আপনি পড়ছেন

ইসরায়েলের আসন্ন নেসেট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছে দেশটির আরব রাজনৈতিক দলগুলো। যৌথ তালিকা (জয়েন্ট লিস্ট) জোটের মাধ্যমে এই লক্ষ্য অর্জনে তারা আরব ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার উত্তরাঞ্চলীয় হাইফা শহরে এক সংবাদ সম্মেলনে দলগুলোর নেতারা এই ঘোষণা দেন।

নেতানিয়াহুকে হটাতে একাট্টা ইসরায়েলের আরব নেতারা
ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণার একটি বিলবোর্ড

সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, নির্বাচনে আরব নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থি জোটের পক্ষে পুনরায় সরকার গঠন করা ঠেকানো সম্ভব হবে। তবে একটি বিকল্প সরকার তাদের সব আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ করতে পারবে না বলেও স্বীকার করেন তারা।

হাইফায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে যৌথ তালিকার নেতা এবং ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটির (হাদাশ) প্রধান ইউসেফ জাবারিন, জোটের সংসদীয় ব্লকের চেয়ারম্যান ও আরব মুভমেন্ট ফর চেঞ্জের (তা'আল) নেতা আহমদ তিবি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাসেম্বলি (বালাদ) দলের নেতা সামি আবু শেহাদেহ উপস্থিত ছিলেন। মূলত এই তিনটি দল নিয়েই যৌথ তালিকা জোট গঠিত।

ইসরায়েলের ১ কোটিরও বেশি জনসংখ্যার মধ্যে প্রায় ২০ শতাংশই দেশটির আরব নাগরিক।

ভোটার উপস্থিতি বাড়িয়ে নেতানিয়াহুর অপসারণ নিশ্চিতের ডাক
ইউসেফ জাবারিন জানান, জনমত জরিপে তাদের জোট শক্ত অবস্থান তৈরি করছে এবং তারা ২৭ অক্টোবরের নির্বাচনে ‘১০টি বা তার বেশি আসন’ পাওয়ার আশা করছেন।

তিনি বলেন, ‘আমাদের আরব সম্প্রদায়ের মধ্যে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেলেই নেতানিয়াহু সরকারের পতন নিশ্চিত হবে।’

আরব নাগরিক ও ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে প্রভাবশালী সংস্থা ও সরকারগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করে জোটের আন্তর্জাতিক তৎপরতা জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি।

জাবারিন বলেন, ‘আমরা চাই সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে আমাদের জনগণের জন্য এই যৌথ তালিকা একটি সুরক্ষাবলয় হোক। পাশাপাশি বাড়িঘর ভেঙে ফেলার নীতির বিরুদ্ধে এবং সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে আমাদের তরুণ-তরুণীদের একটি মর্যাদাপূর্ণ ও নিরাপদ ভবিষ্যতের অধিকার রক্ষায় এই জোট সুরক্ষাবলয় হিসেবে কাজ করবে।’

জেরুজালেমের আল-আকসা মসজিদ, গির্জা ও ধর্মযাজকদের ওপর হামলার বিরুদ্ধে সুরক্ষার আহ্বান জানান জাবারিন। তিনি আরও বলেন, কট্টর ডানপন্থি সরকারের কোনো বিকল্প তৈরি করতে চাইলে যে কাউকেই এসব ইস্যুতে এই জোটের সঙ্গে আলোচনা করতে হবে।

‘মন্দের ভালো’ বেছে নেওয়ার অবস্থান
আহমদ তিবি জানান, অন্তর্বর্তীকালীন কোনো সরকারের প্রধানমন্ত্রী হিসেবেও যেন নেতানিয়াহু বহাল থাকতে না পারেন, সে জন্য যৌথ তালিকা কাজ করবে এবং একটি বিকল্প প্রশাসনের পথ তৈরি করতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘আমরা জানি যে কোনো বিকল্প সরকারই আমাদের স্বপ্নের সরকার হবে না, কিন্তু আমরা এখন খারাপ এবং তার চেয়েও খারাপের মধ্যে একটিকে বেছে নেওয়ার বাস্তবতার মুখোমুখি।’

