আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার পূর্ণ অংশগ্রহণে ওয়াশিংটন নানা প্রতিবন্ধকতা তৈরি করছে বলে অভিযোগ করেছে মস্কো। চলতি মাসের শেষের দিকে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই তথ্য জানান।

জি-২০ বৈঠকে অংশ নিতে বাধার অভিযোগ রাশিয়ার
মস্কোয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন

মারিয়া জাখারোভা বলেন, প্রায় দুই মাস আগে রাশিয়া তাদের প্রতিনিধিদলের তালিকা যুক্তরাষ্ট্রের কাছে জমা দিয়েছিল। তবে প্রতিনিধিদলের সদস্যদের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও লজিস্টিক সহায়তা এবং নিশ্চিতকরণ অনুমোদন দেওয়া হয়নি বলে সম্প্রতি মস্কো জানতে পেরেছে। এই পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়েছি এবং এখনো প্রস্তুতি চালিয়ে যাচ্ছি, আমাদের বিশেষজ্ঞরা এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।’

আগামী ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠেয় এই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন জাখারোভা। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডার মায়ামির কাছে ডোরালে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে খাদ্য সরবরাহ, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

জাখারোভা বলেন, ‘আমরা খুব মৃদুভাবে বললেও উদ্বেগের কিছু প্রবণতা লক্ষ্য করছি, যা এই পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।’ রাশিয়া প্রয়োজনীয় সব নথিপত্র এবং তথ্য আগেই জমা দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোনো কিছু জমা দিতে ব্যর্থ হয়েছি, কাগজপত্রে ঘাটতি রয়েছে কিংবা কাউকে কোনো তথ্য দেওয়া হয়নি—এমন কোনো প্রশ্নই ওঠে না।’

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, ডোরালে অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশরীরে উপস্থিত হবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি পুতিনের অংশগ্রহণকে স্বাগত জানাবেন।

এদিকে কাজাখস্তানের নতুন প্রবেশাধিকার নীতিমালার বিষয়ে দেশটির কাছে ব্যাখ্যা চেয়েছে মস্কো। জাখারোভা জানান, কাজাখস্তানের প্রবেশ অনুমতির নতুন বিধিমালার বিষয়ে স্পষ্টীকরণ প্রত্যাশা করে রাশিয়া। এই নিয়ম ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইইউ) সদস্য দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তিনি বলেন, ‘অবশ্যই অভিবাসন আইন উন্নত করার ক্ষেত্রে কাজাখস্তানের সার্বভৌম অধিকারকে আমরা সম্মান জানাই।’ তবে ইএইইউ এবং অন্যান্য আঞ্চলিক কাঠামোর বিদ্যমান আন্তর্জাতিক চুক্তির আলোকে এই নতুন নিয়ম কীভাবে কার্যকর হবে, তা জানার অপেক্ষায় রয়েছে মস্কো। তিনি আরও যোগ করেন, এ ধরনের ব্যাখ্যা নাগরিকদের সময়মতো তথ্য দিতে সাহায্য করবে এবং দুই দেশের মধ্যে ভ্রমণ, কর্মসংস্থান, ব্যবসায়িক যোগাযোগ ও মানবিক সম্পর্ক সহজতর করবে।

কাজাখ সরকার ২০২৭ সালের ১ জুলাই থেকে রুশ নাগরিক এবং অন্যান্য ভিসা-মুক্ত দেশের নাগরিকদের জন্য ইলেকট্রনিক প্রবেশ অনুমতিপত্র চালুর নিয়ম অনুমোদন করেছে। এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এবং সীমান্ত অতিক্রমের অন্তত ৭২ ঘণ্টা আগে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৭ সালের ১ জুলাই পর্যন্ত অনুমতিপত্র না থাকলেও প্রবেশে বাধা দেওয়া হবে না, তবে সীমান্ত কর্মকর্তারা বিষয়টি মনে করিয়ে দেবেন। পরবর্তীতে ২০২৭ সালের ১ জুলাই থেকে এটি বাধ্যতামূলক করা হবে।

ব্রিফিংয়ে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় ড্রোন প্রবেশের ঘটনায় দেশ দুটির প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন জাখারোভা। তিনি জানান, এই ঘটনার প্রেক্ষিতে ওয়ারশ ও ভিলনিউসের প্রতিক্রিয়া কী হয়, তা পর্যবেক্ষণ করছে মস্কো।

তিনি কিছুটা কটাক্ষের সুরে ইউক্রেনকে জবাব দেওয়ার কয়েকটি উপায় প্রস্তাব করেন। যার মধ্যে কূটনৈতিক মিশন বন্ধ করা, ইউক্রেনীয় কূটনীতিকদের বহিষ্কার করা, আনুষ্ঠানিক প্রতিবাদের জন্য ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করা কিংবা দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্যাকেজ তৈরি করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, এখানে কেবল ইউক্রেনীয় হাউস বন্ধ করে দিলেই দায়িত্ব শেষ হবে না।’

এর আগে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ইউক্রেনীয় ড্রোন কীভাবে তাদের আকাশসীমা অতিক্রম করে লিথুয়ানিয়ায় গিয়ে বিস্ফোরিত হলো, সে বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেন। লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্টাস কাউনাস গত ১৮ অক্টোবর জানান, আকাশপথে সতর্কতা জারি করা ওই ড্রোনটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের হামলার সঙ্গে যুক্ত ছিল। লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী মিন্ডাউগাস সিনকেভিসিয়াস জানান, বিস্ফোরকবাহী ড্রোনটি ইউক্রেনীয় ভূখণ্ড থেকেই উড়ে এসেছিল।

তবে উত্তর লিথুয়ানিয়ায় বিধ্বস্ত ড্রোনটির গতিপথ নিয়ে ভিলনিউস ও ওয়ারশর মধ্যে মতভেদ রয়েছে। লিথুয়ানিয়া দাবি করেছে, ড্রোনটি ইউক্রেনীয় ছিল এবং সেন্ট পিটার্সবার্গে হামলার সময় রুশ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে এটি দিকভ্রষ্ট হয়ে পোল্যান্ড হয়ে তাদের আকাশসীমায় প্রবেশ করে। অন্যদিকে পোলিশ গণমাধ্যম দাবি করেছে, ড্রোনটি পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে খোদ লিথুয়ানিয়ার ভূখণ্ড থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.