আসাম-বাংলাদেশ নৌবাণিজ্যে নতুন অধ্যায়, ৭০ বছর পর পণ্য পরিবহন
- Details
- by ২৪ ডেস্ক
প্রায় সাত দশক পর ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় থেকে আবারও আন্তর্জাতিক নৌবাণিজ্য শুরু হয়েছে। সোমবার বগীবিল টার্মিনাল থেকে বাংলাদেশের উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে একটি বার্জ যাত্রা শুরু করেছে। স্বাধীনতার পর আসাম থেকে কোনো বিদেশি বন্দরের উদ্দেশে নৌপথে পণ্য পাঠানোর এটিই প্রথম ঘটনা।

ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বগীবিল টার্মিনালে এই পণ্য পরিবহনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চালানটি বাংলাদেশের নারায়ণগঞ্জের পানগাঁও বন্দরে পৌঁছাবে।
নামরুপে রাষ্ট্রীয় মালিকানাধীন আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল নিয়ে বার্জটি প্রথমে ব্রহ্মপুত্র নদ দিয়ে ভারতের জাতীয় জলপথ-২ ব্যবহার করবে। বগীবিল থেকে প্রায় ৭৬৮ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে এটি ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছাবে।
এরপর প্রটোকল রুট অনুসরণ করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করবে। বগীবিল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পুরো যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার।
জাহাজটির নাম ‘ডিএলবি পাতকাই’। ‘কুশল কোঁওর’ নামের একটি টাগবোটের সহায়তায় এটি পণ্য নিয়ে বাংলাদেশের পানগাঁও বন্দরের দিকে যাবে।
এই চালানের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ-আসাম নৌবাণিজ্যের নতুন অধ্যায়ই নয়, ডিব্রুগড়ের পুরোনো নদীবাণিজ্যও পুনরায় সচল হলো।
ঐতিহাসিকভাবে ডিব্রুগড়ের নদীবন্দরটি চা ও অন্যান্য পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু ১৯৫৬ সালে চা পরিবহনের বড় অংশ নদীপথ থেকে রেলপথে স্থানান্তরিত হলে ডিব্রুগড় থেকে নিয়মিত পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে নদীবন্দরটির বাণিজ্যিক কার্যক্রম কার্যত স্থবির ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে সর্বানন্দ সোনোয়াল জানান, তাদের পূর্বপুরুষেরা ডিব্রুগড় ঘাটে স্টিমারের শব্দ শুনে বড় হয়েছেন। দীর্ঘ ৭০ বছর সেই শব্দ থেমে ছিল। এবার আবার ডিব্রুগড় থেকে বাণিজ্যিক পণ্য নিয়ে জাহাজ যাত্রা শুরু করেছে।
তার ভাষ্য, নদীগুলো কখনো তাদের ব্যর্থ করেনি; বরং এতদিন সেগুলোকে পুনরায় বাণিজ্যের কাজে ব্যবহারের উদ্যোগের অভাব ছিল।
সংশ্লিষ্টরা বলছেন, এবারের মিথানল পরিবহনকে পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে আন্তর্জাতিক বাজারের যোগাযোগে ব্রহ্মপুত্র নদকে বাণিজ্যিক পণ্য পরিবহনের একটি কার্যকর করিডর হিসেবে গড়ে তোলার সম্ভাবনা যাচাই করা হবে।
ভবিষ্যতে বাংলাদেশে নিয়মিত মিথানল পাঠানোর পরিকল্পনাও রয়েছে। বগীবিল ও ধুবড়িতে শুল্ক ও অভিবাসনসংক্রান্ত সুবিধা চালু হওয়ায় সীমান্তপথে এই ধরনের আন্তর্জাতিক নৌবাণিজ্য পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। তিনি এই চালানকে রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন। তার বক্তব্য, আসামে উৎপাদিত পণ্য এখন আসামের নদীপথ ব্যবহার করে সরাসরি আন্তর্জাতিক বাজারের দিকে যাচ্ছে। এতে উত্তর-পূর্ব ভারতকে আর দেশের প্রান্তিক অঞ্চল হিসেবে দেখার সুযোগ নেই; বরং অঞ্চলটি ভারতের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ডিব্রুগড়ের নদীপথে বাণিজ্যিক যোগাযোগ পুনরুজ্জীবনে বগীবিল যাত্রী ও পণ্য টার্মিনালকে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে টার্মিনালটি চালু হয়।
এর সঙ্গে শুল্ক ও অভিবাসন অবকাঠামো এবং জলপথে পণ্য পরিবহনে প্রণোদনা দেওয়ার সরকারি কর্মসূচিও নৌবাণিজ্য সম্প্রসারণে সহায়ক হয়েছে।
গত কয়েক বছরে এই নৌপথে পরীক্ষামূলক ও বাণিজ্যিক কার্যক্রমও বেড়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে টাটা স্টিলের একটি বার্জ বাংলাদেশ হয়ে ভারতের পান্ডুতে পৌঁছায়। ২০২৩ সালে ‘এমভি গঙ্গা বিলাস’ নামের নদীভ্রমণ জাহাজ বাংলাদেশ হয়ে বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত যাত্রা করে।
সড়ক ও রেলপথের পাশাপাশি পণ্য পরিবহনের বিকল্প মাধ্যম হিসেবে অভ্যন্তরীণ জলপথের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির জাতীয় জলপথগুলোতে পণ্য পরিবহনের পরিমাণ ২০১৩-১৪ অর্থবছরে ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন ছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৮০ লাখ মেট্রিক টনে।
উত্তর-পূর্ব ভারতের জলপথ অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৮০০ কোটি রুপির বেশি বিনিয়োগ করা হচ্ছে। এই অর্থে জাতীয় জলপথ-২ উন্নয়ন, পান্ডুতে জাহাজ মেরামতের সুবিধা তৈরি এবং পান্ডু বন্দরের সঙ্গে শেষ ধাপের যোগাযোগব্যবস্থা উন্নয়নের মতো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সোনোয়ালের মতে, জলপথে পণ্য পরিবহনের অর্থনৈতিক সুবিধার পাশাপাশি পরিবেশগত সুফলও রয়েছে। নদীপথে বেশি পণ্য পরিবহন করা গেলে জ্বালানি খরচ কমবে এবং মহাসড়কে ট্রাকের চাপও কমানো সম্ভব হবে।
আঞ্চলিক জলপথ যোগাযোগ সম্প্রসারণে ভারত বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে কাজ করছে। ডিব্রুগড় থেকে বাংলাদেশে মিথানল পরিবহনের এই উদ্যোগ সেই বৃহত্তর আঞ্চলিক যোগাযোগ পরিকল্পনার অংশ হিসেবেও দেখা হচ্ছে।
সংশ্লিষ্টদের আশা, পরীক্ষামূলক এই চালান সফল হলে ভবিষ্যতে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন পণ্য বাংলাদেশের নদীবন্দর হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দীর্ঘদিন পর সচল হওয়া ডিব্রুগড়ের নদীবাণিজ্যও পেতে পারে নতুন গতি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.