তিনি আরও বলেন, ‘আজ আমাদের প্রধান এবং জরুরি কাজ হলো নেতানিয়াহু, (জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার) বেন-গভির এবং (অর্থমন্ত্রী বেজালেল) স্মোট্রিচের সরকারকে হটিয়ে দেওয়া এবং তাদের ক্ষমতায় টিকে থাকা প্রতিহত করা।’

এই তিন নেতাকে অপসারণের একমাত্র নিশ্চয়তা একটি শক্তিশালী যৌথ তালিকা—এমন মন্তব্য করে তিবি জানান, জনমত জরিপে তাদের জোট ইতোমধ্যে নয়টি আসনে পৌঁছেছে।

আরব ভোটারদের সম্ভাব্য উপস্থিতির হার ধীরে ধীরে বাড়লেও বর্তমান সরকারকে অপসারণ করার জন্য তা এখনো যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন।

জরিপের পরিবর্তিত ফলাফল তুলে ধরে তিবি দাবি করেন, যৌথ তালিকা ছাড়া নেতানিয়াহুকে পরাজিত করা সম্ভব নয়। জোটের অতিরিক্ত আসনকে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের একটি বড় মাধ্যম হিসেবে বর্ণনা করেন তিনি।

কামিনিৎজ আইন বাতিলের লক্ষ্যে অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে নিজেদের প্রস্তুতির কথা জানান তিবি। উল্লেখ্য, এই আইনের মাধ্যমে আরবদের বাড়িঘর উচ্ছেদের প্রক্রিয়া সহজ করা হয়েছে।

তিবি বলেন, ‘আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং এই চরমপন্থি সরকারকে ঝেঁটিয়ে বিদায় করতে চায় এমন সবার প্রতি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। বিকল্প সরকার আমাদের স্বপ্নের মতো না হলেও পরিবর্তনের স্বার্থে আমরা মন্দের ভালোকেই বেছে নিচ্ছি।’

‘একটি শক্তিশালী যৌথ তালিকা’
সামি আবু শেহাদেহ জানান, শ্রমিক, চিকিৎসক, চালক, সাধারণ কর্মচারী এবং শিক্ষার্থীসহ ইসরায়েলের আরব নাগরিকরা প্রতিনিয়ত বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছেন এবং এই ধরনের অন্যায় অবশ্যই বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘এটি সত্যি যে যৌথ তালিকা জরিপে দৃশ্যমান এবং ধারাবাহিক অগ্রগতি করছে, যা ইতিবাচক; কিন্তু এটিই যথেষ্ট নয়। আমরা প্রতিদিন প্রতিটি গ্রাম ও শহরের সাধারণ মানুষের কথা শুনছি এবং প্রত্যেকেই পরিবর্তন চাইছে।’

নেতানিয়াহু, স্মোট্রিচ ও বেন-গভিরের পুনরায় ক্ষমতায় ফেরা ঠেকাতে এবং আরব সম্প্রদায়কে রক্ষা করতে একটি শক্তিশালী ও প্রভাবশালী যৌথ তালিকা থাকা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর জোট এবং ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। তবে ১২০ আসনের নেসেটে সরকার গঠনে প্রয়োজনীয় ৬১টি সংখ্যাগরিষ্ঠ আসনে কোনো পক্ষই পৌঁছাতে পারছে না।

সর্বশেষ জরিপ অনুযায়ী, যৌথ তালিকা জোট নয়টি এবং মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট পাঁচটি আসন পেতে পারে।

বিরোধী দলগুলোর সঙ্গে আরব দলগুলোর সমঝোতা হলে তা নেতানিয়াহুর সরকার গঠন আটকে দিতে পারে। তবে বেশিরভাগ বিরোধী নেতাই এ ধরনের অংশীদারত্ব প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে নেতানিয়াহু এবং আইজেনকোট উভয়ই আরব দলগুলোর সঙ্গে কোনো প্রকার জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

কোনো সরকারকে সমর্থনের ক্ষেত্রে আরব আইনপ্রণেতাদের শর্তগুলোর মধ্যে রয়েছে যুদ্ধ বন্ধ করা, ফিলিস্তিনি জনগণের সঙ্গে একটি রাজনৈতিক সমাধানের পথ উন্মোচন করা এবং ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতি বৈষম্যের অবসান ঘটানো।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.