লাতিন আমেরিকার বৃহত্তম দেশে ক্ষমতার লড়াই: লুলা কি পারবেন বলসোনারোকে ঠেকাতে?
লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের মসনদ কার হাতে যাচ্ছে, তা নির্ধারণে চরম রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন দেশটির নাগরিকেরা। রোববার অনুষ্ঠিত হতে যাওয়া এই রান-অফ নির্বাচনে দেশটির বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মুখোমুখি হচ্ছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। এই নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে ব্রাজিল কি বামপন্থী ধারায় অটল থাকবে, নাকি কট্টর ডানপন্থী শিবিরে যুক্ত হবে।

এর আগে ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম পর্বের নির্বাচনে অভাবনীয় সাফল্য দেখান ৪৫ বছর বয়সী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি মোট প্রদত্ত বৈধ ভোটের ৪৭ দশমিক শূন্য ৩ শতাংশ (৫ কোটি ৬১ লাখ ভোট) পেয়ে সবাইকে চমকে দেন। বিপরীতে ৮০ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা পান ৪৫ দশমিক ১৬ শতাংশ (৫ কোটি ৩৯ লাখ ভোট)। কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় লড়াই গড়ায় রান-অফে। একই সঙ্গে অনুষ্ঠিত কংগ্রেস ও সিনেট নির্বাচনেও ডানপন্থীরা উল্লেখযোগ্য সাফল্য লাভ করে।
প্রথম পর্বের পর দুই প্রার্থীর ব্যবধান কমে এসেছে এবং সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে, উভয় প্রার্থীর মধ্যেই এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে রোববারের চূড়ান্ত ভোটে লুলা প্রথম পর্বের ঘাটতি পুষিয়ে জয় ছিনিয়ে আনতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা।
নির্বাচনের আগে ১৮ অক্টোবর সাও পাওলোতে অনুষ্ঠিত এক টেলিভিশন বিতর্কে দুই প্রার্থীর মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়। সেখানে দেশের অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ফ্লাভিও দাবি করেন, ব্রাজিলের কারাগারগুলোর বন্দীদের ৭৩ শতাংশই লুলাকে ভোট দিয়েছেন। এই খোঁচার জবাবে লুলা তৎক্ষণাৎ বলেন, ‘আমি শতভাগ চাই। এমনকি আপনার বাবার ভোটও।’
উল্লেখ্য, ফ্লাভিওর পিতা ব্রাজিলের সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজিত হন। পরবর্তীতে নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে তিনি নিজ বাড়িতে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০২৩ সালে লুলার শপথের এক সপ্তাহ পর বলসোনারোর সমর্থকরা ব্রাসিলিয়ার প্রেসিডেন্সিয়াল প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছিল।
টেলিভিশন বিতর্কে ফ্লাভিও ব্রাজিলকে ‘পুনর্গণতান্ত্রিক’ করার অঙ্গীকার করেন এবং বলেন, তিনি লুলাকে অবসরে পাঠাবেন। ব্রাজিলে অপরাধ দমনে তিনি সশস্ত্র অপরাধী দলগুলোকে ‘মাদক সন্ত্রাসী’ হিসেবে গণ্য করার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ জোটে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের পাশাপাশি ব্রাজিলকেও যুক্ত করার প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি বেসামরিক নাগরিকদের অস্ত্র ব্যবহারের সুযোগ সহজ করা, কারাগারে পাঁচ লাখ নতুন বন্দীর জায়গা তৈরি এবং অপরাধের জন্য বিচারের বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ বছরে নামানোর ঘোষণা দেন। দরিদ্র ভোটারদের জন্য তিনি একটি ‘সমৃদ্ধি মন্ত্রণালয়’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন, যার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা চালুর জন্য ঋণ ও প্রশিক্ষণ দেওয়া হবে।
অন্যদিকে চতুর্থ মেয়াদে নির্বাচিত হতে চাওয়া প্রবীণ নেতা লুলা দা সিলভা তার সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর ভরসা রাখছেন। পূর্বে দেশ পরিচালনায় তার ব্যাপক জনপ্রিয়তা এবং দারিদ্র্য বিমোচনে নেওয়া বিভিন্ন কর্মসূচি এবারও তাকে জয় এনে দেবে বলে তার সমর্থকেরা মনে করছেন।
রোববারের এই নির্বাচন শুধুমাত্র ব্রাজিলের নেতৃত্বই নির্ধারণ করবে না, বরং সমগ্র লাতিন আমেরিকায় সাম্প্রতিক সময়ে জোরদার হওয়া ডানপন্থী রাজনৈতিক ধারার ক্ষেত্রেও একটি বড় নির্ণায়ক হয়ে দাঁড়াবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.