলেন, বিদ্যুৎ উপকেন্দ্র লক্ষ্য করে রাশিয়ার জেটচালিত ড্রোনের হামলা প্রতিহত করতে ইউক্রেন হিমশিম খাচ্ছে। কারণ, সম্মুখসারির যুদ্ধক্ষেত্র এবং রাশিয়ার দখলে থাকা সাময়িকভাবে অধিকৃত অঞ্চলগুলোতে স্টারশিল্ড টার্মিনালের কার্যগত গতিসীমা এখনো বহাল রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঘণ্টায় ১৬১ কিলোমিটার (১০০ মাইল) গতিতে চলার সময় ইউক্রেনের প্রতিরোধী ড্রোনগুলো পরিচালনাকারীদের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলছে। ফলে রাশিয়ার জেটচালিত ‘শাহেদ’ ড্রোনের সঙ্গে পাল্লা দিয়ে সেগুলোকে আটকাতে পারছে না। এসব ড্রোনের নকশা ইরানের তৈরি ড্রোনের আদলে করা।
শুক্রবার জেলেনস্কি জানান, সোমবার থেকে স্টারলিংক নেটওয়ার্কে ঘণ্টায় প্রায় ১০০ মাইল গতিসীমা কার্যকর করা হয়েছে। তবে এই বিধিনিষেধ পুরো ইউক্রেনে নয়, শুধু রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোতে আরোপ করা হয়েছে।
এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রেরও সংকটে পড়েছে ইউক্রেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা আরও জোরদার করেছে রাশিয়া।
ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জাপোরিঝঝিয়া, সুমি, ওদেসা, ঝিতোমির ও কিরোভোহরাদ অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া দিনিপ্রো, খারকিভ ও জাপোরিঝঝিয়া অঞ্চলের রেল অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে।
এসব হামলায় বেশ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। দোনেৎস্ক ও কিয়েভ অঞ্চলেও হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। চেরনিহিভ অঞ্চলের মেনা শহরে একটি অবকাঠামো স্থাপনায় হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ চাউস।
অন্যদিকে, রাশিয়ার মধ্যাঞ্চলীয় নিঝনেকামস্ক শহরের একটি পেট্রোরাসায়নিক কারখানা ও একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রামে জানায়, ১৫ নভেম্বর রাতে তাতারস্তানের নিঝনেকামস্কে হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.