আপনি পড়ছেন

ইরান আর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন দোলাচলের পরিস্থিতিতে থাকবে না। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অথবা যুদ্ধ—উভয় পরিস্থিতির জন্যই তেহরান প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কলিবাফ। রোববার তিনি এই সতর্কবার্তা দেন।

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতিতে থাকবে না ইরান
ইরানের প্রতিনিধি দলের কনফারেন্সে উপস্থিতির দৃশ্য

ইরানি সংবাদ সংস্থা ইসনার বরাতে কলিবাফের বক্তব্য তুলে ধরা হয়। ভার্চুয়াল পার্লামেন্ট অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আমেরিকানরা যদি আমাদের সাতটি যৌক্তিক শর্ত মেনে নেয়, তবে সমঝোতার পথ এখনো উন্মুক্ত রয়েছে।’ একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘তবে আমেরিকানরা যদি এবার কোনো ভুল করে, তাহলে যুদ্ধক্ষেত্রের ভৌগোলিক বিস্তার তাদের ইচ্ছা বা অভিপ্রায়ে নির্ধারিত হবে না, বরং ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও দৃঢ়তাই তা নির্ধারণ করবে।’

বক্তব্যে ওই সাতটি শর্তের বিস্তারিত ব্যাখ্যা দেননি কলিবাফ। তবে আগের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের নিরাপদ চলাচলের নিশ্চয়তা, একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানি তেল রপ্তানি থেকে বিধিনিষেধ প্রত্যাহার, জব্দ করা সম্পদ অবমুক্ত করা, দেশের অভ্যন্তরে পারমাণবিক উপাদান রাখার অনুমতি এবং যুদ্ধের সমাপ্তি।

একটি নতুন ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচনের প্রেক্ষাপটে তিনি এসব কথা বলেন। যুদ্ধের সময় শত্রুর গোলাবর্ষণের মুখে স্থাপনাটি নির্মাণ করা হয়েছে বলে তিনি জানান। এই স্থাপনাকে শুধু প্রযুক্তিগত বা প্রতিরক্ষামূলক অর্জনের চেয়েও বেশি কিছু বলে তিনি অভিহিত করেন। তার মতে, এটি অঞ্চলের কৌশলগত ভারসাম্যে পরিবর্তনের প্রতীক।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রশংসা করে কলিবাফ বলেন, তাদের সক্ষমতা ইসরায়েলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং ইরানি ও ফিলিস্তিনিদের মনোবল বাড়িয়েছে।

একই সঙ্গে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেন ইরানি স্পিকার। তিনি একে ইরানের শক্তির মুখে ওয়াশিংটনের হতাশার প্রমাণ হিসেবে বর্ণনা করেন। কলিবাফ বলেন, ইরানকে অপমান করার চেষ্টা না করে উপসাগরীয় অঞ্চলে নিজেদের কৌশলগত ব্যর্থতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের ভাবা উচিত। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে স্কট বেসেন্ট ইরানের নেতৃত্বের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করেন এবং আইআরজিসিকে ‘কোণঠাসা বিপজ্জনক প্রাণী’র সঙ্গে তুলনা করেন। এছাড়া তিনি নিরাপত্তা উদ্বেগের কারণে ওয়াশিংটনের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন বলেও জানান।

দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কলিবাফ বলেন, সামরিক প্রস্তুতির পাশাপাশি মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও নিত্যপণ্যের দামের ওঠানামার মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাও তাদের বড় অগ্রাধিকার।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। পরবর্তীতে এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে জুন মাসে একটি সমঝোতা স্মারক সই করে ওয়াশিংটন ও তেহরান। তবে বৈশ্বিক জ্বালানি পরিবহন ও বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা এবং নিরাপত্তা নিয়ে মতবিরোধের জেরে চূড়ান্ত নিষ্পত্তি এখনও আটকে রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.