সরঞ্জাম সংকট সত্ত্বেও বিশ্ববাজার মাতাচ্ছে আফগান পান্না
আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার দুর্গম পাহাড়ি এলাকায় চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে আদিম ও সাধারণ সরঞ্জাম দিয়ে মূল্যবান পান্না পাথর উত্তোলন করছেন স্থানীয় খনিশ্রমিকরা। আধুনিক প্রযুক্তির চরম সংকট থাকা সত্ত্বেও সেখানকার উৎপাদিত উচ্চমানের পান্না বিশ্বজুড়ে ক্রেতাদের নজর কাড়ছে।

পাঞ্জশির প্রাদেশিক সরকারের কার্যালয়ের একটি জনাকীর্ণ হলে সম্প্রতি পান্নার নিলাম অনুষ্ঠিত হয়, যেখানে ক্রেতাদের উপস্থিতি এবং দরদাম ছিল বেশ চোখে পড়ার মতো। রাজধানী কাবুলসহ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা খসখসেভাবে কাটা সবুজ পাথরের ছোট স্তূপগুলো পরীক্ষা করেন। পাথরের মান যাচাই করতে তারা মুঠোফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে আলো ফেলে পাথরগুলো পর্যবেক্ষণ করেন।
নিলামে সেরা পাথরগুলোর জন্য তীব্র প্রতিযোগিতা দেখা যায়। রত্নপাথর ব্যবসায়ী গোলাম মোস্তফা হাবিবি আল জাজিরাকে বলেন, ‘অত্যন্ত উচ্চমানের হওয়ার কারণে বিশ্বজুড়ে পাঞ্জশিরের পান্নার বহু ক্রেতা রয়েছে। এ কারণেই বিশ্ববাজারের অন্যান্য পান্নার তুলনায় এগুলোর দাম অনেক বেশি।’
নিলামের শেষ নাগাদ প্রায় ৩ হাজার ক্যারেট মূল্যের মূল্যবান পাথর বিক্রি হয়, যা চলতি বছরে এ ধরনের ২৩তম নিলাম। এ বছর আফগানিস্তানে বিক্রি হওয়া পান্নার আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি আফগানি (যা প্রায় ৬১ লাখ ২০ হাজার মার্কিন ডলার)। গত বছরের তুলনায় এই বিক্রির হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
কয়েক দশকের যুদ্ধবিধ্বস্ত এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভারে জর্জরিত একটি দেশের জন্য এই মূল্যবান খনিজ পদার্থের বাণিজ্য এক বিরাট অর্থনৈতিক সম্পদ। বিশেষ করে উত্তর-পূর্ব আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে এটি বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে।
পাঞ্জশির উপত্যকা জুড়ে ছড়িয়ে থাকা বহু ছোট আকারের ব্যক্তিমালিকানাধীন খনি কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা খনিবিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আমান রেজাই বলেন, ‘সৌভাগ্যবশত বর্তমানে পাঞ্জশিরের খনি খাতে ১৫ হাজারের বেশি মানুষ কর্মরত রয়েছেন।’
জীবিকা নির্বাহের জন্য উপত্যকার খাড়া পাহাড়ের তলদেশে ভূগর্ভে ঘণ্টার পর ঘণ্টা হাড়ভাঙা খাটুনি খাটছেন শ্রমিকরা। পাথুরে ও অনুর্বর এই ভূপ্রকৃতিতে ফসল বা উৎপাদনের সুযোগ সীমিত হওয়ায় এই মূল্যবান পাথরই তাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন।
রেজাই জানান, এখানে বড় কোনো কোম্পানি বা উৎপাদনমুখী কারখানা নেই বললেই চলে। স্থানীয়দের কর্মসংস্থানের প্রধান উৎসই হলো খনি খাত। তিনি আরও উল্লেখ করেন, তারা এমন দুই হাজারের বেশি খনি এলাকা চিহ্নিত করেছেন যা ভবিষ্যতে উন্নয়ন করা সম্ভব।
২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে তালেবান কর্তৃপক্ষ জানায়, রত্নপাথর ও অন্যান্য মূল্যবান খনিজ উত্তোলনের জন্য তারা মূলত চীনা, রুশ ও ইরানি বিনিয়োগকারীসহ বহু বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, খনি এবং তেল ও মূল্যবান খনিজ সম্পদের নিলামের ওপর ভর করে এপ্রিল ও মে মাসে দেশটির রাষ্ট্রীয় রাজস্ব আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে এত সম্ভাবনা সত্ত্বেও আফগানিস্তানের রত্নপাথর খনি খাতে এখনো আন্তর্জাতিক মানের বিনিয়োগ ও বিশেষজ্ঞ দক্ষতার ঘাটতি রয়েছে।
পাঞ্জশির প্রদেশের গভর্নর হাফিজ মুহাম্মদ আগা হাকিম আল জাজিরাকে বলেন, ‘আফগানিস্তানের মূল্যবান খনিজ সম্পদের জন্য আন্তর্জাতিক বাজার প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন প্রস্তাব এসেছে, বিশেষ করে কাবুলে।’
তিনি আরও বলেন, ‘এখানে প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি আনা যেতে পারে, যাতে বিশ্ববাজারে রপ্তানি করার আগে এই খনিজগুলো দেশেই প্রক্রিয়াজাত ও মানসম্মত করা যায়। বর্তমানে দেশে কোনো মানসম্মত কেন্দ্র বা যথাযথ প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা নেই।’
এদিকে ধূলিমলিন খনির প্রায় অন্ধকার গহ্বরে কাজ করা মাহদি নামের এক শ্রমিক একটি শাবল দিয়ে পাথর খুঁড়ছেন, আর তার পাশে থাকা সঙ্গী হাতুড়ি দিয়ে পাথরের গায়ে আঘাত করছেন। আধুনিক সরঞ্জামের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
খননকাজ থেকে সামান্য বিরতি নিয়ে মাহদি বলেন, ‘উন্নত যন্ত্রপাতি না থাকায় আমাদের বহু সমস্যার মুখে পড়তে হচ্ছে। আমরা কেবল বেলচা, কোদাল, ড্রিল মেশিনের মতো সাধারণ সরঞ্জাম দিয়ে কাজ করছি।’
খনি কর্মকর্তা রেজাই জানান, শ্রমিকদের যথাযথ যন্ত্রপাতি প্রয়োজন, যা তাদের কাজকে আরও সহজ ও নিরাপদ করবে এবং পেশাদার পদ্ধতিতে খনিজ উত্তোলনে সহায়তা করবে। তিনি বলেন, এটি আফগানিস্তানের জনগণ এবং বিশেষ করে খনিশ্রমিকদের জন্য কল্যাণ বয়ে আনবে।
তিনি আরও সতর্ক করে বলেন, ‘এই অঞ্চলটি ভূমিধস, তুষারধস, আকস্মিক বন্যা এবং পাথর ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। এখানকার মানুষ অত্যন্ত বিপজ্জনক ও কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছেন।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.