জেলেনস্কি: ট্রাম্পের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ব্যক্তিগত বিরোধ নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো কিংবা মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে পুতিন আরও শক্তিশালী হয়ে উঠবেন বলে সতর্ক করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। এতে ইউক্রেনের অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, ট্রাম্প আবারও রাশিয়ার পক্ষ নিয়েছেন।
রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন রাখার প্রচেষ্টার মধ্যে দেশটির জ্বালানি কেনার চুক্তি ঘোষণার পর ট্রাম্পের সমালোচনা করে জেলেনস্কি বলেছিলেন, ট্রাম্প ইতিহাসের ভুল পক্ষে রয়েছেন। পরে রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করেন ট্রাম্প। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন তার নিজ দলের সদস্যরাও। এদিকে ইলন মাস্ক পরিচালিত স্টারলিংক সেবা ব্যবহারের ক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর প্রবেশাধিকারও সীমিত করা হয়।
বৃহস্পতিবার কিয়েভ থেকে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি অবশ্য সমঝোতামূলক সুরে কথা বলেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে উত্তেজনার বিষয়টি ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তবে পুতিন যুদ্ধ বন্ধ করতে চান না বলেও সতর্ক করেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘পুতিনের বিষয়ে আমার অবস্থান খুবই স্পষ্ট। আমার মনে হয়, আমরা যদি নিষেধাজ্ঞা তুলে নিই, তাহলে তাকে আরও শক্তিশালী করে তুলব। ট্রাম্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই। আর অবশ্যই আমি যেকোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিরোধী।’
সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন ট্রাম্পের দূতেরা। গত বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দেশটির প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ৭৪ বছর বয়সী মার্কিন বন্দি স্টিফেন হাবার্ডকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের জন্য পুতিনকে ‘মানবিক’ ব্যক্তি হিসেবে বর্ণনা করে বিতর্কের জন্ম দেন উইটকফ। এর এক দিন আগে নরওয়েতে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।
বুধবার সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সের এক প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হলে হাবার্ডের মুক্তি সম্ভব হতো না। তিনি বলেন, ‘তার কথা ভুলে যেতে পারতেন। তাকে আর কখনো দেখতে পেতেন না। তিনি আবার ২৫ বছরের জন্য কারাগারে থাকতেন।’
ট্রাম্প আরও বলেন, নিষেধাজ্ঞা কঠোর করা হলে ইউক্রেন যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতো। তার ভাষায়, ‘আপনি যখন কোনো চুক্তির কাছাকাছি থাকেন এবং সংবেদনশীল আলোচনা চলে, তখন নিষেধাজ্ঞা আরোপ করেন না।’
নরওয়ের রাজধানী অসলোতে উইটকফের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে পুতিন শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক কি না, তা নিয়ে তার সংশয় রয়েছে। উইটকফের সফরের পর পুতিন নভেম্বরে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। জেলেনস্কি বলেন, ‘পুতিন খেলছেন, বুঝতেই পারছেন, তিনি একজন খেলোয়াড়।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.