গ্যাসের অনিশ্চয়তায় কয়লানির্ভর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন
দেশীয় গ্যাসের উৎপাদন কমছে, বাড়ছে চাহিদা। অন্যদিকে উচ্চমূল্য ও সরবরাহের অনিশ্চয়তায় এলএনজি আমদানিও হয়ে উঠেছে ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে দেশের বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের পরিবর্তে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কয়লা। নতুন নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু এবং তুলনামূলক সাশ্রয়ী জ্বালানি হিসেবে এর ব্যবহার বাড়ায় বিদ্যুৎ খাতের জ্বালানি মিশ্রণে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।

একসময় দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রধান ভরসা ছিল প্রাকৃতিক গ্যাস। তবে গত কয়েক বছরে সেই চিত্র পাল্টাতে শুরু করেছে। গ্যাসের সংকট, আমদানিনির্ভর জ্বালানির বাড়তি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা বিদ্যুৎ উৎপাদনে নতুন সমীকরণ তৈরি করেছে। এর ফলে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর ওপর নির্ভরতা বাড়ছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে কয়লার অবদান ছিল ৬ দশমিক ২৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৭২ শতাংশে। অর্থাৎ চার বছরের ব্যবধানে বিদ্যুৎ উৎপাদনে কয়লার অংশ বেড়েছে চার গুণেরও বেশি।
বিপরীতে একই সময়ে গ্যাসের অবদান কমেছে। ২০২১-২২ অর্থবছরে মোট উৎপাদনের ৫৫ দশমিক ০৬ শতাংশ আসত গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে হয়েছে ৪৪ দশমিক ০৮ শতাংশ।
বিদ্যুৎ উৎপাদনে কয়লার অগ্রগতি এখন শুধু বার্ষিক হিসাবেই সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ চাহিদার কয়েকটি দিনেও গ্যাসভিত্তিক কেন্দ্রের তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের তথ্য বলছে, গত ৩ অক্টোবর সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় মোট উৎপাদিত বিদ্যুতের ৩৬ শতাংশ এসেছে কয়লা থেকে। গ্যাস থেকে এসেছে ৩৪ শতাংশ। পরদিনও কয়লার অংশ ছিল ৩৫ শতাংশ, গ্যাসের ৩৩ শতাংশ। যদিও ৫ অক্টোবর গ্যাস সামান্য ব্যবধানে এগিয়ে ছিল।
মাসভিত্তিক উৎপাদনের হিসাবেও কয়লার অবস্থান শক্তিশালী হওয়ার প্রমাণ মিলছে। আগস্টে আমদানি বাদে দেশে উৎপাদিত বিদ্যুতের মধ্যে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর অবদান ছিল ৩ হাজার ৮৫৪ দশমিক ২৮ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। একই সময়ে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদিত হয়েছে ৩ হাজার ৪৬১ দশমিক ০৮ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।
জুলাই মাসেও কয়লা থেকে উৎপাদন ছিল বেশি। ওই মাসে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো ৩ হাজার ৯২০ দশমিক ২১ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা এবং গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো ৩ হাজার ৬৫৯ দশমিক ১৫ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করে। তবে জুন থেকে এপ্রিল পর্যন্ত কয়েকটি মাসে গ্যাসের উৎপাদন বেশি ছিল। ফলে কয়লার এগিয়ে যাওয়া এখনো সব মাসে স্থায়ী হয়নি।
কয়লার ব্যবহার বাড়ার পেছনে গ্যাস-সংকটের পাশাপাশি বড় ভূমিকা রেখেছে একের পর এক কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়া। গত কয়েক বছরে পায়রা, রামপাল, মাতারবাড়ী, এসএস পাওয়ার ও পটুয়াখালীর মতো বড় প্রকল্প উৎপাদনে যুক্ত হয়েছে। পাশাপাশি ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের কেন্দ্র থেকেও বাংলাদেশ বিদ্যুৎ পাচ্ছে।
পায়রা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট ২০২০ ও ২০২১ সালে বাণিজ্যিক উৎপাদনে আসে। রামপালের দুটি ইউনিট চালু হয় ২০২২ ও ২০২৩ সালে। একই বছর এসএস পাওয়ারের প্রথম ইউনিট উৎপাদন শুরু করে। পরে মাতারবাড়ীর দুটি ইউনিটও চালু হয়। পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রের প্রথম ইউনিট ২০২৫ সালের জানুয়ারিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে।
বিপিডিবির আগস্ট মাসের তথ্য অনুযায়ী, দেশে ১৩৬টি বিদ্যুৎকেন্দ্রের মোট স্থাপিত উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৩৪৭ মেগাওয়াট। এর মধ্যে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর সক্ষমতা ১১ হাজার ৭০৪ মেগাওয়াট এবং কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর সক্ষমতা ৬ হাজার ৫০৯ মেগাওয়াট। অর্থাৎ স্থাপিত সক্ষমতায় গ্যাস এখনো এগিয়ে থাকলেও বাস্তব উৎপাদনে কয়লার অংশ বাড়ছে।
কয়লার ওপর নির্ভরতা বাড়ার অন্যতম কারণ দেশের গ্যাস সরবরাহে দীর্ঘদিনের ঘাটতি। একদিকে দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমছে, অন্যদিকে বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, সার কারখানা ও অন্যান্য খাতে চাহিদা বাড়ছে।
সরকারের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট।
এই ঘাটতির কারণে বিভিন্ন খাতে গ্যাস সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করতে হচ্ছে। শিল্পকারখানা ও সার উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ খাতে গ্যাস দিতে গিয়ে অনেক সময় বিদ্যুৎকেন্দ্রগুলো প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না। এতে সক্ষমতা থাকা সত্ত্বেও গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোকে উৎপাদন কমাতে হচ্ছে।
দেশীয় গ্যাসের ঘাটতি পূরণে ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি করছে বাংলাদেশ। তবে আমদানিনির্ভর এই ব্যবস্থাও পুরোপুরি নির্ভরযোগ্য হয়ে উঠতে পারেনি। মহেশখালীর দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজি গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির একটি ভাসমান টার্মিনালে আগুন লাগার ঘটনায় গ্যাস সরবরাহ ব্যাহত হয়। এতে বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কাঠামোগত সংকট কাটেনি।
এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম ও ভূরাজনৈতিক অস্থিরতা আমদানি ব্যয় বাড়াচ্ছে। ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হওয়ার পাশাপাশি সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতার মধ্যে কয়লা তুলনামূলক স্থিতিশীল প্রাথমিক জ্বালানি হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কয়লাভিত্তিক কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানিয়েছেন, আগামী গ্রীষ্মের বাড়তি চাহিদা মোকাবিলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় কয়লা আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে।
তবে কয়লার ওপর অতিরিক্ত নির্ভরতার ক্ষেত্রে আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার চাপ ও পরিবেশগত প্রভাবও বিবেচনায় রাখতে হবে। অন্যদিকে গ্যাসের উৎপাদন বাড়ানো এবং সরবরাহব্যবস্থার উন্নয়ন ছাড়া বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন।
সব মিলিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনে বড় পরিবর্তনের আভাস স্পষ্ট। গ্যাসের সংকট যত বাড়ছে, কয়লার গুরুত্বও তত বাড়ছে। আপাতত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কয়লার ওপর নির্ভরতা বাড়ানোর দিকেই এগোচ্ছে বাংলাদেশ। তবে দীর্ঘমেয়াদে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে জ্বালানির বহুমুখীকরণই হবে বড় চ্যালেঞ্জ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.