আপনি পড়ছেন

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে রাজনৈতিক দল আরশোলা জনতা পার্টির (সিজেপি) পূর্বনির্ধারিত একটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ও পরিবহন বিধিনিষেধ জারি করা হয়েছে। এই কর্মসূচির আগে রাজধানীর বিভিন্ন অংশে ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট স্থগিত, ৫৭টি মেট্রো স্টেশনে প্রবেশাধিকার সীমিত এবং কয়েক ডজন দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। শনিবারের (১০ অক্টোবর) এই বিক্ষোভ সমাবেশের জন্য শহরজুড়ে ২৩ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে বলে ধারণা করা হচ্ছে।

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট বন্ধ ও মেট্রো চলাচলে কড়াকড়ি
দিল্লিতে বিক্ষোভের আগে কড়া নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও নিরাপত্তাবাহিনী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দেয় সিজেপি। তবে আগের একটি কর্মসূচিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করার কথা উল্লেখ করে এই বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। জননিরাপত্তা এবং সংবেদনশীল এলাকার দিকে বিক্ষোভকারীদের অগ্রসর হওয়ার আশঙ্কার কথা জানিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়, যার ফলে রাজধানীজুড়ে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় অচলাবস্থা তৈরি হয়েছে।

জনপথ ও কর্তব্য পথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এই নির্দেশ কার্যকর করতে টেলিযোগাযোগ অপারেটর এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, জিও এবং এমটিএনএলকে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের একটি অনুরোধ বিবেচনার পর 'টেলিকমিউনিকেশনস (সাময়িক সেবা স্থগিতকরণ) বিধিমালা, ২০২৪' এবং 'টেলিকমিউনিকেশনস আইন, ২০২৩'-এর অধীনে এই নির্দেশ দেওয়া হয়।

এর আগে সুপ্রিম কোর্ট দিল্লির মেট্রো সেবা ও দূরপাল্লার ট্রেন চলাচলে বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেছিলেন, ‘একটি মাছি মারতে কর্তৃপক্ষ কোনোভাবেই হাতুড়ি ব্যবহার করতে পারে না।’ এর আগে জুলাই মাসে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে যন্তর মন্তরে সিজেপির একই ধরনের বিক্ষোভের সময়ও ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। সে সময় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ইন্টারনেট সেবা স্থগিত করায় বিক্ষোভকারী ও সাংবাদিকদের ভিডিও আপলোড ব্যাহত হয় এবং গণমাধ্যমের সংবাদ প্রচারে বিলম্ব ঘটে।

বিক্ষোভের কারণে সংবেদনশীল এলাকার দিকে ভিড় নিয়ন্ত্রণ করতে ৫৭টি মেট্রো স্টেশনে চলাচলে বিধিনিষেধের ঘোষণা দিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী, শুক্রবার রাত ৯টা থেকে সংশ্লিষ্ট স্টেশনগুলোর প্রবেশ ও বাহিরের ফটক বন্ধ রাখা হবে। এছাড়া এসব স্টেশনের ওপর দিয়ে যাওয়া ট্রেনগুলোর চলাচলের সংখ্যাও কমিয়ে আনা হতে পারে।

আক্রান্ত হওয়া প্রধান স্টেশনগুলোর মধ্যে রয়েছে রাজীব চক, কেন্দ্রীয় সচিবালয়, নয়াদিল্লি, প্যাটেল চক, জনপথ, মান্ডি হাউস, বারখাম্বা রোড, আইটিও, দিল্লি গেট, খান মার্কেট, লোক কল্যাণ মার্গ, উদ্যোগ ভবন, কাশ্মীরি গেট, হাউজ খাস, আইএনএ এবং লাজপত নগর। এই বিধিনিষেধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সংযোগ স্টেশন ও রুটগুলো ব্যবহারকারী সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন। যাত্রীদের ভ্রমণের আগে ট্রেন চলাচলের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

রেল পরিষেবাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ও শনিবারের মধ্যে রাজধানীতে পৌঁছানোর নির্ধারিত ৬১টি ট্রেন বাতিল করা হয়েছে। তবে ঘোষিত পরিসংখ্যানে শুক্রবার ৪০টি এবং শনিবার ২০টি ট্রেন বাতিলের তথ্য দেওয়া হয়, যা মোট ৬০টি ট্রেন নির্দেশ করে। এসব ট্রেন নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা ছিল। শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে পৌঁছানোর সূচি থাকা ট্রেনগুলো তাদের ছাড়ার স্টেশন থেকেই বাতিল করা হয়। যাত্রীদের স্টেশনে রওনা দেওয়ার আগে ট্রেনের বর্তমান অবস্থা যাচাইয়ের অনুরোধ করা হয়েছে।

রাজধানীজুড়ে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ, যেখানে ২৩ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দিল্লি পুলিশকে দেওয়া ১১০টি কোম্পানির পাশাপাশি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সিএপিএফ) আরও ২২১টি কোম্পানি মোতায়েনের অনুমোদন দিয়েছে। এই মোতায়েনের মধ্যে রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৮৫টি কোম্পানি, সশস্ত্র সীমা বলের (এসএসবি) ১০টি কোম্পানি, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) সাতটি কোম্পানি, র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সাতটি কোম্পানি এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) একটি কোম্পানি।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বহুস্তরীয় ব্যারিকেড এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে ক্লোজড-সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। কর্মকর্তারা জানান, রাজধানীর বিভিন্ন স্থানে স্বয়ংক্রিয় মুখমণ্ডল শনাক্তকরণ ক্যামেরা স্থাপন করা হবে। বিক্ষোভ চলাকালে উত্তর প্রদেশ ও হরিয়ানাসহ প্রতিবেশী রাজ্যগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সিজেপির এই বিক্ষোভের আনুষ্ঠানিক অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তারা জানায়, আয়োজকরা বাধ্যতামূলক ১০ দিন আগে নোটিশ দিতে ব্যর্থ হয়েছেন। আগের বিক্ষোভের সময় নির্ধারিত নির্দেশিকা লঙ্ঘনের কথা উল্লেখ করে পুলিশ জানায়, জননিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্য দিল্লির কিছু এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করা হয়েছে। পুলিশ সতর্ক করে দিয়ে বলেছে, বিধিনিষেধ লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে যন্তর মন্তর এবং নয়াদিল্লি জেলার মতো সংবেদনশীল এলাকার দিকে বিক্ষোভকারীদের সম্ভাব্য পদযাত্রার বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.