সেনা উদ্ধারে হাইতিতে এল সালভাদরের বিশেষ বাহিনী
হাইতিতে সশস্ত্র অপরাধী চক্রের হাতে অপহৃত চার সেনাসদস্যকে উদ্ধারে দেশটিতে বিশেষ বাহিনী পাঠিয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। আন্তর্জাতিক সতর্কতা ও অভিযানের চরম ঝুঁকি উপেক্ষা করে সেনাদের নিরাপদে ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নিয়েছে সালভাদরীয় কর্তৃপক্ষ। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকলে অভিযানের ঝুঁকি সংক্রান্ত সতর্কবার্তা প্রত্যাখ্যান করে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

নিরাপত্তা সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ সেনাদের তল্লাশি অভিযানে সহায়তার জন্য প্রায় ২০০ সালভাদরীয় সেনা বৃহস্পতিবার ও শুক্রবার পোর্ট-অ-প্রিন্সে পৌঁছেছে। রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উপকণ্ঠে প্লেইন দু কুল-দে-স্যাক এলাকায় চলমান তল্লাশি ও নিরাপত্তা অভিযানে সহায়তার জন্য বৃহস্পতিবার সালভাদরের একটি সেনাদল পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ সমর্থিত গ্যাং সাপ্রেশন ফোর্স (জিএসএফ)।
জিএসএফ জানিয়েছে, হাইতি ন্যাশনাল পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা অংশীদারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এই বাহিনী। একই সঙ্গে অভিযানের আওতাভুক্ত এলাকাগুলো এড়িয়ে চলার জন্য সান্তো ও এর আশপাশের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
পোর্ট-অ-প্রিন্সের কাছে ক্রোয়া-দে-বুকে কমিউনের সান্তো এলাকায় রবিবার সশস্ত্র ব্যক্তিদের হামলার পর সালভাদরের চার এভিয়েশন টেকনিশিয়ান নিখোঁজ হন। অস্ত্রধারীরা তাদের সাঁজোয়া যানে অতর্কিত গুলি চালায় এবং বিস্ফোরক ব্যবহার করে সেটিতে আগুন ধরিয়ে দেয়। আক্রান্ত সদস্যরা জ্বলন্ত যান থেকে প্রাণে বাঁচতে বের হয়ে এলেও এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
হাইতির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ওই চারজনকে অপহরণ করা হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। এর আগে বুধবার একটি সামরিক উদ্ধার অভিযানের ঘোষণা দেন প্রেসিডেন্ট বুকলে। চার সেনাকে অক্ষত ও জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, তাদের কোনো ক্ষতি হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।
প্রেসিডেন্ট জানান, নিখোঁজ ব্যক্তিরা সরাসরি লড়াইয়ে যুক্ত নন, বরং তারা এভিয়েশন টেকনিশিয়ান এবং তাদের মূল দায়িত্ব ছিল চিকিৎসাজনিত জরুরি সরিয়ে নেওয়া সংক্রান্ত কাজ পরিচালনা করা।
তার এই কড়া বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে হাইতির গ্যাং জোট ‘ভিভ আনসানম’-এর সহযোগী দল ‘৪০০ মাওজো’-এর প্রধান উইলসন জোসেফ, যিনি ‘লানমো সান জু’ নামে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বিপুল গোলাবারুদ প্রদর্শন করে বুকলেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন জোসেফ। তিনি পালিয়ে যাবেন না এবং সালভাদরের বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছেন বলে জানান। তবে এখনো পর্যন্ত কোনো সশস্ত্র দল আনুষ্ঠানিকভাবে এই অপহরণের দায় স্বীকার করেনি।
শুক্রবার হাইতির ভারী অস্ত্রসজ্জিত অপরাধী চক্রগুলোর শক্তিমত্তা সংক্রান্ত সতর্কবার্তা উড়িয়ে দেন বুকলে। অনেকে সতর্ক করেছিলেন যে হাইতির দলগুলো সালভাদরের অভ্যন্তরীণ গ্যাংগুলোর চেয়ে অনেক বেশি বিপজ্জনক ও বড় চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বুকলে লেখেন, ‘কিন্তু ঈশ্বর যখন আমাদের বিজয় দেবেন, তখন আজকে যারা এসব কথা বলছে তারা নিজেদের সুর পাল্টে ফেলবে।’
হাইতির গ্যাংগুলোকে ‘শয়তানের অনুসারী’ হিসেবে বর্ণনা করে তাদের বিরুদ্ধে মানববলির অভিযোগও তোলেন বুকলে। তবে এই গুরুতর অভিযোগের সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
হাইতিতে নিরাপত্তা পুনরুদ্ধারে স্থানীয় পুলিশকে সহায়তার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র চক্রগুলোর সংঘাত যখন তীব্র আকার ধারণ করছে, ঠিক তখনই সালভাদরের এই সেনাবহর সেখানে উপস্থিত হলো। কয়েক বছর ধরে হাইতিতে অপরাধী চক্রের সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে। সশস্ত্র গোষ্ঠীগুলো পোর্ট-অ-প্রিন্সের বড় অংশ নিয়ন্ত্রণে নেওয়ার পর আশেপাশের অঞ্চলগুলোতেও তাদের আধিপত্য বিস্তার করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দীর্ঘস্থায়ী এই সহিংসতার কারণে প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মানবিক সংকটকে চরম আকার দিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.