আপনি পড়ছেন

চলমান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার নতুন প্রস্তাব বিনিময় করেছে। দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদার করার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে দুই নেতার মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনার নতুন প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্র
ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) শীর্ষ সম্মেলন এবং কাস্পিয়ান সাগর পরিবেশ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। একই সঙ্গে জ্বালানি, কৃষি, পরিবহন ও বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।

তারা যৌথ প্রকল্পগুলোর কাজ চূড়ান্ত ও দ্রুত সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেন। পাশাপাশি উভয় দেশের জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে সংগতি রেখে ব্যাপক পরিসরে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সির (ইসনা) প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ সত্ত্বেও ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা থেকে সরে আসবে না বলে মন্তব্য করেছেন পেজেশকিয়ান।

তিনি বলেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিবার কথা বলার সময়ই তারা আবার আক্রমণ করে। তবুও আমরা আলোচনার টেবিল এবং সংলাপ থেকে সরে যাব না।’

পেজেশকিয়ান জানান, তেহরান তাদের প্রস্তাব জমা দিয়েছে এবং ওয়াশিংটনও নতুন কিছু প্রস্তাব উত্থাপন করেছে।

তিনি আরও বলেন, ‘আমরা এই প্রস্তাবগুলো সংশোধন করেছি। এগুলো চূড়ান্ত হয়ে গেলে বিদ্যমান মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমাদের একসঙ্গে বসার এবং বিষয়গুলো সমন্বয় করার কথা রয়েছে।’

আঞ্চলিক সংকট এবং জাতিসংঘে রাশিয়ার ভূমিকার জন্য পুতিনকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান। মস্কো একপাক্ষিক নীতির বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্বমঞ্চে সহায়তা করেছে বলে তিনি উল্লেখ করেন।

বিদ্যমান পরিস্থিতি পারস্পরিক অংশীদারত্ব আরও গভীর করার সুযোগ তৈরি করেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, তেহরান ও মস্কোর মধ্যে সমন্বয় ‘দ্রুত ও জোরালোভাবে’ এগিয়ে যাবে।

তিনি জানান, আন্তর্জাতিক আইনের আওতায় ইরানি জনগণের অধিকার রক্ষা নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধ বন্ধ করতে চায় তেহরান।

এর আগে ১ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতা সরাসরি সাক্ষাৎ করেছিলেন। সেখানে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে আলোচনা করেন।

ওই বৈঠকের সময় পুতিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিকে ‘অস্থির এবং অত্যন্ত ভঙ্গুর’ বলে অভিহিত করেছিলেন এবং তেহরানের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সম্প্রতি বুধবার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে পেজেশকিয়ান এবং পুতিন টেলিফোনে কথা বলেন। সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট এই সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন দিতে মস্কোর প্রস্তুতির কথা জানান।

কাস্পিয়ান উপকূলের আওয়াজা জাতীয় পর্যটন অঞ্চলে আয়োজিত সিআইএস শীর্ষ সম্মেলন এবং কাস্পিয়ান সাগর পরিবেশ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দুই দিনের সফরে তুর্কমেনিস্তানে পৌঁছান পুতিন।

সিআইএস সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন অগ্রগতি পর্যালোচনা করার কথা রয়েছে।

এদিকে কাস্পিয়ান সম্মেলনে উপকূলবর্তী পাঁচটি দেশ—আজারবাইজান, ইরান, কাজাখস্তান, রাশিয়া ও তুর্কমেনিস্তানের রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। এই সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে কাস্পিয়ান সাগর অঞ্চলের পরিবেশগত সহযোগিতা বৃদ্ধি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.